০৭:০৪ পি.এম
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই দিল্লি দেশের ওপর নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কখনো থেমে নেই এবং কমরেড মোহাম্মদ তোহা ১৯৭২ সাল থেকেই এই বাস্তবতার উপলব্ধি করেছিলেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে কমরেড মোহাম্মদ তোহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো সক্রিয় রয়েছে। তার দাবি, শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন এবং তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা ঘটাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই
স্মরণসভায় কমরেড তোহার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানোর সাহস তিনি দেখিয়েছিলেন। রামগতির জমিদারি ত্যাগ করে শ্রমজীবী ও কৃষকদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন কমরেড তোহা; পুরান ঢাকা বা গোপীবাগে তাঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে তিনি ত্যাগ ও আত্মোৎসর্গের সেই দৃষ্টান্ত দেখেছেন।
ছাত্রনেতা থাকাকালে কমরেড তোহার সঙ্গে দেখা করার স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা জানান, ছাত্রদল করার কথা জানার পরও তিনি তাঁদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন এবং সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ও বিশ্লেষণ ছিল অসাধারণ। মুরব্বিদের কাছ থেকে শোনা প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পবিত্র কোরআন শরিফের অনেকাংশও তাঁর মুখস্থ ছিল।
বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি না হলে এবং হক সাহেবের মতো অর্থনীতিতে স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি, কমরেড তোহা ও অন্যান্য নিবেদিতপ্রাণ নেতার মধ্যে ঐক্য থাকলে তখনকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেওয়া স্লোগানগুলোর তাৎপর্য এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তাঁরা শিখেছেন সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বক্তব্য ও লেখার মাধ্যমে।
কমরেড তোহা রক্ষীবাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন বলেও জানান রিজভী। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালের সংসদে সদস্য হিসেবে তাঁর বক্তব্য তৎকালীন পত্রপত্রিকায় পড়ে রাজনৈতিক অবস্থান জানতেন বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রিজভী আরও বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছেন। পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা এবং স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সহজ হবে।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন