১১:০০ এম
পাকিস্তানের লাহোরের কাছে অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। দুর্ঘটনার প্রেক্ষিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার স্থান লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টার। নিহত শিশুদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি করা হয়েছে।
জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়ে যায়।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
এ ঘটনায় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়েছে।
নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানিয়েছেন, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই শোচনীয় ছিল। তিনি দাবি করেন, যখন শিশুরা পড়াশোনা করছিল তখন ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণে ছাদটি ধসে পড়ে।
এলাকার আরেক বাসিন্দা বিবিসিকে বলেন, এত পরিবারের শিশু মারা গেছে যে, কার বাসায় আগে সমবেদনা জানাতে যাবেন, সেটাই বুঝতে তিনি পারছেন না।
ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এই ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি বললে, তিনি উল্লেখ করেন যে, ১৪ নিরীহ শিশুর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন