বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৭ পি.এম
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিনি কনফারেন্স রুমে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যাম্পিয়নশিপের সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কচুরিপানার নিচে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না এক মাদককারবারীর। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে খালের পানিতে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদককারবারী মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মাদক নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে নাগেশ্বরী থানার একটি চৌকস দল পৌরসভার ঠুঁটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঠুঁটা পাইকর এলাকায় মোটরসাইকেল ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করে থাকেন। স্থানীয় জনতা ও পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে।
পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নম্বরবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদককারবারী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।
বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনে র মাধ্যমে এই বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এছাড়া, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকের ক্ষতিকর প্রভাব থেকে কিশোর-কিশোরী ও যুবসমাজকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সুস্থ ও সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের জন্য জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমটি বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, যা জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বিএনপি নেতা আমিনুর রহমান ইকু, রফিকুল ইসলাম চপল প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানে তরুণ ও কিশোরদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য এমন উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
স্থানীয় তরুণ-তরুণী ও অভিভাবকরা এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে। এই অভিযানে মাদক সেবন ও পাচার, চুরি এবং পরোয়ানাভুক্ত আসামি সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৮টার সময় চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
এছাড়া, মাদক সেবনের অপরাধে বাহারুল ইসলাম (২৪), দুইজন হাসান (৩৮ ও ২০), লিমন হোসেন (২৩) এবং আল আমিন (২১) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি হেলাল উদ্দিন (৪৫) এবং বিল্লাল হোসেন (৩৭) সহ একটি চুরি মামলার পলাতক আসামি রবিউল হাসান (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ