ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেখ হাসিনাকে ফিরতে হলে আইনি প্রক্রিয়ায় আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক


শেখ হাসিনাকে ফিরতে হলে আইনি প্রক্রিয়ায় আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসতে চান, তাহলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ করতে হবে।

তিনি উল্লেখ করেন, চোরাগোপ্তা পথে কিংবা সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশে ফেরার চেষ্টা সফল হবে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। তিনি চাইলে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হতে পারেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক। হত্যা, সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। পার্টির কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলমের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতা আকবর খান সাইফুল ইসলাম ও তুহিন রহমানও বক্তৃতা করেন।

আরও পড়ুন: ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬

সমাবেশে সাইফুল হক বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইসিটি মামলায় আত্মপক্ষ সমর্থন ও আত্মসমর্পণের সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। এখন ফিরতে হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করতে হবে।

ভারত সরকারের উদ্দেশ্যে সাইফুল হক বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে বাংলাদেশে যেসব সন্ত্রাসী তৎপরতা চলছে, সে বিষয়ে ভারত সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সমমর্যাদার সম্পর্কের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নেওয়া একজন সাবেক সরকারপ্রধানের রাজনৈতিক ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। ভারত সত্যিকার অর্থে বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে আইন মেনে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যেন শুধু প্রচারে সীমাবদ্ধ না থাকে। জনগণের সব শ্রেণি-পেশার মানুষকে আস্থায় নিয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়, গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতা আগামী শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ডিএনসিসি কর্তৃপক্ষ নগরবাসীকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

ডিএনসিসি থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে উৎসবমুখর করতে নগরবাসীর অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নগরবাসীকে তাদের পরিবার ও পরিজনসহ উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির সমন্বিত উদ্যোগের আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ শৈশব নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন সমস্যা ও অন্যান্য বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাদাত রহমান রাষ্ট্রপতিকে নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করার, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারের জন্য।

রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তিনি তাঁদের আশ্বস্ত করেন।

শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।

শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান। এ বিষয়ে একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়, গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়, গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বঙ্গভবনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সম্পাদক রুশো মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন। সম্পাদক পরিষদের সদস্যগণ বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এ সময় সদস্যগণ একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরো কার্যকর ও নিয়মিত সংযোগ ও সমন্বয়ের ওপর জোর দেন। প্রতিনিধিদল গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম পাহাড়ে শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পুলিশ পেয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, ইতালির তৈরি দুটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র এবং ৩৪ রাউন্ড গুলি। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রায়হান এখনো পলাতক রয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নগরের ২ নম্বর গেটে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

পুলিশ সুপার জানিয়েছেন, গত ২২ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির সুয়াবিলের দুর্গম পাহাড়ে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় একটি টিনের ঘরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তাঁর সহযোগীরা পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যান।

একই দিন সন্ধ্যায় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের বাধার মুখে রায়হান ও তাঁর সহযোগীরা শটগান দিয়ে গুলি ছোড়েন, যার ফলে ছয়জন আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সিএনজিচালক জাবেদ হোসেনকে আটক করেন। পরে পুলিশ রাতভর অভিযান ও তল্লাশি চালায়।

এসপি জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর কালাইয়ারটেক এলাকা থেকে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে বেতুয়ারকুল বড় বিল এলাকায় অভিযান চালিয়ে মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্দন দে-কে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে ছয়জন গ্রেপ্তার হয়েছে।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং হলেও অভিযান অব্যাহত থাকবে।

রায়হানের আত্মসমর্পণের আগ্রহ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়হান একবার ফোন করে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন। তখন তাকে আত্মসমর্পণ করে আদালতে আইনি প্রক্রিয়া মোকাবিলার পরামর্শ দেওয়া হয়, কিন্তু পরে আর যোগাযোগ করেননি।

অভিযানের তথ্য পুলিশের ভেতর থেকে ফাঁস হওয়ার অভিযোগ নাকচ করে এসপি বলেন, সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়াতে নানা কৌশল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। রায়হান এখনো গ্রেপ্তার না হলেও তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%