ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি


সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, সংগঠিত, দক্ষ এবং অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তিনি তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন।

আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান নির্ধারক।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের সব বড় গণতান্ত্রিক অর্জনে তরুণদের অগ্রণী ভূমিকা রয়েছে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এসবের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

তিনি বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে পারলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

এ বছরের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যা দেশের সবচেয়ে বড় সম্ভাবনার প্রতিনিধিত্ব করে।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ জনমিতিক সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, এই লক্ষ্য অর্জনে মানসম্মত ও কর্মসংস্থানমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: বঞ্চিত ঠিকাদারদের সুযোগ দিতে আইন সংশোধন, বিরোধীদের স্বজনপ্রীতির শঙ্কা

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও সুদৃঢ় করেন।

রাষ্ট্রপতি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বর্তমান সরকার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছে।

এসব উদ্যোগের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করছে।

সরকারি ও বেসরকারি খাতের গৃহীত এসব উদ্যোগ তরুণদের উদ্যোক্তা ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গ্রহণের জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।

যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে আমাদের সম্মিলিত অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।’

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় কলেজ-মাদ্রাসার ফলাফলে হতাশার চিত্র, এক মাদ্রাসায় সবাই ফেল

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ভাণ্ডারিয়ায় কলেজ-মাদ্রাসার ফলাফলে হতাশার চিত্র, এক মাদ্রাসায় সবাই ফেল

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। কলেজগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। অন্যদিকে আলিম পরীক্ষায় উপজেলার আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার ১২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। তিনটি শাখা মিলিয়ে উপজেলার মোট পাসের হার ৩৬ দশমিক ৮৮ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর সাধারণ এইচএসসি, আলিম ও কারিগরি শাখায় মোট ১ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৭৫ জন। অকৃতকার্য হয়েছে ৯৮৪ জন। তিন শাখায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
সাধারণ এইচএসসি পরীক্ষায় উপজেলার পাঁচটি কলেজ থেকে ১ হাজার ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮২ জন। পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
কলেজগুলোর মধ্যে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ থেকে ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৩ জন পাস করেছে। পাসের হার ৬০ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে আমানউল্লাহ মহাবিদ্যালয়ে ২৪২ জনের মধ্যে ১৩৩ জন পাস করেছে। পাসের হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ। এ কলেজ থেকে সর্বোচ্চ ছয়জন জিপিএ-৫ পেয়েছে। ভাণ্ডারিয়া সরকারি কলেজে ৪১৬ জনের মধ্যে ১৩৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে দুজন। সিংখালী স্কুল অ্যান্ড কলেজে ৩৪ জনের মধ্যে ১৩ জন এবং মানিক মিয়া কলেজে ৫৮ জনের মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে উপজেলার ১০টি মাদ্রাসায় আলিম পরীক্ষায় ৩৩৭ জন অংশ নিয়ে পাস করেছে ৭৫ জন। পাসের হার মাত্র ১৭ দশমিক ২৪ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে দুজন।
আলিম পরীক্ষায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় ৮২ জনের মধ্যে ২৫ জন পাস করেছে, পাসের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ। আলগাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ১০১ জনের মধ্যে ২৩ জন পাস করেছে, পাসের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। এবং একজন জিপিএ-৫ পেয়েছে। পৈকখালী মোমেনিয়া আলিম মাদ্রাসা থেকে ১৫ জনে চারজন পাস করেছে, পাসের হার ২৬ দশমিক ৬৭ শতাংশ। এবং একজন জিপিএ-৫ পেয়েছে। তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩২ জনের মধ্যে ১০ জন পাস করেছে। পাসের হার ৩১ দশমিক ২৫ শতাংশ। মাফছার উলউলুম আলিম মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে সাতজন, পাসের হার ১৯ দশমিক ৪৪ শতাংশ। দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসায় ১৫ জনের মধ্যে দুজন, পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। চড়াইল আব্দুল আলী আলিম মাদ্রাসায় ১৭ জনের মধ্যে দুজন পাস করেছে, পাসের হার ১১ দশমিক ৭৬ শতাংশ। উত্তর ধাওয়া আলহাজ কাশেমিয়া আলিম মাদ্রাসায় ৯ জনের মধ্যে একজন, পাসের হার ১১দশমিক ১১ শতাংশ। নয়াখালী মাটিভাংগা আলিম মাদ্রাসায় ১৮ জনের মধ্যে পাস করেছে মাত্র একজন। পাসের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি প্রতিষ্ঠানে ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১৮ জন। পাসের হার ৮ দশমিক ৪৬ শতাংশ। সাবিহা খালেক টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ১৫৪ জনের মধ্যে ১৭ জন এবং শিয়ালকাঠী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ১৭ জনের মধ্যে মাত্র একজন পাস করেছে। এ শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভাণ্ডারিয়ায় সাধারণ এইচএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক ভালো হলেও আলিম ও কারিগরি শিক্ষায় ফলাফল বেশ নিম্নমুখী। বিশেষ করে আলিম ও কারিগরি শাখার ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতির মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
মো. তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


নারায়ণগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও টিপু পরিষদের প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছেন।

সহ সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জয়লাভ করেছেন। তিনি ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. রেজাউর করিম খান ১৫৪ ভোট পেয়েছেন। মোট ভোট পড়েছে ৩৩৮টি।

অন্যদিকে, পাঁচটি সদস্য পদে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ২৯৯ ভোট, অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১ ভোট, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সদস্য পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নিরব রায়হান ১১০ ভোট, হারুনুর রশীদ খান ৯১ ভোট এবং নাজমুল হক (নির্দলীয়) ৮৭ ভোট পেয়েছেন। সদস্য পদে মোট ভোট পড়েছে ১৬৭৯টি, যার মধ্যে ৫৫টি ভোট বাতিল হয়েছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারিং সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের আম্পায়ার নীতিন মেনন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বোলারদের মধ্যে হতাশা বৃদ্ধি পায়।

ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার শুরুতেই বিতর্কের সূচনা ঘটে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে জন ক্যাম্পবেলের বিরুদ্ধে পরপর দুটি এলবিডব্লিউর আবেদন করা হয়। তবে, অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন দুবারই সাড়া দেননি। প্রথম আবেদনে বাংলাদেশ রিভিউ নিলে বলের ইমপ্যাক্ট এবং স্টাম্পে লাগার ক্ষেত্রে আম্পায়ারস কল আসে। ফলে মাঠের সিদ্ধান্ত বহাল থাকে। পরবর্তী বলেও আবেদন করা হলেও বাংলাদেশ আর রিভিউ নেয়নি।

নাঈম হাসানের বোলিংয়ের সময়ও একই ধরনের হতাশার মুহূর্ত দেখা দেয়। ব্রেন্ডন কিংয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে বাংলাদেশ রিভিউ নেয়। বল ট্র্যাকিংয়ে স্টাম্পে লাগার ক্ষেত্রে আম্পায়ারস কল আসে। ফলে কিংও বেঁচে যান। এসব সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়লেও আম্পায়ারস কলের নিয়ম অনুযায়ী মাঠের সিদ্ধান্তই বহাল থাকে।

যদিও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও ওয়েস্ট ইন্ডিজের জয়ের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে ৩৫.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজ অপরাজিত থাকেন ৩১ রানে। ৮ উইকেটের এই জয়ে এক দিন হাতে রেখেই ম্যাচ শেষ করে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলা করতে ওয়েস্ট ইন্ডিজ হিমশিম খেয়েছিল। বাংলাদেশের ২৭২ রানের জবাবে তারা ২৪৫ রানে অলআউট হয়। নাঈম হাসান ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিডও পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। তারা মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়, ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। নাঈমের ৫২ রানের লড়াকু ইনিংস ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখ করার মতো কোনো প্রতিরোধ ছিল না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৫ উইকেট এবং জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট নেন।

এই হারের প্রভাব বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) লড়াইয়ে পড়েছে। ম্যাচের আগে বাংলাদেশ ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ নিয়ে চতুর্থ স্থানে ছিল। হারের পর পয়েন্ট শতাংশ নেমে ৪২.৮৬-এ চলে এসেছে, অবস্থানও নেমে গেছে পঞ্চম স্থানে। আর চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়সীমা কমিয়ে ২ দিনের মধ্যে হরমুজ চালুর নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সময়সীমা কমিয়ে ২ দিনের মধ্যে হরমুজ চালুর নতুন প্রস্তাব ইরানের

হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে ইরানের নতুন প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা কমিয়ে মাত্র দুই দিনে নিয়ে আসার জন্য একটি নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার মাধ্যমে এই সময়সীমা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি উল্লেখ করেন, “কাতারি পক্ষ ইরানের এই প্রস্তাব বাস্তবায়নের মেয়াদ কমিয়ে পাঁচ দিন করার সুপারিশ করেছিল। তবে বর্তমান পর্যায়ে পৌঁছানো নতুন প্রস্তাবটিতে এই সময়সীমা মাত্র দুই দিনে কমিয়ে আনা হয়েছে।”

ইরানের শর্তগুলোর কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ইসলামাবাদ স্মারক স্বাক্ষরের পর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করতে হবে। এছাড়া, ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় (ওয়েভার) পুনর্বহাল করা এবং কাতারসহ অন্যান্য দেশে আটকে থাকা সব ইরানি অর্থ ও সম্পদ অবিলম্বে মুক্ত করার দাবিও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওমানের সাথে আলোচিত হরমুজ প্রণালীর নির্দিষ্ট নৌ-পথগুলোর স্বীকৃতি দিতে হবে এবং বিকল্প অন্যান্য পথসমূহ বন্ধ করতে হবে।

তিনি জানান, ইরানের শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হলে তা ওয়াশিংটনের সাথে অমীমাংসিত অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করবে। সূত্র: ইরান প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%