১১:৫৩ পি.এম
একটি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত অতন্দ্র প্রহরী হলো তার সশস্ত্র বাহিনী। এই বাহিনীর জন্ম, ক্রমবিকাশ ও আধুনিকায়নের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একাত্তরের রণাঙ্গনে অকুতোভয় সমরনায়ক হিসেবে তাঁর অবদান অপরিসীম, যা স্বাধীন বাংলাদেশের সামরিক কাঠামোকে একটি সুশৃঙ্খল, আত্মমর্যাদাশীল ও বিশ্বমানের পেশাদার বাহিনীতে রূপান্তরিত করেছে। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল উত্থানের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম এবং নিখুঁত সাংগঠনিক দক্ষতার হাত ধরে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসের সূচনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী প্রান্তরে হয়েছিল। ২৬ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণের মুখে দিশেহারা জাতি যখন একটি স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় ছিল, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের বজ্রকণ্ঠ ভেসে এসেছিল। তাঁর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জোগায়, বাঙালি সামরিক কর্মকর্তা ও সৈনিকদের বিদ্রোহ করে এক কাতারে দাঁড়ানোর সাহস দেয়।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মেজর জিয়া ছিলেন একজন যোদ্ধা এবং সুদক্ষ সমর-সংগঠক। সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে তিনি অসামান্য বীরত্ব ও রণকৌশলের পরিচয় দেন। তৎকালীন সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর (বর্তমান বিজিবি), পুলিশ এবং অগণিত ছাত্র-জনতার সমন্বয়ে গড়ে ওঠা বিচ্ছিন্ন প্রতিরোধ শক্তিকে তিনি একটি সুনির্দিষ্ট সামরিক কাঠামোর আওতায় নিয়ে আসেন। গেরিলা যুদ্ধের পাশাপাশি প্রচলিত যুদ্ধের কৌশল প্রয়োগ করে পাকবাহিনীকে কোণঠাসা করার মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশের নিয়মিত সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে দেন।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
স্বাধীনতাত্তোর বাংলাদেশে সশস্ত্র বাহিনী নানা সীমাবদ্ধতা ও অস্থিরতার শিকার হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত দেশের সীমিত সম্পদ, অবকাঠামোগত অভাব এবং বাহিনীর ভেতরে মতাদর্শিক টানাপোড়েন সামরিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল। ১৯৭৫ সালের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন।
তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে, একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রয়োজন একটি সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এবং রাজনীতিমুক্ত পেশাদার সশস্ত্র বাহিনী। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বাহিনীর ভেতরে ‘চেইন অব কমান্ড’ বা আদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মনোনিবেশ করেন। তিনি সৈনিকদের মধ্যে শৃঙ্খলা, আনুগত্য এবং দেশপ্রেমের বোধ জাগ্রত করেন। অফিসার ও সাধারণ সৈনিকদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচাতে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন সেনানিবাসে ছুটে যেতেন। সৈনিকদের সুখ-দুঃখের কথা শুনতেন এবং তাদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিতেন। তাঁর আন্তরিক ও অভিভাবকসুলভ নেতৃত্ব সাধারণ সৈনিকদের মনে নতুন প্রাণের সঞ্চার করেছিল এবং বাহিনীর মধ্যে অভূতপূর্ব সংহতি ফিরে এসেছিল।
শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে কেবল একটি রক্ষণাত্মক বাহিনী হিসেবে দেখতে চাননি; তিনি চেয়েছিলেন একে আধুনিক সমরবিদ্যায় পারদর্শী একটি চৌকস প্রতিষ্ঠানে পরিণত করতে। তাঁর শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবকাঠামোগত এবং গুণগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়।
একটি আধুনিক সেনাবাহিনীর মেরুদণ্ড হলো তার প্রশিক্ষণ ব্যবস্থা। জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এবং চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA)-এর আধুনিকায়ন। বিদেশের মাটিতে প্রশিক্ষণের ওপর নির্ভরতা কমিয়ে দেশেই আন্তর্জাতিক মানের সামরিক অফিসার তৈরির এই উদ্যোগ ছিল তাঁর সুদূরপ্রসারী চিন্তার ফল।
আরও পড়ুন: ১১ বছরেও সাড়ে ৫ কোটি মানুষ স্মার্ট এনআইডি পাননি
দেশের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সেনাবাহিনীর জনবল বৃদ্ধি করেন এবং নতুন নতুন পদাতিক ডিভিশন গঠন করেন। সীমান্তবর্তী ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে সেনানিবাস স্থাপন ও সম্প্রসারণ করে তিনি দেশের প্রতিরক্ষা ব্যূহকে সুদৃঢ় করেন।
সীমিত অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেও তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কার্পণ্য করেননি। বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে সেনাবাহিনীর জন্য আধুনিক ট্যাংক, আর্টিলারি ও যোগাযোগ সরঞ্জাম, নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ এবং বিমানবাহিনীর জন্য আধুনিক জঙ্গি বিমান সংগ্রহের ব্যবস্থা করেন। এর ফলে তিন বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্রতিরক্ষা কূটনীতি। তিনি জানতেন, আঞ্চলিক ও বৈশ্বিক ভূ-রাজনীতিতে টিকে থাকতে হলে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তিনি মুসলিম বিশ্বের দেশগুলোর পাশাপাশি চীন ও পশ্চিমা বিশ্বের সাথে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের দ্বার উন্মোচন করেন।
বাংলাদেশের সামরিক কর্মকর্তারা যাতে বিশ্বের উন্নত দেশগুলোতে গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারেন এবং বিদেশি সামরিক কর্মকর্তারাও যাতে বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই দ্বিপাক্ষিক ব্যবস্থা তিনি চালু করেন। আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে এবং বিশ্বশান্তি রক্ষায় অনন্য নজির স্থাপন করছে, তার পেছনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আন্তর্জাতিক আস্থার ভিত্তিটি গড়ে উঠেছিল জিয়াউর রহমানের সেই দূরদর্শী সামরিক কূটনীতির মাধ্যমেই।
আরও পড়ুন: আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি
শহীদ জিয়াউর রহমানের দর্শনের অন্যতম মূল ভিত্তি ছিল—সশস্ত্র বাহিনী কেবল ব্যারাকে বসে থাকার জন্য নয়, বরং শান্তিকালীন সময়ে দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সশস্ত্র বাহিনীকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছিলেন। তাঁর ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’, গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, সেতু তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ও সাধারণ সৈনিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
দুর্গম পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণে সেনাবাহিনীর এই আত্মনিয়োগ সাধারণ মানুষের মনে গভীর শ্রদ্ধার জন্ম দেয়। মানুষ অনুভব করতে শুরু করে যে, এই সেনাবাহিনী তাদেরই সন্তানদের নিয়ে গড়া, তাদেরই সুখ-দুঃখের অংশীদার। এভাবেই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পরম আস্থা ও ভালোবাসার প্রতীক—‘জনগণের বাহিনী’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
পরিশেষে বলা যায়, ইতিহাসের পাতায় মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম কেবল একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেই নয়, বরং আধুনিক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থপতি হিসেবেও চিরভাস্বর হয়ে থাকবে। একাত্তরের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে যে বাহিনীর বীজ তিনি বপন করেছিলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে নিজের মেধা, শ্রম ও দেশপ্রেম দিয়ে সেই চারাগাছটিকে তিনি এক বিশাল মহীরুহে পরিণত করেছেন। শৃঙ্খলা, পেশাদারিত্ব, দেশপ্রেম এবং আত্মমর্যাদার যে বীজমন্ত্র তিনি সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের হৃদয়ে বুনে দিয়েছিলেন, আজও তা সমহিমায় ভাস্বর। সুতরাং সময়ের পরিক্রমায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ যে আন্তর্জাতিক মানের দক্ষতা ও গৌরব অর্জন করেছে, তার প্রতিটি সোপানে শহীদ জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য ও ইতিহাসের এক গৌরবজ্জ্বল অধ্যায়। মহান আল্লাহ সুবহানা তায়ালা আমাদের সহায় হোন।
লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন
আরও পড়ুন: মহান বিজয়ের মাসে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন
ই-মেইল : [email protected]
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন