১১:৫৬ পি.এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের চুলায় অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস লিকেজের কারণে ঘটেছে। এই ঘটনায় সানজিদা সুরভী নামের এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
৭ নভেম্বর শনিবার বিকেলে দোলনচাঁপা হলের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সুমনা আক্তার সুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোলনচাঁপা হলের তৃতীয় তলার রান্নাঘরের চুলাটির চাবির সমস্যা থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও দুই হাউজ টিউটর সেখানে গিয়ে আগুন নেভান।
আরও পড়ুন: এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ, আহতের খবর নেই
সুমনা আক্তার সুমি আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার কান্নাকাটি দেখে প্রথমে তারা আশঙ্কা করেছিলেন, তার হয়তো হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তার হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহত হননি। তার হাড় একটু সরে গেছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসা শেষে তিনি আবার হলে ফিরে এসেছেন এবং তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, এর আগে বিভিন্ন সমস্যা প্রশাসনকে জানালেও তা আমলে নেওয়া হয়নি।
দোলনচাঁপা হলের আবাসিক শিক্ষার্থী রিফাইয়া ইসলাম সূচনা বলেন, "হলে নানান সমস্যার কথা বলার পরেও হল প্রশাসন চোখে কাঠের চশমা পড়ে বসে থাকে। হলে ডাইনিং নেই, গ্যাস লাইনে সমস্যা, পানির লাইনে সমস্যা, পানির লাইন থেকে মাঝে মধ্যেই পাখির পালক পাওয়া যায়, সেই পানিই খেতে হয়, ওয়াশরুমগুলোরও সমস্যা। বিভিন্ন সুইচের সমস্যা, যে কোনো মুহূর্তেই শক খাওয়ার আশঙ্কায় থাকি। এই হল প্রশাসন আমাদেরকে মানুষই মনে করে না। একটা সমস্যা নিয়ে কয়েকবার অভিযোগ দিলেও তারা আমলে নেয় না।"
তবে এ বিষয় জানার জন্য দোলনচাঁপা হলের প্রভোস্ট উম্মে ফারহানাকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও পড়ুন: জুবাইদা-সোফির বৈঠকে নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্ব পেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন