ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন


মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন

মানিকগঞ্জে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ফলে শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এসব স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে ধারাবাহিক বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও ডিবির তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি কাজ করছে।

সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, উত্তেজিত জনতা ও নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


পাবনায় সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সই করা এক অফিস আদেশে সোমবার (৯ নভেম্বর) বিকেলে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।

‎

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজারে সারের গুদামে বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত এবং সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলও ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে একটি ভ্যানের ওপর রাখা বস্তা ও চটে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ কিংবা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কেও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটান ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবার থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের তথ্যমতে, রাত সাড়ে ৭টার দিকে আদাবর থানাধীন টোকিও স্কয়ারের সামনে দুজন দুষ্কৃতিকারী মোটরসাইকেলযোগে তিনটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ককটেল বিস্ফোরণের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইন শৃঙ্খলাবাহিনী কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। বর্তমানে ওই এলাকার যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আদাবর ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ এম


বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার তুরস্ক সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ৩১) জন্য তিন দিনের সফরে যাচ্ছেন। তিনি ১১ ও ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং সম্মেলনের দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন।

এছাড়া, প্রধানমন্ত্রীর রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর অন্যান্য বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।

গতকাল সোমবার ভূমধ্যসাগরের তীরে তুরস্কের পর্যটননগরী আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ এবারের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।" তিনি আরও বলেন, "ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।"

মিন্টু উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে বলেন, "এ ক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।"

জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রওনা হবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থাকবেন। পরে অভ্যন্তরীণ ফ্লাইটে আনাতোলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু কালের কণ্ঠকে এসব তথ্য জানান।

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ আদায়ে জোর দেবে বাংলাদেশ : পররাষ্ট্রসচিব

সম্মেলনে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরে এসব কথা জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্রসচিব বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলো বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতির সবটুকু বাস্তবায়িত হচ্ছে না। এ কারণে সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ নিজেদের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও প্রয়োজনের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরবে।"

অস্ট্রেলিয়া, চীন ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপরাষ্ট্রপতি ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয় নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনডিপির প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়েও কাজ চলছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%