জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৬:১৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে, চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশার কথা জানান চিত্রনায়ক অনন্ত জলিল।
চিত্রনায়ক অনন্ত জলিলের মতে, নির্বাচনে যে কোন প্যানেলই জয়ী হোক না কেন, তাদের মূল লক্ষ্য হওয়া উচিত এফডিসিকে আবারও প্রাণবন্ত করে তোলা।
শুক্রবার বিকেলে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।
এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা কম এবং অনেক পরিচিত শিল্পী ভোট দিতেও আসেননি—এহেন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনো কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।’
বর্তমান প্রার্থীদের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘তায়েব ভাই নিবেদিত প্রাণ, জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই, ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন।
তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।’
এদিন, ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। অনন্ত বলেন, নির্বাচনের কারণে ‘মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদ্বয় বলেছেন, ফুটবল হল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের একটি শক্তিশালী মাধ্যম। রাজধানীতে শুক্রবার বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন তারা এই কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি) ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে। এতে দেশি ও বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশগ্রহণ করেছে।
টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে শনিবার।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল কেবল একটি খেলা বা প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, শান্তি ও সম্প্রীতির একটি প্রতীক। তিনি আরো বলেন, জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আসল সৌন্দর্য খেলার প্রকৃত উপভোগে। প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল হল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে একত্রিত হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ফুটবলের বিকাশ অব্যাহত থাকবে এবং এই ধরনের উদ্যোগ তরুণ ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। দেশের লাখো সমর্থক আবেগের সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা অনুসরণ করে।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলো হলো—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাইদুবাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অফিস টাঙ্গাইল, রাজবাড়ীর কালুখালীতে বাস করছেন মোজাহার আলী। তিনি গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই পদে নিয়মিত বেতন ভাতা তুলছেন। এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, মোজাহার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী (এমটিইপিআই) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে মোজাহার আলী অনিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। অনিয়মিত অফিস করলেও প্রতি মাসে তিনি ঠিকই বেতন ভাতা উত্তোলন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলার কুমারখালীতে একই ধরনের কাজে নিয়োজিত ছিলেন। মোজাহার আলীর আরেক সাবেক কর্মস্থল কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনিয়মিতভাবে কাজ করার অভিযোগ রয়েছে। সেখানে তিনি নারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশোভন আচরণের অভিযোগের সম্মুখীন হন। রাজবাড়ী সিভিল সার্জন এই অভিযোগটি তদন্ত করেন। তদন্তের পর তাকে বদলী করা হয় টাঙ্গাইল জেলার গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। যদিও বদলির পরেও কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হেয় করার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খাইরুল আলম বলেন, "মোজাহার আলী মোল্লা আমার অফিসে যোগদান করার পর থেকে নিয়মিত অফিস করছেন না। তিনি মাঝে মাঝে নিয়ম বহিভূত ভাবে ছুটি কাটান। এ কারণে তাকে দুইবার শোকজ করা হয়েছে। তার বেতন বন্ধ করার জন্য সিভিল সার্জনকে অবগত করা হবে।" কুষ্টিয়ার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে এক বছর আগে এবং রাজবাড়ীর তদন্ত প্রতিবেদন ৬ মাস আগে শৃংখলা শাখায় গেলেও কোন দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি। প্রশাসনিক কারণে টাঙ্গাইলের গোপালপুরে বদলি হওয়া ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আবার শোনা যাচ্ছে, মোজাহার আলী মোল্লা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হওয়ার জন্য মন্ত্রী পাড়ায় দৌঁড়ঝাপ করে চলেছেন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযোগকারীরা বলেছেন, "যদি তাকে এখানে পুনরায় বদলি করা হয় তাহলে কর্মস্থলের পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠবে। আমাদের অনেকের জীবনের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।" গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মোজাহার আলী মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন ধরে যারা প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছেন, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এমনটি হতে চলেছে, যেখানে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত তদবিরের সুযোগ থাকবে না।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় বলেন, “১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি এখনো মাদকের ব্যবসা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি ওসিকে বলে দিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। আমার বা আপনাদের তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হয়তো সাময়িকভাবে প্রভাবশালী, কিন্তু মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, তখন তাকে উদ্ধার করার মতো কাউকে পাওয়া যাবে না।”
নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সরকার নারীবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ সহায়তার অর্থ দিয়ে প্রয়োজনীয় ব্যয় মেটানোর সাথে সাথে অনেক নারী সঞ্চয়ও করছেন।
তিনি আরও বলেন, “সরকারের এই সহযোগিতার উদ্দেশ্য হলো একজন মা যদি আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হন এবং সচেতনভাবে পরিবার পরিচালনা করতে পারেন, তাহলে তার সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব হবে। একটি শিক্ষিত পরিবার থেকেই একটি শিক্ষিত জাতি গড়ে ওঠে। তাই এই সহায়তাকে আমরা ব্যয় নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে দেখতে চাই।”
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ