০৮:১১ পি.এম
দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, বিএনপি যদি সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করে, তবে আওয়ামী ফ্যাসিস্টরা ভুল করবে। সরকারকে ভয় দেখানোর উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করা যাবে না। এখন আর ধৈর্য নেই, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যে-কোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান রিজভী।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। তারা মনে করছে, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করতে পারবে। তবে এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। বরং নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা নিজেদের পুরোনো চেহারাই উন্মোচন করছে।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
রিজভী বলেন, যদি বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা দুর্বলতা মনে করে, তবে তাদের নির্বোধ বলা চলে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নেই, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যেকোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী সেই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর কোনো অনুশোচনা নেই। জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন