ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল


এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

বিশ্বকাপের অংশীদারিত্বের বেসরকারিকরণের পরিকল্পনার ফলে ক্রমাগত চাপের সম্মুখীন হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার আসন্ন পুনর্নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন তুলে নিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছিল।

মঙ্গলবার, ইসরায়েল ফিফা সভাপতির দায়িত্বে ইনফান্তিনোকে পুনর্নির্বাচনের জন্য সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। আইএফএ সভাপতি মোশে জুয়ারেস ফিফার কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের তথ্য জানান।

ইসরায়েল ১৯৯৪ সাল থেকে উয়েফার সদস্য দেশ। জুয়ারেস নিজেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য। আর এ কারণে, উয়েফার সঙ্গে ফিফার সাম্প্রতিক মতপার্থক্যের প্রেক্ষাপটে ওই সংস্থার এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়।

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

তবে ইনফান্তিনোর জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রীড়া সম্পর্ক উন্নয়নে ব্যক্তিগতভাবে তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন।

গত এপ্রিলে, ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনো ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদলকে একসঙ্গে ছবি তোলার প্রয়াস করেছিলেন। কিন্তু ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে, এই প্রচেষ্টা সফল হয়নি।

সেখানে থেমে থাকেননি ইনফান্তিনো। আগামী মাসে যুক্তরাষ্ট্রে নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার পরিকল্পনাও তার আছে। এ বিষয়ে জুনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে।

আইএফএর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী ফিফা এবং উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার পদ্ধতির মধ্যে একটি 'অভূতপূর্ব আস্থার সংকট' তৈরি করেছে।

আরও পড়ুন: পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত, আহত ছয় ইসরায়েলি সেনা

চিঠিতে মোশে জুয়ারেস দাবি করেন, দুই সংস্থার মধ্যে মতপার্থক্য এখন গভীর, মৌলিক এবং নীতিগত স্তরে পৌঁছেছে। আইএফএর বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হয় বলেও জানান তিনি।

জুয়ারেস বলেন, 'আমাদের আগের সমর্থনের চিঠি প্রত্যাহার করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আন্তরিকভাবে আশা করি, সব পক্ষের মধ্যে ফলপ্রসূ সংলাপ শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের জন্য একটি অভিন্ন, সঠিক দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনার দিকে ফিরিয়ে আনবে।'

এর আগে উয়েফার সদস্য রাষ্ট্র ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

তবে এখনো বেশ কিছু শক্তিশালী ফুটবল সংস্থার সমর্থন রয়েছে ইনফান্তিনোর পক্ষে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফসহ বেশ কয়েকটি দেশ তাকে সমর্থনের কথা জানিয়েছে।

আরও পড়ুন: তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাজধানী উত্তাল বিক্ষোভে

এদিকে, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছেন এবং সতর্ক করে বলেন, ইনফান্তিনোকে সরানোর চিন্তা করা মারাত্মক ভুল হবে।

সব মিলিয়ে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। একের পর এক দেশের সমর্থন প্রত্যাহারের ফলে ইনফান্তিনোর ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনাগুলো কতটা প্রভাবিত হয়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসির নামে বক্তব্য প্রচারে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বিএসইসির নামে বক্তব্য প্রচারে সতর্কতা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে বক্তব্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিশেষ করে যে সময় চেয়ারম্যান কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সে সময় তার নামে কোনো বক্তব্য প্রকাশ করা বিভ্রান্তিকর হতে পারে বলেও জানিয়েছে বিএসইসি।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বিএসইসি চেয়ারম্যানের নামে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারি সহ বিভিন্ন বিষয়ের বক্তব্য প্রকাশ করা হয়েছে।

এই বিষয়ে বিএসইসি জানায়, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই।

সংবাদমাধ্যমের নিজেদের প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিকর।

কমিশন জানায়, ওই প্রতিবেদনটির কারণে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার করে বক্তব্যগুলোকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। এতে চেয়ারম্যান এবং কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। একই সঙ্গে পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

বিএসইসি বলছে, পুঁজিবাজারের মতো একটি সংবেদনশীল খাতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা প্রয়োজন। কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

এ প্রসঙ্গে, সব সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার আহ্বান জানিয়েছে কমিশন। কমিশনের সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান অথবা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যে, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যের উৎস ও সত্যতা যাচাই করতে বিনিয়োগকারীদের অনুরোধ করছে কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে একটি বৈঠক করেছেন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শ্রম সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা, এছাড়াও দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসা করেন।

এছাড়া, বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের মায়ের মৃত্যু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম মাকে হারিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তার মা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

শফিউল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। শফিউল লিখেছেন, "মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"

বাংলাদেশের হয়ে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই ডানহাতি পেসার। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ১০৭টি।

শফিউলের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক ম্যাচটি। ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের পরাজয়ের শঙ্কা যখন দেখা দিয়েছিল, তখন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ২৪ বলে ২৪ রান করেছিলেন শফিউল। বাংলাদেশ ম্যাচটি ২ উইকেটে জিতেছিল।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পরে চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল ইসলাম। এখন ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে মাকে হারিয়ে শোকাহত সাবেক এই টাইগার পেসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সন্তোষজনক। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে।

গতকাল কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এই কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুতও বেশি। সারের কৃত্রিম সংকটের কথা বলে যারা বিভ্রান্তি তৈরি করছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

কৃষি খাতের উন্নয়ন ও সরকারের বিভিন্ন লক্ষ্যমাত্রার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, প্রতি মাসে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ কৃষকের মধ্যে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। ইতোমধ্যে পাইলট পর্যায়ে প্রায় ১৪ লাখ কৃষকের ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, গত ছয় মাসে ২৫ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ২৪ লাখ ১৮ হাজারের বেশি চারা রোপণ করা সম্ভব হয়েছে। একই সময়ে ৪৭৮ দশমিক ৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৭৫ দশমিক ৬১ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।

পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে নষ্ট হতো। বর্তমানে প্রযুক্তির কল্যাণে ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের অবকাঠামোগত সুবিধা তৈরি করা হবে।’

কৃষিভিত্তিক দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যের কথা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে কোনো কৃষিপণ্য যেন বাইরে থেকে আমদানি করতে না হয়। সে লক্ষ্যে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, পাটবীজ, পেঁয়াজবীজ ও আদার ক্ষেত্রে আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বের হয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে মন্ত্রী জানান, আগামী বছর থেকে ‘ব্রি ১১৮’ নামের নতুন একটি ধানের জাতের চাষ শুরু হবে। এই জাতটি হাওর অঞ্চলে প্রচলিত সময়ের ১০ থেকে ১৫ দিন আগেই রোপণ করা সম্ভব হবে। ফলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘কৃষকদের সেচ খরচ একটি বড় চিন্তার বিষয়। সেচের জন্য ব্যবহৃত দেশের সব পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ৬০ থেকে ৬২ হাজার পাম্প সৌরবিদ্যুতে পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এ সময় কৃষি সচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%