ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের বিক্ষোভে সংঘর্ষ, আহত অন্তত ৫


খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের বিক্ষোভে সংঘর্ষ, আহত অন্তত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার বারায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের বিক্ষোভের কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই সংঘর্ষে অন্তত পাঁচ বিক্ষোভকারী আহত হয়েছেন। সংঘর্ষের সময় সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, এ ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। অপরদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি ও তাঁদের মারধরের অভিযোগ উঠেছে। হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের এক চিকিৎসক ডনকে জানিয়েছেন, ওই হাসপাতালে এক ডজনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।

গভর্নরের শাসন জারি এবং ১২টি জেলায় জরুরি অবস্থা ঘোষণার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে পিটিআই। গভর্নরের শাসন জারির ফলে দলের নেতা সোহেল আফ্রিদির মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি

বিকেলে বারাবাজারের খাইবার চকে বিক্ষোভে অংশ নিতে পিটিআইয়ের বিপুলসংখ্যক কর্মী জড়ো হন। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কিছু বিক্ষোভকারী সরে গেলেও পরে স্থানীয় আইনপ্রণেতা আবদুল গনি আফ্রিদি আরও সমর্থক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে পিছু হটতে বাধ্য করেন। কিছু পুলিশ সদস্য আশপাশের দোকান ও বাণিজ্যিক ভবনে আশ্রয় নেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শূন্যে গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।

এ সময় ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (এনএডিআরএ) একটি কার্যালয় এবং রেসকিউ ১১২২ ভবনের একাংশে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ খাইবার চক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে বিক্ষোভ শেষ হওয়ার পরও বারাবাজারে প্রবেশের সব সড়ক বন্ধ ছিল।

বারার রাজনৈতিক জোটের নেতারা পিটিআই কর্মী ও পুলিশ উভয় পক্ষকে সহিংস সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: তফসিলি হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে হারাবে অনগ্রসর শ্রেণির সুবিধা

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে বারায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খাইবার পাখতুনখোয়ার তথ্য ও সম্প্রচারবিষয়ক নতুন উপদেষ্টা সামার হারুন বিলোর জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত পিটিআই-সংশ্লিষ্ট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁদের মধ্যে ২৫ জন অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিক।

সামার হারুন বিলোরের অভিযোগ, পিটিআই নেতাদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বারাচকে অস্থিরতা তৈরির চেষ্টা করেন এবং সরকারি সম্পত্তির ক্ষতি করেন। তাঁর দাবি, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আটক ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ছাড়া অন্য উপায় ছিল না: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ এম


খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ছাড়া অন্য উপায় ছিল না: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্তব্য করেছেন যে, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে গভর্নর শাসন জারি করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। তিনি পরিস্থিতিকে ‘এখনই নয়তো কখনোই নয়’ বলে উল্লেখ করেছেন।

পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠকে তিনি অভিযোগ করেন যে, সাবেক পিটিআই সরকারের সময় প্রদেশটিতে সন্ত্রাসীদের পুনর্বাসন করা হয়েছিল। গত আড়াই বছরে পরিস্থিতির উন্নয়নের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও প্রাদেশিক সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।

শাহবাজ শরিফ আরও অভিযোগ করেন যে, সন্ত্রাসবাদ দমনে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কে শক্তিশালী করার পরিবর্তে প্রাদেশিক সরকার রাজনৈতিক বিক্ষোভ ও কটূক্তিকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, পিটিআই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়নি।

পিটিআইয়ের সঙ্গে সাম্প্রতিক সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা প্রায় সমঝোতায় পৌঁছালেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। তার অভিযোগ, প্রাদেশিক সরকারের সঙ্গে পরামর্শের অজুহাতে আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে, যা ৯ মের ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার অংশ হতে পারে।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে।

তিনি বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত ও চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এ নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন কর্মকর্তার গাড়িচাপার অভিযোগ, তথ্য মুছে ফেলার অভিযোগও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


অভিবাসন কর্মকর্তার গাড়িচাপার অভিযোগ, তথ্য মুছে ফেলার অভিযোগও

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে গাড়িচাপা দিয়েছেন। স্থানীয় সরকারি অ্যাটর্নি শন টিয়ার এই ঘটনায় গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন। আইসিই, তবে, এই অভিযোগ অস্বীকার করে জানায় যে, তাদের কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিকে গাড়িচাপা দেননি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস কাউন্টির জেলা সরকারি অ্যাটর্নি শন টিয়ার বলেন, স্থানীয় তদন্তকারীদের সংগ্রহ করা ভিডিওতে দেখা গেছে যে, গাড়িটি ইচ্ছাকৃতভাবে মিগুয়েলকে ধাক্কা দিয়ে চাপা দিয়েছে। টেক্সাসের আইন অনুযায়ী, এ ধরনের ঘটনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুরুতর হামলা হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে হামলার মামলা হতে পারে বলেও তিনি জানান।

শন টিয়ার জানান, তার কার্যালয় ও হ্যারিস কাউন্টির শেরিফের কার্যালয় যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তবে তিনি অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সহযোগিতা করছে না। তার মতে, ঘটনার সঙ্গে জড়িত গাড়িতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যও মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৪৮ বছর বয়সী মিগুয়েল পারা হার্নান্দেজের আইনজীবী ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িচাপায় তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে এবং একটি পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। সামনে তাকে আরও কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।

হিউস্টনের স্থানীয় সংবাদমাধ্যম কেপিআরসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে একটি সাদা রঙের গাড়ি বিপরীত দিক দিয়ে চলছিল। একপর্যায়ে গাড়িটি হলুদ বিভাজক পেরিয়ে মিগুয়েলের দৌড়ে যাওয়ার দিকের সড়কে চলে আসে। পরে গাড়িটি তার চলার পথের দিকে বাঁক নেয়। একটি বিপণিকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সরে যাওয়ার পর আইসিইর গাড়ির পেছনে সড়কে একজনকে পড়ে থাকতে দেখা যায়।

শন টিয়ার জানান, তদন্তকারীরা গাড়িটিকে জিপ চেরোকি হিসেবে শনাক্ত করেছেন। গাড়িটিতে দুর্ঘটনার সময়কার গতি, চালকের দিক পরিবর্তন এবং ব্রেক ব্যবহারের তথ্য সংরক্ষিত থাকার সম্ভাবনা ছিল। এসব তথ্য সংগ্রহের জন্য গাড়িটি ঘটনাস্থল থেকে সরানোর আগে বিশেষ ব্যবস্থায় নিয়ে গিয়ে পরীক্ষা করা প্রয়োজন ছিল।

তার দাবি, তদন্তকারীরা আইসিইকে গাড়ির তথ্য সংগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু সংস্থাটি তাতে সহযোগিতা করেনি। তার কার্যালয় গাড়িটি তল্লাশির পরোয়ানা তৈরির কাজ করছিল। এর মধ্যেই সন্দেহ করা ওই কর্মকর্তা গাড়িতে উঠে সেটি ঘটনাস্থল থেকে নিয়ে চলে যান। শন টিয়ার বলেন, তার ২০ বছরের কর্মজীবনে এমন ঘটনা আগে দেখেননি।

তবে গাড়ির তথ্য মুছে ফেলা হয়েছে কি না, সে বিষয়ে আইসিই কোনো মন্তব্য করেনি। তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগেরও জবাব দেয়নি সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আইসিইর এক মুখপাত্র এক বিবৃতিতে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগকে মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেন। সংস্থাটির বক্তব্য, তাদের কর্মকর্তারা আইন প্রয়োগের দায়িত্ব পালন করেন এবং তাদের পেশাগত সততা ও আচরণের সর্বোচ্চ মান বজায় রাখতে হয়। সংবাদমাধ্যমের কারণে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা বেড়েছে বলেও দাবি করেছে আইসিই, যদিও এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেয়নি।

আইসিইর দাবি, মিগুয়েলকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। সংস্থাটি অন্য এক ব্যক্তিকে আটক করতে চেয়েছিল। ওই ব্যক্তি জোসে মেন্দোজা সারভান্তেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান এবং একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে মিগুয়েলের আইনজীবী কিম ব্রুনো ও অভিবাসী অধিকার সংগঠন ফিয়েলের সহপ্রতিষ্ঠাতা সিজার এস্পিনোসা জানিয়েছেন, মিগুয়েল কিংবা তার সঙ্গে থাকা ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। মিগুয়েলের পরিবার ও আইনজীবীর দাবি, তার কোনো অপরাধের রেকর্ড নেই এবং ঘটনার সময় তিনি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

শন টিয়ারের ভাষ্য অনুযায়ী, আইসিইর গাড়িতে অন্য একটি অভিযানের দুই ব্যক্তিও ছিলেন। ওই দুজন এবং মিগুয়েল—তিনজনই বর্তমানে আইসিইর হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে তাদের যুক্তরাষ্ট্রে রাখা নিশ্চিত করার চেষ্টা করছে তার কার্যালয়। তিনি বলেন, কাউকে হেফাজতে নেওয়ার পর একই গাড়িতে অন্য ব্যক্তিদের ধাওয়া করা হলে সংশ্লিষ্ট সবাই ঝুঁকির মধ্যে পড়েন।

তদন্তকারীদের মতে, গাড়িটি বিভাজক পেরিয়ে বিপরীতমুখী সড়কে যাওয়ার সময় জরুরি বাতি ও সাইরেন ব্যবহার করা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ঘটনার সময় ঘটনাস্থলে থাকা আইসিইর একাধিক কর্মকর্তার শরীরে ধারণযন্ত্র ছিল। সংস্থাটি এসব যন্ত্রের ভিডিও পর্যালোচনা করে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে।

ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে ট্রাম্প প্রশাসন গাড়ি থামিয়ে অভিযান চালানোর নিয়ম আরও কঠোর করার নির্দেশনা দিয়েছিল। এতে বলা হয়েছিল, নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারাই এ ধরনের অভিযান চালাতে পারবেন। অভিযানে ব্যবহৃত গাড়িতে জরুরি বাতি ও সাইরেন থাকতে হবে এবং ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের শরীরে ধারণযন্ত্র পরতে ও তা চালু রাখতে হবে।

শন টিয়ারের কার্যালয় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে ছবি বা ভিডিও রয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, তথ্য দেওয়ার জন্য কাউকে তার নাগরিকত্ব বা অভিবাসনসংক্রান্ত অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তদন্তের মূল লক্ষ্য হলো ঘটনার সত্যতা বের করা।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ কেভিন উইকহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ এম


বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ কেভিন উইকহ্যাম

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দ্বিপক্ষীয় সিরিজটি হবে দুটি টেস্টের। সিরিজটি সামনে রেখে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের দলে দুর্দান্ত ছন্দে থাকা শাই হোপকে রাখা হয়নি। মূলত সীমিত সংস্করণের অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে, চোট থেকে সুস্থ না হওয়ায় এই সিরিজে পেসার আলজারি জোসেফের অংশগ্রহণ হচ্ছে না।

এদিকে, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য কেভিন উইকহ্যামকে পুরস্কৃত করা হয়েছে। ২৩ বছর বয়সী এই ব্যাটার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। ইনিংসগুলো হলো—১০৫, ১৫৩ ও ১০৮*। টুর্নামেন্টে বার্বাডোজের হয়ে মোট ৩৯৩ রান করেছেন তিনি, যার গড় ৭৮.৬০।

জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওপেনার জন ক্যাম্পবেল দলে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি ছিলেন অনুপস্থিত।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এটি ক্যারিবিয়ানদের শেষ সিরিজ। বর্তমানে তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল-

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা. সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%