ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফুয়াদ: পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায়


ফুয়াদ: পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায়

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন, পাহাড় থেকে গার্মেন্টস ও গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়।

তিনি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়। এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

তিনি আরও বলেন, ‘এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ব্যারিস্টার ফুয়াদ যোগ করেন, ‘ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামের সংকটকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। এ অঞ্চলের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।’

আলোচনা সভায় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান এবং পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমুখ।

আরও পড়ুন: টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এই অভিযানে মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়, আর মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি দিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। অগ্নিনির্বাপণের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী

রমজান উপলক্ষে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মন্তব্য করেন, "ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।"

আলজেরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে জানান, আলজেরিয়ায় বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। তিনি বলেন, "প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে।" এছাড়া, একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দেশটির সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীর সামনে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন। তিনি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, মেলায় সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ

মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত ১৮ বছর বয়সী চীনা শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করেছেন তার শিক্ষক ও সহপাঠীরা। মৃত্যুর পূর্বে সহপাঠীদের সঙ্গে একবার শ্রেণিকক্ষে বসে পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরে হাসপাতালের মধ্যে তার জন্য একটি অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না পোস্টের -এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়াও গুইঝৌ প্রদেশের সংজিয়াং মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন, যার ডাকনাম বেইবেই। পাঁচ বছর আগে তার রক্তের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার কারণে মাঝে মাঝে পড়াশোনা বন্ধ রাখতে হলেও সুস্থবোধ করলে তিনি স্কুলে ফিরতেন।

তিন মাস আগে আবারও অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাদের নিজ শহরের হাসপাতালে ফিরে যেতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সহপাঠীদের সঙ্গে শেষবারের মতো ক্লাস করার ইচ্ছা প্রকাশ করেন।

তার ইচ্ছা বাস্তবায়নে শিক্ষকরা হাসপাতালে একটি অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করেন। সেখানে তিনি ইংরেজি ক্লাসেও অংশ নেন সহপাঠীদের সঙ্গে। কিন্তু ক্লাসের দুই দিন পর, ৭ নভেম্বর, বেইবেই মারা যান। তার শেষ ক্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চীনের অনেক মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করলেন বাপ্পা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


‘আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’ সঞ্জীব চৌধুরীকে স্মরণ করলেন বাপ্পা

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। ২০০৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই বিশেষ দিনটি স্মরণে সহকর্মী ও বন্ধু সংগীতশিল্পী বাপ্পা মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। একই সঙ্গে, রাজধানীতে স্মরণানুষ্ঠান ও ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হয়েছে।

বাপ্পা মজুমদার বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে লিখেছেন, ‘১৯টা বছর হয়ে গেল! আপনি নাই সঞ্জীব দা! সময় কীভাবে চলে যায়! আপনি তবুও অমলিন! চিরঞ্জীব!’

১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার মিলে গঠন করেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। তাদের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।

সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সঞ্জীব সন্ধ্যা’ নামক একটি আয়োজন করা হচ্ছে। এছাড়া, তাকে শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%