০৩:৫৭ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অপহরণ মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার কারণে ইউসুফ মোল্লা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায়। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
নিহতের মামা ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বেতন নিয়ে বাড়ি ফেরার সময় ইউসুফ তক্কার মাঠ এলাকায় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে অন্যদের ওপর হামলা ও ভাঙচুর করতে দেখতে পান। এ সময় ইউসুফ ঘটনাটির ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে হামলাকারীদের নজরে আসে। পরে তারা ইউসুফের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ইউসুফকে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন