০৪:০৬ এম
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন।
তিনি মঙ্গলবার (৯ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
নিপুণ রায় চৌধুরী আরও বলেন, বিভিন্ন জরিপে উঠে এসেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক নারী কোনো না কোনো ধরনের ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক শিশু সাইবার বুলিং, অনলাইন যৌন হয়রানি ও বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের ঝুঁকিতে রয়েছে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এসব অপরাধের ধরন ও ভয়াবহতাও বাড়ছে।
তিনি উল্লেখ করেন, সাইবার বুলিং, অনলাইনে হুমকি, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহার এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধ সমাজে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসাথে কাজ করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরোহিত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন