ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর


বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরান সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার খবর দিয়েছে দেশটির বিচার বিভাগ।

গত জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রোববার (১৬ আগস্ট) বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, শাহরাম সাদেগি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কর্মকাণ্ড পরিচালনা’ করার অভিযোগ ছিল।

বিচার বিভাগের দাবি অনুযায়ী, গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিক্ষোভের সময় সাদেগি গাড়ি চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেয়। এর ফলে সাতজন পুলিশ সদস্য আহত হয়।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে সেই বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ৮ ও ৯ জানুয়ারি এই বিক্ষোভ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে।

এছাড়া, ইরানি কর্তৃপক্ষ জানায় যে, ওই বিক্ষোভ ও সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সরকার এই ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিকল্পিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে। তবে বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে যে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ক্রমবর্ধমান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের বড় একটি অংশের সঙ্গে ওই বিক্ষোভের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)-এর তথ্য অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮৯ সালের পর এটি ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অনুযায়ী বিশ্বে চীনের পর ইরানের অবস্থান দ্বিতীয়।

সূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিক করতে আসছে ই-জিপি ২.০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিক করতে আসছে ই-জিপি ২.০

সরকার ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ২.০ চালুর উদ্যোগ গ্রহণ করে দেশের সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব করতে আগ্রহী। এই উদ্যোগের জন্য একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে। পাশাপাশি, সরকারি ক্রয় আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে।

রোববার (১৬ অগাস্ট) গণমাধ্যমের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ২০০১ সালে যাত্রা শুরু করা সরকারি ক্রয়ব্যবস্থা বর্তমানে দেশের ডিজিটাল সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে এবং এ খাতে সংস্কার এখনও চলমান রয়েছে।

কামরুজ্জামান জানান, সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার ২০০৩ সালের সরকারি ক্রয় প্রবিধানের মাধ্যমে শুরু হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে সরকারি ক্রয় আইন এবং ২০০৮ সালে সরকারি ক্রয় বিধিমালা প্রণীত হয়। সর্বশেষ ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালা এবং সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে এ প্রক্রিয়া আরও সমৃদ্ধ করা হয়েছে।

২০২৩ সালে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রতিষ্ঠার মাধ্যমে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকে (সিপিটিইউ) একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থায় রূপান্তর করা হয়। এর ফলে সংস্থাটির দায়িত্ব ও কার্যপরিধি বেড়ে যায়।

বিপিপিএ কর্তৃপক্ষ জানান, সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও আধুনিকীকরণের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করবে। বিপিপিএ এসব সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

সরকারি ক্রয়ের পরিধি গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বলে মন্তব্য করেছেন কামরুজ্জামান। তার বক্তব্য অনুযায়ী, ২০০৩ সালে সরকারি ক্রয়ের বার্ষিক বাজার ছিল প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। ২০১০ সালে এটি বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার কোটি ডলারে এবং বর্তমানে এর পরিমাণ প্রায় ৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

এ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি ক্রয়ের পরিমাণও বাড়বে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি এবং দক্ষ জনবল।

বিপিপিএ সম্প্রতি এই লক্ষ্যে তিনটি অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করেছে। এসব কর্মশালায় ই-জিপি ব্যবস্থার উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং বিপিপিএ’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়।

সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, শিক্ষাবিদ ও ক্রয় বিশেষজ্ঞরা এসব কর্মশালায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ ওঠে।

তিনি টেকসই ক্রয়ব্যবস্থার বিষয়ে বলেন, সরকারি ক্রয় শুধুমাত্র ব্যয় সাশ্রয়, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এটিকে দীর্ঘমেয়াদি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক মূল্য সৃষ্টির পাশাপাশি একটি কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

তার মতে, সরকারি ক্রয়ব্যবস্থায় টেকসই উন্নয়নের নীতি অন্তর্ভুক্ত করা, পরিবেশবান্ধব ও জলবায়ুসহনশীল ক্রয়ব্যবস্থার প্রসার, উদ্ভাবনকে উৎসাহিত করা, স্থানীয় শিল্পকে সহায়তা দেওয়া, ডিজিটাল ক্রয়ব্যবস্থা সম্প্রসারণ এবং পুরো প্রক্রিয়ায় অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিপিএ সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে বলেও তিনি জানান।

সরকারি ক্রয়ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরে কামরুজ্জামান বলেন, ২০১০ সালে একটি সরকারি ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে প্রায় ১০০ দিন লেগে যায়। বর্তমানে এটি কমে ৫৪ দিনে এসে পৌঁছেছে।

ই-জিপি চালুর আগে মূল দরপত্রের মেয়াদের মধ্যে মাত্র ১২ শতাংশ চুক্তি স্বাক্ষরিত হতো, কিন্তু বর্তমানে এ হার ৯৯ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া, চুক্তি প্রদানসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের হার ১৫ শতাংশ থেকে বেড়ে শতভাগে পৌঁছেছে এবং দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের হারও ২০ শতাংশ থেকে বেড়ে শতভাগে উন্নীত হয়েছে।

বিপিপিএ প্রধান জানান, এসব পরিবর্তনের ফলে সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহি ও প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আজ আর নেই। আজ রোববার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নেন। আজ বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে। নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছাড়াও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাথে যুক্ত ছিলেন। প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া নূরুল হাসান খানের মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থা -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সবাই গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ছাত্রদলের দোয়া ও কবর জিয়ারত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ছাত্রদলের দোয়া ও কবর জিয়ারত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে, তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সময়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা, এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার সঙ্গে সঙ্গে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে, নেতাকর্মীরা কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা মন্তব্য করেন যে, নেতৃত্বের পরিবর্তন হলেও আদর্শের মৃত্যু হয় না। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারই ছিল এই আয়োজনের মূল বার্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় তুলা-টিস্যু দিয়ে তৈরি হচ্ছিল স্যানিটারি ন্যাপকিন, কারখানা সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বগুড়ায় তুলা-টিস্যু দিয়ে তৈরি হচ্ছিল স্যানিটারি ন্যাপকিন, কারখানা সিলগালা

বগুড়ায় অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সার্জিক্যাল পণ্য ও স্যানিটারি ন্যাপকিন তৈরি করার অভিযোগে এশা এন্টারপ্রাইজ নামের একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এই কারখানার অবৈধ উৎপাদন স্থান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া মহানগরীর ফুলদীঘি উত্তরপাড়া এলাকায় র‌্যাব-১২ বগুড়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ফুলদীঘি উত্তরপাড়ার একটি বাসাবাড়িতে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নারীদের স্যানিটারি ন্যাপকিন, শিশুদের নেবুলাইজার, ব্রেস্ট ফিডার পাম্পসহ বিভিন্ন সার্জিক্যাল সরঞ্জাম তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ উৎপাদন কার্যক্রম পরিচালিত স্থানটি সিলগালা করে দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই এসব পণ্য তৈরি করছিল। ‘জবা’ ও ‘সেফ কেয়ার’ নামের স্যানিটারি ন্যাপকিনের মোড়কে উৎপাদনস্থল হিসেবে ধামরাইয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছিল। এটি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারা অনুযায়ী প্রতারণা।

তিনি আরো বলেন, অত্যন্ত নিম্নমানের তুলা ও সাধারণ ফ্রেশ টিস্যু মুড়িয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে মোড়কজাত করা হচ্ছিল।

এসব পণ্য নারীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি অবৈধ উৎপাদন স্থান সিলগালা করা হয়েছে। মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের কার্যক্রম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে।

র‌্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার ফিরোজ আহম্মেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়। পরে তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা ও ক্ষতিকর উৎপাদন স্থান সিলগালা করা হয়েছে।

তবে কারখানার যেসব অংশে তুলনামূলক ঝুঁকিমুক্ত অন্যান্য পণ্য তৈরি করা হচ্ছিল, সেসব অংশ সচল রাখার সুযোগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%