০৫:৪৩ পি.এম
কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস এবং গরুবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন এবং পিকআপে থাকা ছয়টি গরু মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্ডিয়া সড়কের পাকুন্ডিয়া উপজেলার সুখিয়া বাজারে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস ‘অনন্যা ক্লাসিক’-এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরো দুজন আহত হন। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুও প্রাণ হারায়।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল মিয়া (৩৫), একই এলাকার আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) এবং পিকআপচালক নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা খোকন মিয়া (৩৯)।
দুর্ঘটনার ঘটনা জানার পর পুলিশ ও পাকুন্ডিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পাকুন্ডিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে এবং এ সময় পিকআপের ভেতর আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের লাশ ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন