০৭:৫৮ এম
বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে, এ বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। এই লক্ষ্যে দুদেশের মধ্যে বাণিজ্য প্রচার, আন্তর্জাতিক প্রদর্শনী এবং বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসএবিসিসিআই’র একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন এসএবিসিসিআই’র সভাপতি আশরাফুল হক চৌধুরী।
সাক্ষাৎকালে, প্রতিনিধি দলটি বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য এসএবিসিসিআই’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তারা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএবিসিসিআই’র উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে মন্ত্রণালয়ের নিষ্ঠার সাথে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন বাড়াতে হবে।’
শামা ওবায়েদ ইসলাম সৌদি বাজারে বাংলাদেশের নারী উদ্যোক্তা, সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের প্রসারের ওপরেও গুরুত্ব দেন।
সাক্ষাৎ শেষে, এসএবিসিসিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: ডিসিদের আদলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ইউএনও সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন