ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাকরোচ জনতা পার্টির দাবি, বিক্ষোভের আগে ১০ হাজার কর্মী আটক


কাকরোচ জনতা পার্টির দাবি, বিক্ষোভের আগে ১০ হাজার কর্মী আটক

ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের আগে দেশজুড়ে ১০ হাজারের বেশি নেতা-কর্মী ও সমর্থককে আটক করার দাবি করেছে ‘কাকরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party—CJP)। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভের কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ দমনে কর্তৃপক্ষ এই আটকের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আটককৃতদের সংখ্যা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দলের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে তাদের নেতা-কর্মী, শিক্ষার্থী, তৃণমূল পর্যায়ের সংগঠক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা অন্তর্ভুক্ত রয়েছেন। পুনে থেকে দিল্লির বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে কয়েকজন শিক্ষার্থীকে আটক করার অভিযোগও করেছে দলটি। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন—এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। দলটি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় তাদের সমর্থকরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন: এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন জেডি ভ্যান্স

খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়ার বিষয়টি রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া মানেই চূড়ান্তভাবে ভোটাধিকার বাতিল হওয়া নয়। নির্বাচন কমিশন এবং বিজেপির বক্তব্য, মৃত ভোটার, একাধিকবার অন্তর্ভুক্ত নাম এবং অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকা সংশোধন করা হচ্ছে।

এর আগে বুধবার ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যকে কিছু সময়ের জন্য আটক করা হয়েছিল। কংগ্রেস পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুললেও দিল্লি পুলিশ কোনো অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির একজন মুখপাত্রও বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

‘কাকরোচ জনতা পার্টি’ মূলত একটি ব্যঙ্গাত্মক অনলাইন তরুণ আন্দোলন হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় হয়েছে। এর আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তাদের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনা আলোচনায় আসে।

শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে। তবে ১০ হাজারের বেশি নেতা-কর্মী আটকের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে কক্ষে ডেকে নিয়ে র‍্যাগিং, এক ছাত্রী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ এম


পাবিপ্রবিতে কক্ষে ডেকে নিয়ে র‍্যাগিং, এক ছাত্রী হাসপাতালে ভর্তি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রী হলে ডেকে নিয়ে কয়েকজন শিক্ষার্থীকে র‍্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কিছু ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘গণতন্ত্র হলে’ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তাকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকার এসোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গণতন্ত্র হলের ১০৩৫ নম্বর কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের সাত ছাত্রীকে ডেকে নেন ওই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামিহা, উর্মী, নিশাত, শ্রেয়া, মিম, মারিয়া, আফিয়া, ফারজানা ও ইফতি।

তাদের অভিযোগ, প্রথমে পিকনিকের কথা বলে কক্ষে ডাকা হলেও সেখানে যাওয়ার পর তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ ও গালাগাল করা হয়। একপর্যায়ে তাদের মোবাইল ফোন নিয়ে চেক করা হয়। এসময় ব্যক্তিগত বিষয় নিয়েও বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে অন্য একটি কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। তবে এরপরও অন্য শিক্ষার্থীদের র‍্যাগিং চলতে থাকে। পরে আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমাদের পিকনিকের কথা বলে গণতন্ত্র হলের একটি রুমে ডাকা হয়। সেখানে যাওয়ার পর পিকনিকের কোনো কথা না বলে আমাদের ধমক দিতে শুরু করে। আমার নামে বিভিন্ন অভিযোগ করতে থাকে। চতুষ্পদ প্রাণীর মতো ১০ ধরনের ডাক দিতে বলা হয়। আমি ক্যাম্পাসের লেকে কেন গেছি, রিডিং রুমে কেন গেছি, ছেলেদের সঙ্গে কেন দেখা যায় এসব প্রশ্ন করা হয়। এমনকি আমি কোনো ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি কি না, তা দেখতে আমার মোবাইলও নিয়ে চেক করা হয়।’

তিনি আরো বলেন, ‘এক পর্যায়ে আমার অস্বস্তি লাগতে শুরু করে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে আমি শুয়ে পড়ি। এরপর কি হয়েছে, তা আর মনে নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী বলেন, ‘অনেকক্ষণ র‍্যাগিং করার পর আমাদের এক বান্ধবী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনেকবার বললেও তাকে সঙ্গে সঙ্গে ছাড়া হয়নি। এক ঘণ্টারও বেশি সময় পর যখন সে সুস্থ হচ্ছিল না, তখন আমরা প্রায় সবাই কান্না শুরু করি। পরে তাকে হাসপাতালে নেওয়ার অনুমতি দেওয়া হয়।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রীদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

এদিকে, হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক। এসময় প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা বডির অন্যান্য শিক্ষকও হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। র‍্যাগিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কোনো ঘটনার অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট, যাত্রী ও চালকের চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ এম


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট, যাত্রী ও চালকের চরম ভোগান্তি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও ঘাটের অভাবের কারণে প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় চালক ও সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে ঘাট সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করা হলে দেখা যায়, ঘাটের দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা এসব যানবাহনের চালক ও সহযোগীরা দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে হঠাৎ করে তীব্র স্রোত এবং নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তের অধিকাংশ ঘাটে ফেরি ভিড়তে পারছে না। বর্তমানে কেবল ৪ ও ৬ নম্বর ঘাট কোনো রকমে সচল রাখা সম্ভব হয়েছে। তবে প্রবল স্রোতের কারণে ৬ নম্বর ঘাটেও ফেরি ভিড়তে চরম বেগ পেতে হচ্ছে।

এছাড়া, পন্টুন এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাটটি নাব্যতা সংকটের কারণে গত প্রায় এক মাস ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে সীমিতসংখ্যক ঘাটের মাধ্যমে যানবাহন পারাপার করতে গিয়ে ফেরি চলাচলের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে।

বিআইডব্লিউটিসির (BIWTC) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানিয়েছেন, বর্তমানে মাত্র দুটি ঘাট সচল রয়েছে। গুরুত্বপূর্ণ ৭ নম্বর ঘাটটি নাব্যতা সংকটের কারণে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। ঘাটগুলো সচল হলে যানজট ও পারাপারের সমস্যা থাকবে না। বর্তমানে ছোট-বড় মোট ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘাটের সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পন্টুন বা ঘাট সচল না থাকায় প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি পরিবহন খরচ গুনতে হচ্ছে, অন্যদিকে পচনশীল ও জরুরি পণ্য নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে চালক ও ব্যবসায়ীরা চরম শঙ্কায় রয়েছেন।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিআইডব্লিউটিএ (BIWTA) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে নদীখনন (ড্রেজিং) করে নাব্যতা সংকট নিরসন এবং বন্ধ ঘাটগুলো অবিলম্বে সচল করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও চালকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশভিলের আদালতে বন্দুক-ছুরি নিয়ে হামলার চেষ্টা, নিহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


ন্যাশভিলের আদালতে বন্দুক-ছুরি নিয়ে হামলার চেষ্টা, নিহত একজন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি ফেডারেল আদালতের প্রবেশপথে বন্দুক ও ছুরি নিয়ে হামলার চেষ্টা করেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিরাপত্তারক্ষীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ন্যাশভিল নগর পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি প্রথমে নিজের বন্দুক দিয়ে গুলি চালানোর চেষ্টা করেন। কিন্তু বন্দুকটি কাজ না করায় তিনি ছুরি বের করেন। এ সময় আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তি অন্য একটি অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি কেন আদালতে এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

ফেডারেল আদালতে প্রবেশের আগে দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের চুক্তিভিত্তিক সাবেক পুলিশ কর্মকর্তারা এসব প্রবেশপথের নিরাপত্তার দায়িত্বে থাকেন। স্থানীয় ফেডারেল জজ রবার্ট ম্যাকগুয়ের জানিয়েছেন, ঘটনার স্থানটি আদালতে প্রবেশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পথগুলোর একটি।

ঘটনার পর পাশের গ্রন্থাগার বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কুকুর নিয়ে আশপাশের এলাকা তল্লাশি করে। কাছের ভবনগুলোর কর্মীরাও বাইরে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ম্যাকগুয়ের জানান, আদালত ভবনেই স্থানীয় ফেডারেল জজের কার্যালয় এবং টেনেসি অঙ্গরাজ্যের দুই মার্কিন সিনেটরের কার্যালয় রয়েছে। এর আগে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি বা অনুপযুক্ত আচরণের ঘটনায় লোকজনকে বের করে দেওয়ার ঘটনা ঘটলেও এবারের মতো গুরুতর পরিস্থিতি আগে দেখা যায়নি।

গুলির খবর ছড়িয়ে পড়ার পর আদালতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ম্যাকগুয়ের বলেন, অনেকে নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে পরিবারের সদস্যদের ফোন করেন। তিনিও নিজের স্ত্রী, ছেলে এবং পরিচিতদের ফোন করে নিরাপদ থাকার কথা জানিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বাংলাদেশ জাতীয় দলের জন্য এটি বিদেশের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ খেলার একটি ঐতিহাসিক অভিজ্ঞতা।

আইসিসির কঠোর নিয়ম অনুযায়ী, একটি দলের নাম আনুষ্ঠানিকভাবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হতে হলে, তাদের টানা তিন বছরের মধ্যে অন্তত ৮টি টেস্ট ম্যাচ খেলতে হবে। আবুধাবির এই ম্যাচটি আফগানিস্তানের জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে ষষ্ঠ টেস্ট ম্যাচ।

এ কারণে, আফগানদের আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিংয়ের বিশ্বতালিকায় নাম তুলতে আরো দুটি লাল বলের ম্যাচ খেলার প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%