০৫:১৩ পি.এম
আদাবর থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা নিম্নরূপ: জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩), ও মো. মর্তুজা তামিম (২৬)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
মঙ্গলবার জনৈক সাদমান সাকিব (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে আদাবর থানাধীন শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে, গ্রেফতারকৃতরা তার পথরোধ করে। এরপরে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে তাকে আটকে রাখা হয়।
অপহরণকারীরা এ সময় তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিম রাজি না হলে অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়।
এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
পরবর্তীতে তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আদাবর থানা পুলিশ চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন