ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা


নওগাঁয় হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে (জুলাই) হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে এবং মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করেছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইল মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের জন্য সর্বদা তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রম আরও কার্যকর করার উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এই মতবিনিময় সভাটি রোববার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করছি। আমার একটাই লক্ষ্য-মহানগরবাসীর জন্য কিছু করা।"

তিনি আরও বলেন, "নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, নারীদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গোরস্থান ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বাড়াতে অ্যাম্বুলেন্স সেবা এবং মরদেহ পরিবহনের জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে।"

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের একযোগে কাজ করতে হবে। নতুন আয়ের খাত সৃষ্টি এবং বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স নবায়নসহ রাজস্ব আদায়ের কার্যক্রমে আরও গুরুত্ব দিতে হবে।"

তিনি আরও বলেন, "সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব হলে নগরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা দেওয়া যাবে। এই দিকে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"

মতবিনিময় সভাটি ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেট সঞ্চালনা করেন এবং সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। সভায় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩২৯ মামলা, জরিমানা আদায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩২৯ মামলা, জরিমানা আদায়

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ ১ হাজার ৩২৯ টি মামলা করেছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ৯০টি, লালবাগ বিভাগে ১৩৫টি, মতিঝিল বিভাগে ২৩০টি, ওয়ারী বিভাগে ৯৮টি, তেজগাঁও বিভাগে ১২২টি, মিরপুর বিভাগে ৩৩৪টি, উত্তরা বিভাগে ২০৪টি এবং গুলশান বিভাগে ১১৬টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানকালে মোট ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


তিন অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা পাকিস্তানের

পাকিস্তানের সরকারের মধ্যে জোরালো আলোচনা চলছে পাঞ্জাব, বেলুচিস্তান ও কেপি অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের জন্য। দেশটির একজন শীর্ষ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রদেশ গঠনের আলোচনা সম্ভাব্য ২৮তম সংবিধান সংশোধনীর প্রস্তুতির অংশ হতে পারে। সরকারি ওই কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে না, কারণ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য তৈরি করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আলোচনার মধ্যে রয়েছে—নতুন প্রদেশ গঠন করা উচিত হবে কি না, হলে কতটির প্রয়োজন হবে, নাকি এর পরিবর্তে আরও বেশি প্রশাসনিক ইউনিট তৈরি করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করে সেটিকে আরও ক্ষমতাবান করার বিষয়টিও বিবেচেনা রয়েছে।

সরকারি কর্মকর্তা জানান, ১৮তম সংশোধনীর পরিণতি মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় ছিল নতুন প্রদেশ গঠন করা। প্রদেশগুলোতে ক্ষমতা হস্তান্তর হলে কেন্দ্রীয় সরকারের সম্মুখীন হওয়া অনেক সমস্যা সমাধানে এটি সাহায্য করতে পারে।

সম্প্রতি পাকিস্তান ইকোনমিক সামিট ২০২৬-এ ভাষণ দেয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সকল রাজনৈতিক দলকে নতুন প্রদেশ গঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা সমাধানের আহ্বান করেন। তিনি এটিকে দেশের সার্বিক অবস্থার উন্নতির একমাত্র সমাধান হিসেবে বর্ণনা করেন। মন্ত্রীর এই প্রস্তাবের পর বিষয়টি কার্যকরের দিকে গতি পায়।

অন্য দিকে, দেশটির শীর্ষস্থানীয় আইনজীবী সংগঠনগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে আছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) এই প্রস্তাবকে সমর্থন করলেও, পাকিস্তান বার কাউন্সিল (পিবিসি) বলেছে যে এই ধরনের যেকোনো পদক্ষেপ অবশ্যই কঠোরভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে, সংসদের মাধ্যমে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করতে হবে।

সরকারের ওই কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে ‘ভেঙে পড়া ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন, তার একমাত্র সমাধান যদি শেষ পর্যন্ত আরও প্রদেশ গঠনের সিদ্ধান্ত হয়, তাহলে পরবর্তী প্রশ্ন হবে কতগুলো প্রদেশ গঠন করা উচিত। আলোচনায় করাচি ও গোয়াদর কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে আসতে পারে এবং সিন্ধুর বাকি অংশ একটি একক প্রদেশ হিসেবেই থাকবে বলেও প্রস্তাব উঠেছে। এর পাশাপাশি, বেলুচিস্তানকে দুটি প্রদেশ এবং পাঞ্জাবকে তিনটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার (কেপি) বিষয়টি জটিল, কারণ সেখানে পূর্বতন ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চলকে (ফাটা) একীভূত করা হয়েছে। পূর্বে ফাটা ও পাটা ব্যবস্থার অধীনে শাসিত এলাকাগুলোকে প্রাদেশিক সাংবিধানিক, আইনি ও বিচারিক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রের মতে, এরপরও খাইবার পাখতুনখাওয়াকে পশতুন ও হাজারা অঞ্চলে বিভক্ত করা হতে পারে।

একাধিক সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ সরাসরি স্থানীয় সরকারগুলোর কাছে পাঠানো যেতে পারে। ওই কর্মকর্তা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের আমলে প্রবর্তিত স্থানীয় সরকার ব্যবস্থা যদি ঠিকভাবে চালু থাকতো, তাহলে স্থানীয় সমস্যাগুলো মোকাবেলার জন্য অভিজ্ঞ এবং যোগ্য কাউন্সিলরদের একটি বিশাল দল পাওয়া যেত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

সৌদি আরব একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। যদিও এ ভিসা এক বছরের জন্য বৈধ, প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক, যা দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।

এই নতুন নির্দেশনার বিষয়টি রবিবার গালফ নিউজের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ ক্রয় করতে হবে। একই সাথে সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

জুলাই মাসে চালু হওয়া এ একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়সীমার মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে, ভিসার পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, ওমরাহ পালনে সুবিধা ও নমনীয়তা বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও ভিসার মেয়াদ এক বছর, প্রতিটি সফরের জন্য আলাদা সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বজায় থাকবে।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহ যাত্রীদের নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ পরিচালনা করতে হবে। সেবা প্যাকেজের মেয়দ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশী হতে পারবে না।

এছাড়া, সৌদি আরবে পৌঁছানোর আগে অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখিত তারিখটি অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের সঙ্গে মিলে যেতে হবে। মন্ত্রণালয় বলছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের জন্য অন্যান্য যোগ্যতা এবং শর্তগুলোও পূরণ করতে হবে।

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত একটি সেবা প্যাকেজ ক্রয়ের মাধ্যমে। এরপর ভিসার জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাইয়ের কাজ হবে, যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারী কত দিন সৌদিতে ছিলেন এবং ৯০ দিনের অনুমোদিত অবস্থানকাল থেকে এখনও কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয়ের এ ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে, শুধু একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই হবে না, প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করলে প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%