ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা


কুমিল্লায় কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রঙ ব্যবহার করা হচ্ছিল। এমনকি সিঁদুরের রঙও খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল। কুমিল্লায় এসব অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ও হাতিগাড়া এলাকায় দুটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান সূত্রে জানা গেছে, বেকারিগুলোতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল। এসব খাবারে কাপড় রাঙানোর কাজে ব্যবহৃত নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি খাবারে রং আনতে সিঁদুরের রঙ ব্যবহার করা হচ্ছিল। পূজা-পার্বণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত সিঁদুর কীভাবে খাদ্যপণ্যে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হাতেনাতে এসব নিষিদ্ধ রঙের ব্যবহার শনাক্ত করেন। বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের চিত্রও দেখা যায়। খাবারে ব্যবহারের অনুপযোগী এসব রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোষ্টে আন্তজেলা কুখ্যাত ০৩ জন ডাকাত দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ সহ গ্রেফতার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে টানা বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, মালিকরা দুশ্চিন্তায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


মানিকগঞ্জে টানা বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, মালিকরা দুশ্চিন্তায়

গত তিন দিনের টানা বৃষ্টির ফলে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার ইটভাটায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টির পানিতে ভাটার মাঠে শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট মালিকদের দাবি, এতে প্রতিটি ইটভাটায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি, ইট তৈরির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলার ইটভাটা মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন।

ইটভাটা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইট তৈরির মৌসুমে মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে ভাটার মাঠে শুকানোর জন্য রাখা হয়। পর্যাপ্ত রোদে শুকানোর পর এসব ইট চুল্লিতে পোড়ানোর উপযোগী হয়। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠে রাখা কাঁচা ইট ভিজে নরম হয়ে গেছে। অনেক ইট ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। ফলে নতুন করে ইট তৈরি করতে অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয়ের প্রয়োজন হচ্ছে।

ইটভাটা মালিকদের অভিযোগ, বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ার পাশাপাশি শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটেছে। অনেক ভাটায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, আবার কোথাও সীমিত পরিসরে কাজ চলছে। এতে উৎপাদন কমছে, অন্যদিকে শ্রমিকের মজুরি ও ভাটার পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। যদি বৃষ্টির ধারা অব্যাহত থাকে, তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

মানিকগঞ্জ সদর উপজেলার ইটভাটার মালিক মো. লাবলু মিয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে প্রতিটি ইটভাটার মালিকের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। ফলে মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

জানা গেছে, মানিকগঞ্জ জেলায় সরকারি হিসাব অনুযায়ী ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি ইটভাটা চলতি মৌসুমে উৎপাদনে গেছে। মৌসুমের শুরুতেই টানা বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় এসব ভাটার মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মালিকরা জানান, ইট তৈরির জন্য মাটি সংগ্রহ, শ্রমিকের মজুরি, পরিবহনসহ বিভিন্ন খাতে আগেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। কিন্তু বৃষ্টিতে তৈরি করা ইট নষ্ট হওয়ায় সেই বিনিয়োগের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে ইট তৈরি করতে হলে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হবে। এতে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হয়ে পড়তে পারে।

এদিকে, ইটভাটায় উৎপাদন ব্যাহত হলে নির্মাণসামগ্রীর সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্মাণকাজের মৌসুমে ইটের সরবরাহ কমে গেলে বাজারে এর প্রভাব পড়তে পারে।

ক্ষতিগ্রস্ত ইটভাটা মালিকরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম পুরোপুরি সচল করা সম্ভব নয়। বৃষ্টি থামার পর ভাটার মাঠ পরিষ্কার ও প্রস্তুত করে নতুন করে কাঁচা ইট তৈরি করতে হবে। এতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

তবে টানা বৃষ্টিতে জেলার ঠিক কতটি ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘটনায় ন্যাটোর প্রতিক্রিয়া হতে পারে কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘটনায় ন্যাটোর প্রতিক্রিয়া হতে পারে কী?

ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের আকাশ হামলার প্রেক্ষাপটে পোল্যান্ডের ভূখণ্ডে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন আছড়ে পড়ার ঘটনা পূর্ব ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পোলিশ কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনীর এই অনুপ্রবেশ একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি মস্কোর ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারা সক্রিয় করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

কী ঘটেছিল?

পোল্যান্ডের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ইউক্রেন সীমান্তের নিকটে বিভিন্ন স্থানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছে, যার মধ্যে একটি রুশ তৈরি কেএইচ-১০১ (Kh-101) ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত হয়েছে। এই ঘটনায় রাতভর ও ভোরের দিকে পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান আকাশে চক্কর দেয়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ন্যাটোর অ্যাওয়াক্স (AWACS) নজরদারি বিমান মোতায়েন করা হয়। রজেসোও আশপাশের অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার জন্য রাশিয়াকে ‘ইচ্ছাকৃত উসকানি’ ও উত্তেজনা বৃদ্ধির নতুন ধাপ হিসেবে অভিহিত করেছেন। উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বলেছেন, এমন সময় ও স্থানে আকাশসীমা লঙ্ঘন ঘটেছে, যখন কাছাকাছি এলাকায় বহুজাতিক সামরিক মহড়া চলছিল—যা নিছক কাকতালীয় বলে মনে করা কঠিন।

ন্যাটোর প্রতিক্রিয়া ও সম্ভাব্য পদক্ষেপ

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ এবং ইউক্রেন যুদ্ধের অত্যন্ত বিপজ্জনক পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওয়ারশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আকাশ প্রতিরক্ষা ও নজরদারি জোরদারের ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে বড় প্রশ্ন হলো, ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানাবে? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; এর জন্য ৩২টি সদস্য দেশের সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। বিশ্লেষকদের মতে, প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে এবং সরাসরি যুদ্ধ এড়ানোর প্রবণতা থাকায় আপাতত ৫ নম্বর ধারা চালুর সম্ভাবনা ক্ষীণ।

এর পরিবর্তে পোল্যান্ড চাইলে জরুরি পরামর্শের জন্য ৪ নম্বর ধারা সক্রিয় করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে সে পথে না গিয়ে ওয়ারশ ন্যাটোর মিত্রদের কাছ থেকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, সেনা ও নজরদারি সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও এই ধরনের ঘটনায় ভুল বোঝাবুঝি বা হিসাব-নিকাশের ভুলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

ভারতের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বা ‘হাম দো হামারে দো’ পাস না হলে দেশের প্রতিটি হিন্দু পরিবারে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার জন্য আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানার গোশামহলের বিধায়ক টি রাজা সিং। তিনি উল্লেখ করেন যে, সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার জন্য এখন বন্দুক রাখা অপরিহার্য হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত এক ভিডিওতে রাজা সিংকে একদল মানুষের সাথে বসে থাকা অবস্থায় হাতে একটি বন্দুক ধরে থাকতে দেখা যায়। সেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার এই দাবি জানান।

রাজা সিং বলেন, “‘হাম দো হামারে দো’ আইন পাস না হলে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক রাখা জরুরি হয়ে পড়েছে।” তিনি আরও দাবি করেন যে, আগ্নেয়াস্ত্র ছাড়া হিন্দু পরিবারগুলো তাদের সম্পত্তি বা নারীদের রক্ষা করতে পারবে না। তিনি বলেন, “হিন্দুরা যদি বন্দুক না রাখে, তবে সম্পত্তি কিংবা মা-বোন-মেয়েরা কেউই নিরাপদ থাকবে না।”

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যুক্তি তুলে ধরে রাজা সিং একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দেন। তিনি দাবি করেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে। তাঁর যুক্তি হলো, জনসংখ্যার এই বৃদ্ধি হিন্দুদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পাকিস্তানে হিন্দুদের ওপর যেভাবে জোরপূর্বক ধর্মান্তর, হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চলছে, ভারতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জনমিতিক পূর্বাভাস ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। ২০২৬ সালের ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ ছিল মুসলিম, যা ২০৭০ সাল নাগাদ প্রায় ২০ শতাংশে পৌঁছাতে পারে। ৫০ বছরের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসটি আগামী ১৫ থেকে ২০ বছরে মুসলিম জনসংখ্যা তিনগুণ হয়ে যাওয়ার বিষয়ে রাজা সিংয়ের দাবিকে সমর্থন করে না।

রাজা সিং উত্তর প্রদেশের তথাকথিত ‘বন্দুক সংস্কৃতির’ প্রশংসা করেন এবং দাবি করেন যে রাজ্যটির প্রতিটি বাড়িতেই লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বলেন, “উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতি আমার খুব পছন্দ। সেখানে প্রতিটি বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক আছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতেও একটি করে লাইসেন্সধারী বন্দুক থাকা উচিত।”

উল্লেখ্য, ভারতের ১৯৫৯ সালের অস্ত্র আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী, দেশে আগ্নেয়াস্ত্র রাখতে হলে প্রচলিত আইনি কাঠামোর অধীনে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ সংক্রান্ত লাইসেন্স প্রদানের বিষয়টি উক্ত আইন এবং ২০১৬ সালের অস্ত্র বিধিমালা দ্বারা পরিচালিত হয়।

বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে রাজা সিং বলেন, সারা দেশের হিন্দুদের আশীর্বাদেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মোদির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, মোদি ক্ষমতায় থাকলে সবকিছুই সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। প্রসঙ্গত, টি রাজা সিং তেলেঙ্গানার গোশামহল আসনের নির্বাচিত বিধায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আটক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ইয়ে শিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


যুক্তরাষ্ট্রে আটক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ইয়ে শিয়ে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্নায়ুবিজ্ঞানবিষয়ক একটি সম্মেলনে অংশগ্রহণের পর নিউ জার্সিতে ফেরার পথে আটক হয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা বংশোদ্ভূত গবেষক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার আটক হওয়ার খবরটি দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা হয়। এ তথ্য তার আইনজীবী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

আটক হওয়া গবেষকের নাম ইভা ইয়ে শিয়ে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার ভিসার মেয়াদ শেষ হলেও আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকায় তিনি দেশটিতে বৈধভাবে থাকার সুযোগ ছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

আইনজীবীদের মতে, ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় আইস কর্মকর্তাদের কাছে শিয়ের বিষয়ে সতর্কবার্তা পৌঁছায়। এরপর তাকে আটক করা হয়। বিমানবন্দর থেকে আটকের পর তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ব্রোডি ল্যাবে সহকর্মীদের কাছে বিষয়টি জানান। এরপর তার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত শিয়েকে ভার্জিনিয়ার চান্টিলিতে আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিদেশি বংশোদ্ভূত বিজ্ঞানীদের আটকের এটি সর্বশেষ ঘটনা।

এ ধরনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের মেধাবী গবেষকদের নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। বিশেষ করে তরুণ গবেষকের সংকটে থাকা বিভিন্ন গবেষণাক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি ডি প্রিস্টলি এক বিবৃতিতে বলেন, ‘ইভার আটকের খবর আমার এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যের জন্য উদ্বেগজনক। আমরা আশা করি, তিনি দ্রুত প্রিন্সটনে ফিরে পড়াশোনা শুরু করতে পারবেন।’

২০১৬ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শিয়ে ২০২০ সালে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে এবং ২০২৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেন। এমআইটিতে তিনি কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিষয়ে পড়াশোনা করেন। এরপর নিউ জার্সিতে থেকে প্রিন্সটনের ব্রোডি ল্যাবে স্নায়ুবিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করেন শিয়ে। তিনি মস্তিষ্কের মানসিক মানচিত্র তৈরিতে স্থানাঙ্ক ব্যবস্থার মতো কাজ করে এমন নিউরন নিয়ে গবেষণা করেছেন।

ব্রোডি ল্যাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইভা একজন মেধাবী গবেষক। নিজের গবেষণা উপস্থাপন করতে তিনি একটি সম্মেলনে গিয়েছিলেন। অথচ এখন তিনি আটককেন্দ্রে রয়েছেন। তার বাড়িতে থাকার কথা।’

শিয়ের আইনজীবী কেরি ডয়েল বলেন, ভিসার মেয়াদ শেষ হলেও গ্রিন কার্ড বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে আটকের ঘটনা ঘটছে। শিয়ের মতো আরো কয়েকজনের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তিনি জানান।

শিয়েকে আটকের কারণ এবং তাকে ভার্জিনিয়ার আটককেন্দ্র থেকে অন্য কোথাও নেওয়া হয়েছে কি না, তা জানতে আইসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

শুক্রবার সকালে শিয়ের আইনজীবীরা আদালতে ‘হেবিয়াস করপাস’ আবেদন করেছেন। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে আটক রাখার বৈধতা পর্যালোচনার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিয়ের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তার আইনজীবী, পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয়। এদিকে সোসাইটি ফর নিউরোসায়েন্স জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%