০৭:৩৭ পি.এম
সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটিতে থাকা প্রবাসীদের ভিসা বাতিল হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীদের টানা দাবির পর গঠিত জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পাওয়া আড়াই হাজার আবেদনের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর সঠিক তথ্য যাচাই-বাছাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসার পর সম্প্রতি বেশ কিছু প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। ফলে অনেক প্রবাসী নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় পড়েছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী প্রবাসীরা বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন।
প্রবাসীদের এই ভোগান্তি দূর করার উদ্দেশ্যে গত ৩১ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস একটি যৌথ পদক্ষেপ গ্রহণ করে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর এবং ইমেইল ঠিকানা চালু করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হটলাইন ও ইমেইল মারফত ইতোমধ্যে প্রায় ২,৫০০ জন ভুক্তভোগী প্রবাসী তাদের তথ্যাদি জমা দিয়েছেন। প্রাপ্ত আবেদনগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর তথ্যের একটি সঠিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই তালিকার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার আন্তরিকভাবে কাজ করছে দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীর ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করার জন্য, এমনটাই দূতাবাস সূত্রে নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন