০৮:৩১ পি.এম
সৌদি আরব একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। যদিও এ ভিসা এক বছরের জন্য বৈধ, প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক, যা দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।
এই নতুন নির্দেশনার বিষয়টি রবিবার গালফ নিউজের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ ক্রয় করতে হবে। একই সাথে সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।
জুলাই মাসে চালু হওয়া এ একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়সীমার মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে, ভিসার পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
আরও পড়ুন: বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করলেন সাংবাদিক উইল মারে
মন্ত্রণালয় আরও জানায়, ওমরাহ পালনে সুবিধা ও নমনীয়তা বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও ভিসার মেয়াদ এক বছর, প্রতিটি সফরের জন্য আলাদা সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বজায় থাকবে।
প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহ যাত্রীদের নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ পরিচালনা করতে হবে। সেবা প্যাকেজের মেয়দ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশী হতে পারবে না।
এছাড়া, সৌদি আরবে পৌঁছানোর আগে অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখিত তারিখটি অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের সঙ্গে মিলে যেতে হবে। মন্ত্রণালয় বলছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের জন্য অন্যান্য যোগ্যতা এবং শর্তগুলোও পূরণ করতে হবে।
প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত একটি সেবা প্যাকেজ ক্রয়ের মাধ্যমে। এরপর ভিসার জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: মায়ের জন্মদিনের উপহার বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা কিশোরের
যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাইয়ের কাজ হবে, যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারী কত দিন সৌদিতে ছিলেন এবং ৯০ দিনের অনুমোদিত অবস্থানকাল থেকে এখনও কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।
মন্ত্রণালয়ের এ ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে, শুধু একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই হবে না, প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করলে প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন