০৭:১৯ পি.এম
বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়গুণে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিব প্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু প্রশংসা করেই থেমে থাকেননি, ভবিষ্যতে এই অভিনেত্রীর সঙ্গে একই সিনেমায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।
অপি করিম একসময় নিয়মিত অভিনয় করতেন, তবে বর্তমানে পর্দায় খুব বেশি দেখা যায় না। কিন্তু যখনই তিনি কোনো কাজে হাজির হন, তখনই নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন। তাঁর অভিনয়ের প্রশংসা এবার শোনা গেল টালিউডের পরিচিত মুখ শিবপ্রসাদের কণ্ঠে।
সম্প্রতি অপি করিম একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে একটি ভয়েস বার্তা পাঠান শিবপ্রসাদ। ওই বার্তায় তিনি বাংলাদেশের শিল্পীদের প্রতি নিজের বিশেষ ভালো লাগার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: বাঁধন ফিরলেন ফেসবুক অ্যাকাউন্টে, ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে দৃঢ় বার্তা
শিবপ্রসাদ জানান, তাঁর অভিনয়জীবনের শুরুর দিকে ২০০৩ সালে ‘একটি নদীর নাম’ সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ আনন্দের ছিল। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার বিষয়টি শুরু থেকেই তাঁর কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।
পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র দেখতে গিয়ে অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। বিশেষ করে এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা’ সিনেমার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান এই নির্মাতা। নির্ঝরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।
অপি করিমের অভিনয় নিয়ে শিবপ্রসাদের মূল্যায়ন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় তাঁর কাজ দেখে তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন। চরিত্রটিতে অভিনেত্রীর অভিনয় তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে বলেও জানান।
শুধু অভিনয় নয়, অপি করিমের শুদ্ধ বাংলা উচ্চারণও শিবপ্রসাদের নজর কেড়েছে। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর বাংলা বলার ক্ষেত্রে আরও যত্নবান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অপি করিমের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন: চুম্বনপটু ইমরান হাশমির সম্পদের পরিমাণ ১০৫ কোটি টাকা
ভয়েস বার্তার শেষ দিকে অপি করিমকে আরও বেশি অভিনয়ে ফেরার আহ্বান জানান শিবপ্রসাদ। তিনি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ হলে তাঁরা একই সিনেমায় কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁর রয়েছে।
অন্যদিকে, শিবপ্রসাদের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন অপি করিম। গুণী এই নির্মাতার ভালোবাসা ও মূল্যায়নের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসেও সফলতা অর্জন করে।
আরও পড়ুন: জাফনা উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র, জয়া আহসানের ছবিও অন্তর্ভুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন