১০:১১ এম
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আঘাত হানার আগেই এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।’
এর পূর্বে, তিনি একটি আলাদা পোস্টে জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করেছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত
এদিকে, ইরান সমর্থিত হুতিরা আল-জাউফের আকাশে সৌদি বিমান ভূপাতিত করার দাবি করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আল-জাউফের আকাশসীমায় শত্রুতামূলক কার্যক্রমের সময় তারা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমানকে ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে সারি উল্লেখ করেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি তাদের পঞ্চম বিমান ভূপাতিত করার ঘটনা।
পাল্টাপাল্টি হামলা এবং সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেনের একাধিক অঞ্চল। সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ৭২টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গ্রীষ্মে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ৫ হাজার ২০টিতে পৌঁছেছে।
অন্যদিকে, গত কয়েক ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ৭২৩টি অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এর মধ্যে রয়েছে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন আক্রমণ, ৮৯টি রকেট এবং ৫৪১টি গোলাবর্ষণ। এসব অভিযানে তিন শতাধিক যোদ্ধা ও নেতা নিহত বা আহত হয়েছেন এবং ১১৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি বাহিনী দাবি করেছে। তাইজ, মারিব ও আল-জাওফসহ বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি কমে বিক্ষোভে উত্তাল
জুলাই থেকে সংঘাত তীব্র হওয়ার পর মানবিক সংকট আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, আগস্ট থেকে সামরিক উত্তেজনার ফলে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন