বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৯:০৬ পি.এম
সিরিয়ায় হস্তক্ষেপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের পক্ষ থেকে। তিনি বলেছেন, এরদোয়ান তুরস্ককে ‘বিপজ্জনক দুঃসাহসিকতার’ দিকে ঠেলে দিচ্ছেন।
সিরিয়ার ইদলিবে সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি জারি করেছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে কাটজ বলেন, ইসরাইল ‘কোনো পক্ষকেই তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে দেবে না’।
তিনি আরও মন্তব্য করেন, ইসরাইলের বিরুদ্ধে তুর্কি পার্লামেন্টে এরদোয়ানের ‘ফাঁকা ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার চলমান প্রক্রিয়া অব্যহত রাখাই ভালো। এর মাধ্যমে ইসরাইল আত্মরক্ষায় কতটা দৃঢ়প্রতিজ্ঞ, তা পরীক্ষা না করাই এরদোয়ানের জন্য শ্রেয় বলেও মন্তব্য করেন তিনি।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সিরিয়ার ইদলিব প্রদেশে আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে দফায় দফায় বিমান হামলাও চালিয়েছে ইসরাইল। এই ঘটনায় সিরিয়া সহ আরও কিছু আরব দেশ, জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।
আঙ্কারা সিরিয়ায় তাদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিতে থাকলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে দেখছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে।
হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানহু বলেছেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। ইসরাইল বারবার সতর্ক করেছে, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।
জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সেই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা ভিত্তিহীন।
তাদের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’
তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচনের আগে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে।
তুরস্ক বললেও যে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এর জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছে, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বব্যাংক এবং বিএসইসির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাবনা, কাঠামো এবং আবাসন অর্থায়ন ও পুঁজিবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এই বৈঠকে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকটি বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বুধবার (১৯ আগস্ট) কমিশনের সভাকক্ষে। বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বলা হয়, একটি কার্যকর মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনর্থায়ন সুবিধা পেতে পারে। এর ফলে এসব প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আবাসন ঋণের সক্ষমতা বেড়ে যাবে এবং প্রাথমিক বন্ধকি ঋণের (প্রাইমারি মর্টগেজ) বাজারও সম্প্রসারিত হবে।
এছাড়াও বৈঠকে বলা হয়, আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারকে কাজে লাগানোর সুযোগ বৃদ্ধি পাবে। এর ফলে আবাসন অর্থায়নে নতুন বিনিয়োগের ক্ষেত্র এবং পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে। বিএসইসি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের আবাসন খাতে অর্থায়ন ব্যবস্থা, পুঁজিবাজারের সক্ষমতা, সম্ভাব্য প্রাতিষ্ঠানিক কাঠামো এবং একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার খায়েরহাট বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের খায়েরহাট বাজারে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন পিরোজপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোবায়েত ফেরদাউস ও জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খায়েরহাট বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। পরে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে সরকারি জমিতে নির্মিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জামাল মোল্লা, মামুন, বাশার আকন, নুরুল ইসলাম, বাশার মৃধা, হাবিবুর রহমান, সোবহান খাঁ ও আনিসসহ কয়েকজন জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পিরোজপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোবায়েত ফেরদাউস বলেন, ‘সরকারি খাসজমি দখল করে কোনো ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে পারবেন না। সরকারি জমি দখলমুক্ত করতে আইন অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিপিএলের গত দুটি আসরের আয়োজন করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ। আর এই দুই আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তবে সাবেক বোর্ড পরিচালক আফিস আকবর এই হিসাবকে ভুল দাবি করেছেন। সেইসাথে, তিনি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিটের সঙ্গে গণশুনানীরও দাবি করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এই দাবিটি করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
পোস্টে তামিমের হিসাবকে ভুল বলার পাশাপাশি তিনি লিখেছেন, বিপিএলের দুই সিজনের ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা কোনোভাবেই সত্যি নয়। তাই তিনি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিটের পাশাপাশি গণশুনানীর দাবি রেখেছেন।
এর আগে, এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানিয়েছিলেন, বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবির। ফলে যে টুর্নামেন্টে তাঁর ২০ কোটি টাকা ক্ষতি হতে পারে, সেই টুর্নামেন্টটি তাঁর প্রাধান্য তালিকায় নেই এই মুহূর্তে।
উল্লেখ্য, গত বছর বিসিবির নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়ে আসিফ আকবর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু চলতি বছরের এনএসসি আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেওয়ায় আফিস আকবরসহ সকল পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ইউএনও আসমা উল হুসনা রহমতপুর বাজার, রহমতপুর খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিদর্শন করেছেন।
তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রহমতপুর বাজার এবং এর আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকার অবস্থার পাশাপাশি খাল ও আশপাশের পরিবেশের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এক্ষেত্রে ইউএনও আসমা উল হুসনা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি রহমতপুর বাজার কমিটি, ব্যবসায়ী এবং আশপাশে বসবাসরত স্থানীয়দের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে পরে যথাযথভাবে অপসারণ বা পুড়ে ফেলার বিষয়টি নির্দেশনা দেন। এ সময়ে তিনি সবাইকে সচেতন করে বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও বলেন, বাজার ও আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী, বাজার কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কেউ নির্দেশনা অমান্য করে যত্রতত্র ময়লা ফেললে কিংবা পরিবেশ নষ্ট করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, রহমতপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ