০৭:১৩ পি.এম
সৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সকলেই বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সাথে জড়িত ছিলেন। চকরিয়া উপজেলা প্রশাসনও নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। প্রশাসন তাদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যা।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নিহতদের সকলের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। তবে উপজেলার কোন ইউনিয়নের কোন গ্রামে তাদের বাড়ি এবং তারা একই এলাকার বাসিন্দা কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর নিহতদের লাশ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, তিনিও মিডিয়ায় বিষয়টি দেখেছেন। তবে অফিসিয়ালি এখনও কিছু জানেন না।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং লাশগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক সূত্র বলছে, সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট নিহতদের তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তারা লাশগুলো দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এমএইচ
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন