ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উন্নয়নবঞ্চিত কুষ্টিয়ার পদ্মার চর, সেতুর দাবিতে এক লাখ মানুষের অপেক্ষা


উন্নয়নবঞ্চিত কুষ্টিয়ার পদ্মার চর, সেতুর দাবিতে এক লাখ মানুষের অপেক্ষা

স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পেরিয়ে যাওয়ার পরও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা পদ্মা নদীর চরাঞ্চলে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। যদিও শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার কিছু সুযোগ তৈরি হয়েছে, কিন্তু মাত্র দুটি সেতুর অভাবে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এখনো মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ হলো, ভাগজোত ও সুখারঘাটে সেতু না থাকায় বছরের পর বছর ধরে তারা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন। বর্ষাকালে উত্তাল পদ্মা নদী পারাপারের তাদের একমাত্র ভরসা হলো নৌকা। আর শুষ্ক মৌসুমে বালুচর পেরিয়ে তাদের ভ্যান, ট্রলি, মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়িতে চলাচল করতে হয়। এর ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে তারা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন।

এখানে, উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই চরাঞ্চলে কিছু সড়ক নির্মাণ হয়েছে, তবে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা নেই, যার কারণে বাসিন্দারা এর সুফল পুরোপুরি পাচ্ছেন না।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জরুরি রোগীদের। মুমূর্ষু রোগীকে উপজেলা বা জেলা শহরের হাসপাতালে নিতে গেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। অনেক ক্ষেত্রেই পথে রোগীর অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ধান, পাট, ভুট্টা ও সবজি বাজারজাত করতেও বাড়তি খরচ করতে হচ্ছে, ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাগজোত ঘাটে ৩৫০ মিটার এবং সুখারঘাটে ৯৬ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু প্রকল্প অনুমোদনের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় সব প্রার্থীই ভাগজোত ও সুখারঘাটে সেতু নির্মাণ, উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি দেন, তবে নির্বাচন শেষে এই প্রতিশ্রুতিগুলো সাধারাণত বাস্তবায়নের মুখ দেখে না। সরকারের এবং জনপ্রতিনিধির বদল হলেও চরবাসীর জীবনচিত্র পরিবর্তিত হয়নি।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন জানালেন, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে চরাঞ্চলের শিশুরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকরা এখানে দীর্ঘ সময় ধরে থাকতে চান না, কেউ যোগ দিলেও অল্প সময়ের মধ্যে বদলি নিয়ে চলে যান।

আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য

তিনি আরও জানান, এলাকাটিতে কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। রোগী নিয়ে সেখানে পৌঁছাতে অনেক সময় লাগে। কৃষকদেরও নৌকা কিংবা ঘোড়ার গাড়িতে করে ফসল বাজারে নিতে হয়, যা পরিবহন খরচ বাড়িয়ে দেয়।

গৃহবধূ শেফালী খাতুন জানালেন, পরিবারের অসুস্থ সদস্যদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়, কারণ বালুচর পেরিয়ে ভ্যান বা ঘোড়ার গাড়িতে রোগীকে বহন করতে হয়।

উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ বাচ্চু জানান, ভাগজোত ও সুখারঘাটে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুটি সেতু নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও বড় পরিবর্তন আসবে।

আরও পড়ুন: ‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানিয়েছেন, ভাগজোত ও সুখারঘাটে সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দ্রুত প্রকল্প অনুমোদনের জন্য চেষ্টা চলছে।

চরবাসীর প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতি সীমাবদ্ধ থাকবে না, সেতু নির্মাণের উদ্যোগে। যদি ভাগজোত ও সুখারঘাটে দুটি সেতু নির্মিত হয়, তাহলে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে ইউপি নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


হোসেনপুরে ইউপি নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে মতবিনিময় সভা
 
‎স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও কিশোরগঞ্জের হোসেনপুরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রমে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
‎
‎এরই ধারাবাহিকতায় আসন্ন ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় তারাপাশা চৌরাস্তা এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমর্থকদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. নূরুল হক। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎
‎ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিলসহ সমর্থকেরা সভাস্থলে যোগ দিলে একপর্যায়ে পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।
‎
‎সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই জনগণের সঙ্গে মতবিনিময় এবং উন্নয়নের প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হয়েছে।
‎
‎বক্তারা আরও বলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রতন নির্বাচন ঘোষণার আগেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে তার সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তারা।
‎
‎সভায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ইবিকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। জীবনের এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। এ সময়ই তোমাদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে আমরা কাজ করছি। তারেক রহমানের সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। চলতি অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গত অর্থবছরে শিক্ষা বাজেট ছিল ৮৭ হাজার কোটি টাকা, আর এ বছর তা বেড়ে হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ভবিষ্যতে এ বাজেট আরও বাড়ানো হবে বলে আমরা আশাবাদী। প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এটিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। পরবর্তীতে মালয়েশিয়ায় ওআইসির উদ্যোগে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে ইসলামিক স্টাডিজের পাশাপাশি সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগ রয়েছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও মেডিকেল সায়েন্সসহ নতুন নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে। আমি আশা করি, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও সুনাম আরও সমৃদ্ধ করবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিষয়ে বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম (রিফাত)সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগভেদে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় গ্রামীণ জনগণের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিমাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এ ক্যাম্প পরিচালনার মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবার প্রায় চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।”
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে তারেক রহমানের নেতৃত্বে: সার্জিও গোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে তারেক রহমানের নেতৃত্বে: সার্জিও গোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা পুনরুদ্ধার হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্যটি করেন, যা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে তেজগাঁও।

সার্জিও গোর সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে।' এ পরিস্থিতির প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশের জন্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরিতে (ভ্রমণ নির্দেশিকা) একটি ইতিবাচক সংশোধন এনেছে। এটি মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে পৌঁছবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। এছাড়া, বৈঠকে আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়। মার্কিন বিশেষ দূত বাংলাদেশে এফডিএ-র পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাসও দেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে মার্কিন বিনিয়োগ জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ার সম্ভাবনা রয়েছে।

জবাবে বিশেষ দূত জানান, ডিএফসির মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবেই কাজ করে যাবে। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনার প্রশংসা করে তিনি বলছেন, ভবিষ্যতে 'প্যাক্স সিলিকা' উদ্যোগের অংশীদার হওয়ার ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের। মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই ঢাকায় একটি 'ইউএস ইনভেস্টর সামিট' আয়োজনে আগ্রহী এবং তিনি নিজেই এ নিয়ে কাজ করছেন বলেও জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। সাম্প্রতিক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গে সার্জিও গোর লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের প্রশংসা করেন।

প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'রোহিঙ্গা মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে।' তিনি মার্কিন সরকার ও দেশটির জনগণের প্রতি এ সহায়তার জন্য ধন্যবাদ জানান। সার্জিও গোর রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আসিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%