০২:৩০ পি.এম
এ বছর শীতকালে নর্ডিক অঞ্চলে বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনে পানির অভাব এবং ইউরোপে গ্যাসের সরবরাহ সীমিত হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে তীব্র শীতের সময় বাতাসের গতি কম থাকলে বিদ্যুতের দাম আরো বৃদ্ধি পেতে পারে। সোমবার ডেনমার্কের জ্বালানি ব্যবসাপ্রতিষ্ঠান মাইন্ড এনার্জি এই তথ্য প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের নর্ডিক জ্বালানি বাজার সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নর্ডিক দেশগুলোতে শীতকালীন জ্বালানি ব্যবহারের মৌসুম শুরু হতে যাচ্ছে। তবে এবারে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্বাভাবিক সময়ের তুলনায় ১১ টেরাওয়াট ঘণ্টা (টিডব্লিউএইচ) কম পানি পাওয়া যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, নর্ডিক অঞ্চলের দক্ষিণের দেশগুলোতে বিদ্যুতের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে।
ইউরোপে গ্যাসের মজুত কম থাকার কারণে বাজারে চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহও কমেছে। এর ফলে নর্ডিক অঞ্চলের বিদ্যুতের দাম এখন ইউরোপের মূল ভূখণ্ডের বাজারের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়েছে।
আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প
বার্তা সংস্থা রয়টার্সকে মাইন্ড এনার্জির গ্রাহক পর্যায়ের জ্বালানি ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার নিকোলাই ক্রেবস জানিয়েছেন, বাতাসের গতি কমে গেলে ডেনমার্ক, দক্ষিণ সুইডেন ও দক্ষিণ নরওয়ের বিদ্যুতের দাম জার্মানির গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভর করে।
দক্ষিণ নরওয়ের এনও২ বিদ্যুৎমূল্য নির্ধারণকারী এলাকায় গত আগস্টের শুরু থেকে প্রতি মেগাওয়াট ঘণ্টা বিদ্যুতের গড় দাম ১৩০ ইউরোর বেশি হয়েছে। ২০২২ সালের জ্বালানি সংকটের পর এটি ওই এলাকার সর্বোচ্চ দাম। অন্যদিকে, ঠান্ডা আবহাওয়া ও বাতাসের গতি কম থাকার কারণে পরের দিনের জন্য নির্ধারিত বিদ্যুতের দাম দক্ষিণ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ২০০ ইউরো ছাড়িয়ে গেছে।
ক্রেবস আরও বলেন, সুইডেনের কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এসব কেন্দ্র বন্ধ থাকায় প্রায় ৩ দশমিক ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যা সুইডেনের মোট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতার প্রায় অর্ধেক।
তিনি উল্লেখ করেন, এসব কেন্দ্র বন্ধ থাকার কারণে বিদ্যুতের নিয়মিত সরবরাহ কমে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কেন্দ্রগুলো কবে চালু হবে, তার ওপর বিদ্যুতের বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। তবে ক্রেবসের মতে, এবারের মূল সমস্যা বিদ্যুতের সরবরাহ নয়, বরং দাম বেড়ে যাওয়ার ঝুঁকি। ২০২২ সালের পরিস্থিতি ছিল ভিন্ন।
আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প
সে সময় রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। একই সময়ে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও সমস্যা দেখা দিয়েছিল। তিনি বলেন, এবারও দীর্ঘ সময় বিদ্যুতের দাম বেশি থাকলে নর্ডিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাড়তি জ্বালানি খরচের চাপ মোকাবেলা করতে হবে। এতে তাদের ব্যবসায়িক ঝুঁকিও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন