ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে কিশোর নিহত, আহত দুইজন


কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে কিশোর নিহত, আহত দুইজন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই কিশোর মো. রবিন (১৬) ও তাজ (১৫) আহত হয়েছে।

আহত রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহত তাজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় চলচ্চিত্র অভিনেতা ডিপজলের ভাড়াটিয়া বাড়ির গলিতে তাজ ও রবিন গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কিশোররা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

এ সময় নাঈম মোল্লা তৃতীয় পক্ষ হিসেবে তাদের থামানোর চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে উভয় পক্ষের কিশোররা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত নাঈম এবং রবিনকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাঈম মারা যান। পরে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত নাঈম মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন এবং একটি প্যান্ট তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আহত মো. রবিন কুমিল্লা জেলার মেঘনা থানার মোহাম্মদপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় বসবাস করেন। অপরদিকে, তাজকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেয়।

আরও পড়ুন: নেছারাবাদে ১৭ পূজামণ্ডপে বিএনপি নেতা ময়নুল হক রাসেলের অনুদান

স্থানীয় সূত্রে জানা যায়, তাজ এবং রবিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে প্রথম দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকায় চলাচলের সময় সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে তাদের মধ্যে আবারো বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই বিরোধের পক্ষভুক্ত ছিলেন না; তিনি ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করতেই হামলার শিকার হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার রাতের আঁধারে কৃষকের পাট ক্ষেত বিনষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


রাজবাড়ীতে পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার রাতের আঁধারে কৃষকের পাট ক্ষেত বিনষ্ট

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুল মোল্লা নামে এক কৃষকের সাথে শত্রুতার খেলায় মেতে উঠেছে দুর্বৃত্তরা।

তার জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার ওই একই জমিতে থাকা পাট ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।

শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাট গাছের মাথা ভেঙে দেয়।

এতে পুরো ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবুল মোল্লা নামে এক কৃষকের সাথে শত্রুতার খেলায় মেতে উঠেছে দুবৃত্তরা। তার জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার ওই একই জমিতে থাকা পাট ক্ষেত বিনষ্ট করেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।
শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাট গাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘ দিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি। 
ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা বলেন, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার  সকাল ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, গত পেঁয়াজের মৌসুমে আমার পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করে ক্ষতি সাধন করে। অনেক কষ্টে একই জমিতে পাট চাষ করি। এ পাট ক্ষেতও নষ্ট করলো। আমি অপরাধীদের বিচার চাই।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সরেজমিন পাট ক্ষেত পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলেছি। সেখানে রাজনৈতিকদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আসলে ফসলের ক্ষতি করা ন্যাক্কারজনক কাজ। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের পর চুয়েটে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের পর চুয়েটে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্ডেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে।

মেসিদের এই জয়ে উল্লাসে ফেটে পড়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্জেন্টিনা সমর্থকরা।

বিশ্বকাপ উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এলইডি জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি উপভোগ করার জন্য ভোর ৪টা থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।

ম্যাচজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি মাঠে উপস্থিত ব্রাজিল সমর্থকরাও ছিলেন বেশ সক্রিয়। ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এতে ব্রাজিল সমর্থকরা নীরব হয়ে গেলেও মাঠের আবহ পরিবর্তন ঘটে ম্যাচের ৫৯ মিনিটে। ডেরয় দুয়ার্তে গোল করে কেপ ভার্ডেকে সমতায় ফেরান। কেপ ভার্ডের গোল এবং সুযোগ তৈরির মুহূর্তগুলোতে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল ব্রাজিল সমর্থকদের মধ্যে। আবার আর্জেন্টিনা আক্রমণে গেলেই গর্জে উঠছিল আকাশী-নীল শিবির। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন পাল্টাপাল্টি উচ্ছ্বাসে সেন্ট্রাল ফিল্ডে তৈরি হয় একটি ভিন্নমাত্রার বিশ্বকাপ আবহ।

অতিরিক্ত সময়ের শুরুতে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা যখন এগিয়ে যায়, তখন আর্জেন্টিনা সমর্থকরা জয়ের আশা করতে শুরু করেন। কিন্তু ম্যাচের ১০৩ মিনিটে দুর্দান্ত এক গোলে কেপ ভার্ডে পুনরায় সমতায় ফেরে। এতে ব্রাজিল সমর্থকরা ফেটে পড়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে। তবে অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে কেপ ভার্ডের রক্ষণভাগের খেলোয়াড় ডিনি বোর্জেসের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার জয়সূচক এই গোলের পর থেকেই সেন্ট্রাল ফিল্ড কার্যত আকাশী-নীল সমর্থকদের দখলে চলে যায়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের পরিবেশ আনন্দধ্বনি, করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে।

খেলা দেখতে আসা পানি সম্পদ কৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা বলেন, "এত কঠিন ম্যাচ হবে ভাবিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কেপ ভার্ডে আর্জেন্টিনাকে চাপে রাখার চেষ্টা করছিল। এক গোল হজম করার পর ম্যাচের শেষ পর্যন্ত বারবার সেই ঘানার তান্ত্রিকের কথাই মনে পড়ছিল। তবে দিনশেষে আমরা জয় পেয়েছি। তাই খুবই আনন্দ লাগছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেদের অর্থে ভাঙা ব্রিজ সংস্কার দৃষ্টান্ত স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মাদারীপুরে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেদের অর্থে ভাঙা ব্রিজ সংস্কার দৃষ্টান্ত স্থাপন

মাদারীপুরের কালকিনিতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি ভাঙা ব্রিজ সংস্কার করে এলাকার মানুষের মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সমাজসেবক রেজাউল ফকির ও আবু সাঈদ। তাদের এই মহতী উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন গ্রামবাসী। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের ৯৩ নং পূর্ব চর আইর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সড়কের মধ্যে রনি হাওলাদারের বাড়ির সামনে একটি বক্স কালভার্টের সংস্কার কাজ শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্স কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। যা অবৈধ মাহিন্দ্রা ট্রলি চলাচলের ফলে কালভার্টটি মাঝখানে ভেঙে যায়। ফলে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। বিশেষ করে স্কুলর কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। গ্রামবাসীর এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে আসেন এলাকার সুপরিচিত সমাজসেবক রেজাউল ফকির ও আবু সাঈদ। তারা কারও অনুদান বা সরকারি তহবিলের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় সংস্কার সামগ্রী এনে কালভার্টটি মেরামতের উদ্যোগ নেন। তাদের প্রচেষ্টায় কালভার্টটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রনি হাওলাদার বলেন, কালভার্টটি জন্য আমাদের কষ্টের সীমা ছিল না। বিশেষ করে শিশু বৃদ্ধদের চলাচলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো রিকশা-ভ্যান চলাচল করতে পারত না। সমাজসেবক রেজাউল ফকির ও আবু সাঈদ নিজেদের খরচে আমাদের এই কালভার্টটি সংস্কার করে দিচ্ছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এই বিষয়ে জানতে চাইলে সমাজসেবক রেজাউল ফকির ও আবু সাঈদ বলেন, আমারা কোনো প্রশংসা বা প্রচারের জন্য এটি করিনি। প্রতিদিন চোখের সামনে ছোট ছোট ছেলে-মেয়ে আর অসুস্থ মানুষকে এই কালভার্টটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী কালভার্টটি চলাচলের যোগ্য করার চেষ্টা করেছি মাত্র। আমাদের সবারই উচিত শুধু সরকারের ওপর ভরসা না করে নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে এগিয়ে আসা।

কালভার্টটি সংস্কারের পর এলাকার সাধারণ মানুষ অনেকেই বলছেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ এলাকার জনদুর্ভোগে এগিয়ে আসেন, তবে দেশের গ্রামীণ অবকাঠামোর চিত্র দ্রুত বদলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা নীতিতে বড় পরিবর্তন, ছয়টি নতুন সিদ্ধান্ত নিল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ভিসা নীতিতে বড় পরিবর্তন, ছয়টি নতুন সিদ্ধান্ত নিল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ এবং ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন। এখবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খালিজ টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ভিসা চালু করেছে। এর ফলে ১৪ ও ৬০-দিনের ভিসা ক্যাটাগরির অধীনে আরও বেশি ভ্রমণকারীর জন্য আমিরাতে ভ্রমণ করা সহজ হয়েছে। পূর্বে এই সুবিধাটি শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ ছিল, কিন্তু এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

আইসিপি যোগ্য বসবাসের দেশগুলোর তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ আবাসিকরাও এই সুবিধা পাবেন।

৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসার অনুমোদনও আসছে। দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন ৪৮ ঘণ্টার মধ্যে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া যাবে।

এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসার নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়মের আওতায় একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্য বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে। যদি একাধিক মালিকের অধিকার থাকে, তবে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে, তবেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে কিছু দর্শনার্থী অব্যাহতি পেয়েছিলেন। তাদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরিস্থিতি শেষ হওয়ায় যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের পূর্বে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।

দুবাই সরকার ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে। বিদেশি রোগীদের জন্য এটি চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, যার জন্য জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এটির মাধ্যমে চিকিৎসা পর্যটকদের ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা ও পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত, এবং স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%