ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ট্রাম্প


ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইরানের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না।

সামরিক উত্তেজনা ও আলোচনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বজায় রয়েছে। সোমবার, এক দিন আগে, ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাকচ্যানেল যোগাযোগের দাবি করেন। তবে, আজ মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এমনকি আলোচনার জন্য কোনো সূচিও নির্ধারিত নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না এবং ভবিষ্যতেও কোনো বৈঠক নির্ধারণ করা হয়নি। তিনি উল্লেখ করেন, নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। একই সঙ্গে, তিনি একটি মানচিত্র প্রকাশ করেছেন যাতে হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে, এবং এর মাধ্যমে তেহরানকে ফের কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

ইরান যুদ্ধের কোনো সমাধানের লক্ষণ না থাকার কারণে, ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন।

সোমবার ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অত্যন্ত ইতিবাচক ও সক্রিয় আলোচনা’ হচ্ছে। কিন্তু মঙ্গলবার ট্রাম্প সেই দাবি অকপটে নাকচ করে দেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রই ‘অনুনয়’ করছে। ট্রাম্পের একটি ছবি পোস্ট করার পর তা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে হরমুজ প্রণালিকে ‘নিউ ইউএস টেরিটরি’ হিসেবে দেখানো হয়েছে।

হরমুজ খুলতে ইরানের শর্তও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি খোলা হবে না। ইতিমধ্যে, বিশ্ববাজারে তেলের দাম চলতি বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

আরও পড়ুন: এবার যুক্তরাষ্ট্রকে সাবমেরিন ক্যাবল লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিল ইরান

এদিকে, সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমার বাইরে আঘাত হেনেছে, এবং অন্যটি পড়েছে জলসীমার ভেতরে। কিন্তু, এই অভিযোগ সরাসরি নাকচ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, এমন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরি করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে রেলওয়ের অনুমতি ছাড়া শতবর্ষী বটগাছ কর্তন, আটকের পর ভূমি অফিস থেকে ‘পালিয়ে গেলেন’ আ.লীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব, কিশোরগঞ্জ

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ভৈরবে রেলওয়ের অনুমতি ছাড়া শতবর্ষী বটগাছ কর্তন, আটকের পর ভূমি অফিস থেকে ‘পালিয়ে গেলেন’ আ.লীগ নেতা

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ের কোনো ধরনের অনুমতি না নিয়ে শতবর্ষী একটি প্রাচীন বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হলেও পরবর্তীতে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পৌর শহরের মালগুদাম এলাকার মা অটো রাইস মিলের ভেতর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।


স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবের মালগুদাম এলাকায় বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জমিতে ‘মা অটো রাইস মিল’ অবস্থিত। ওই মিল চত্বরে একটি বিশাল শতবর্ষী বটগাছ ছিল। গত সোমবার থেকে মিলমালিক আব্দুল্লাহ আল মামুন কোনো ধরনের সরকারি বা রেলওয়ের অনুমতি না নিয়েই গাছটি কাটা শুরু করেন। পরদিন মঙ্গলবারও গাছ কাটার কাজ অব্যাহত থাকে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মিয়াকে আটক করে ভৈরব উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। তবে উপস্থিত লোকজনের ফাঁক দিয়ে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ভৈরব রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডাব্লিও) মোয়াজ্জেম শেখ জানান, রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এ সময় গাছের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আরও যাচাই-বাছাইয়ের জন্য ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু তিনি ফাঁক বুঝে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

বিশ্বকাপের অংশীদারিত্বের বেসরকারিকরণের পরিকল্পনার ফলে ক্রমাগত চাপের সম্মুখীন হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার আসন্ন পুনর্নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন তুলে নিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছিল।

মঙ্গলবার, ইসরায়েল ফিফা সভাপতির দায়িত্বে ইনফান্তিনোকে পুনর্নির্বাচনের জন্য সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। আইএফএ সভাপতি মোশে জুয়ারেস ফিফার কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের তথ্য জানান।

ইসরায়েল ১৯৯৪ সাল থেকে উয়েফার সদস্য দেশ। জুয়ারেস নিজেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য। আর এ কারণে, উয়েফার সঙ্গে ফিফার সাম্প্রতিক মতপার্থক্যের প্রেক্ষাপটে ওই সংস্থার এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়।

তবে ইনফান্তিনোর জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রীড়া সম্পর্ক উন্নয়নে ব্যক্তিগতভাবে তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন।

গত এপ্রিলে, ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনো ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদলকে একসঙ্গে ছবি তোলার প্রয়াস করেছিলেন। কিন্তু ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে, এই প্রচেষ্টা সফল হয়নি।

সেখানে থেমে থাকেননি ইনফান্তিনো। আগামী মাসে যুক্তরাষ্ট্রে নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার পরিকল্পনাও তার আছে। এ বিষয়ে জুনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে।

আইএফএর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী ফিফা এবং উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার পদ্ধতির মধ্যে একটি 'অভূতপূর্ব আস্থার সংকট' তৈরি করেছে।

চিঠিতে মোশে জুয়ারেস দাবি করেন, দুই সংস্থার মধ্যে মতপার্থক্য এখন গভীর, মৌলিক এবং নীতিগত স্তরে পৌঁছেছে। আইএফএর বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হয় বলেও জানান তিনি।

জুয়ারেস বলেন, 'আমাদের আগের সমর্থনের চিঠি প্রত্যাহার করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আন্তরিকভাবে আশা করি, সব পক্ষের মধ্যে ফলপ্রসূ সংলাপ শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের জন্য একটি অভিন্ন, সঠিক দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনার দিকে ফিরিয়ে আনবে।'

এর আগে উয়েফার সদস্য রাষ্ট্র ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

তবে এখনো বেশ কিছু শক্তিশালী ফুটবল সংস্থার সমর্থন রয়েছে ইনফান্তিনোর পক্ষে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফসহ বেশ কয়েকটি দেশ তাকে সমর্থনের কথা জানিয়েছে।

এদিকে, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছেন এবং সতর্ক করে বলেন, ইনফান্তিনোকে সরানোর চিন্তা করা মারাত্মক ভুল হবে।

সব মিলিয়ে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। একের পর এক দেশের সমর্থন প্রত্যাহারের ফলে ইনফান্তিনোর ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনাগুলো কতটা প্রভাবিত হয়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসির নামে বক্তব্য প্রচারে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বিএসইসির নামে বক্তব্য প্রচারে সতর্কতা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে বক্তব্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিশেষ করে যে সময় চেয়ারম্যান কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সে সময় তার নামে কোনো বক্তব্য প্রকাশ করা বিভ্রান্তিকর হতে পারে বলেও জানিয়েছে বিএসইসি।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বিএসইসি চেয়ারম্যানের নামে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারি সহ বিভিন্ন বিষয়ের বক্তব্য প্রকাশ করা হয়েছে।

এই বিষয়ে বিএসইসি জানায়, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই।

সংবাদমাধ্যমের নিজেদের প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিকর।

কমিশন জানায়, ওই প্রতিবেদনটির কারণে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার করে বক্তব্যগুলোকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। এতে চেয়ারম্যান এবং কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। একই সঙ্গে পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

বিএসইসি বলছে, পুঁজিবাজারের মতো একটি সংবেদনশীল খাতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা প্রয়োজন। কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

এ প্রসঙ্গে, সব সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার আহ্বান জানিয়েছে কমিশন। কমিশনের সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান অথবা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যে, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যের উৎস ও সত্যতা যাচাই করতে বিনিয়োগকারীদের অনুরোধ করছে কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে একটি বৈঠক করেছেন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শ্রম সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা, এছাড়াও দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসা করেন।

এছাড়া, বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%