ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত


নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : নাইজার রাজ্যের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৪ জনের মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার কয়েক দিন আগে একই এলাকার নিকটবর্তী গ্রামে পাল্টাপাল্টি হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শনিবার নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র জানান, শুক্রবার গভীর রাতে পশ্চিম নাইজেরিয়ার লুম্মা-সাঙ্কে গ্রামে ‘সন্দেহভাজন সশস্ত্র দস্যুরা’ হামলা চালায়।

আরও পড়ুন: ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার রাতভর ভয়াবহ হামলা, ধ্বংস ১১০ কেভি সাবস্টেশন

রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার ওবেদ নুহু নানা শনিবার এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ১১ জন পুরুষ ও তিনজন নারী নিহত হয়েছেন।’

তিনি আরও জানান, হামলার ফলে ৫০টির বেশি বাড়ি, প্রায় ৩৫টি দোকান, কয়েকটি যানবাহন এবং একটি পেট্রলপাম্প ধ্বংস হয়ে গেছে।

এর আগে পার্শ্ববর্তী গ্রামগুলোতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

পুলিশের মুখপাত্র বলেন, ‘হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। হামলাকারীরা অধিকাংশ বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

আরও পড়ুন: মালয়েশিয়ার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর আলোচনা করছে রাশিয়া: পরিবহনমন্ত্রী

তিনি আরও জানান, হামলার সময় সেনাবাহিনীর বিমান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থলবাহিনীকে আকাশপথ থেকে সহায়তা প্রদান করে। যৌথ অভিযানে হামলাকারীদের মোকাবিলা করা হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লুম্মা-সাঙ্কে গ্রামের নিকটেই লুমান বা’আরে গ্রাম অবস্থিত। এক সপ্তাহ আগে ওই গ্রামে হামলা চালায় ফুলানি সম্প্রদায়ের সন্দেহভাজন বন্দুকধারীরা। এতে ১১ জন নিহত হন।

এর প্রতিশোধ নিতে কামবারি সম্প্রদায়ের সশস্ত্র স্বেচ্ছাসেবীরা কাছাকাছি ফুলানি অধ্যুষিত ওয়াওয়া ও গাদা অলি গ্রামে হামলা চালায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ৭০ জন নিহত হন।

নাইজেরিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত এবং অপরাধী চক্রের হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এসব সশস্ত্র চক্র স্থানীয় বাসিন্দাদের অপহরণ এবং গবাদিপশু লুটের মতো অপরাধেও জড়িত।

আরও পড়ুন: আবুধাবি বিমানবন্দরে চালু হলো গেটবিহীন পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবি বিমানবন্দরে চালু হলো গেটবিহীন পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


আবুধাবি বিমানবন্দরে চালু হলো গেটবিহীন পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুনভাবে চালু হয়েছে ‘ইউএই স্মার্ট করিডর’। এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা আর প্রচলিত ইমিগ্রেশন গেট বা কাউন্টারে থেমে পাসপোর্ট নিয়ন্ত্রণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না।

এই প্রযুক্তিটি সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) দ্বারা চালু করা হয়েছে। উন্নত বায়োমেট্রিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা চলাচলের সময় নিজেদের পরিচয় যাচাই এবং দেশত্যাগের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবেন।

আইসিপির বন্দর নিরাপত্তা বিভাগের মহাপরিচালকের উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হলো পাসপোর্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজতর করা, বিমানবন্দরে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং চলাচলকে আরও নির্বিঘ্ন করা। ফলে যাত্রীদের আর নির্দিষ্ট গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না, যা প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থায় দেখা যায়।

জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেকোনো এয়ারলাইনসে ভ্রমণকারী সকল শ্রেণির যাত্রী এই সুবিধা গ্রহণ করতে পারবেন। গন্তব্য দেশ, যাত্রীসংখ্যা বা ভ্রমণকারীর ধরন অনুযায়ী কোনো বিধিনিষেধ নেই। একক যাত্রী, পরিবার কিংবা দলবদ্ধ ভ্রমণকারীরাও একই ব্যবস্থায় সেবা পাবেন।

কর্তৃপক্ষ জানায়, স্মার্ট করিডরের ফলে যাত্রীদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা এবং দেশত্যাগের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমে আসছে এবং বিমানবন্দরের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। পুরো প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের নির্ভুলতা ও নিরাপত্তার মান বজায় রাখা হচ্ছে এবং ছাড়পত্র দেওয়ার জন্য সরাসরি মানবীয় হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে না।

আইসিপির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিভাগের নির্বাহী পরিচালক জুমা আবদুল্লাহ আল কাবি বলেন, ইউএই স্মার্ট করিডর উন্নত ডিজিটাল সরকারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশটির পরিকল্পনা ও কৌশলের প্রতিফলন। এটি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আগাম সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির সাহায্যে সরকারি কার্যক্রমকে সহজ করার উদ্যোগ।

তিনি আরও বলেন, এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল ও পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বৈশ্বিক বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে দেশটির অবস্থানকে আরও সুসংহত করবে এবং নিরাপদ ও আধুনিক ভ্রমণব্যবস্থার অন্যতম গন্তব্য হিসেবে পরিচিতি বৃদ্ধি করবে।

আল কাবি আরও উল্লেখ করেন, বায়োমেট্রিক প্রযুক্তি, ডিজিটাল সমাধান ও উদ্ভাবনের সমন্বয়ে স্মার্ট করিডর একটি সমন্বিত যাত্রী ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করবে। এতে সীমান্ত নিয়ন্ত্রণের প্রস্তুতি ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দ্রুত সেবা ও পরিচয় যাচাইয়ের নির্ভুলতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে।

প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থার পরিবর্তে আরও আধুনিক ও সমন্বিত সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই স্মার্ট করিডর চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীসেবার আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তথ্যসূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মার্কিন সংগীতশিল্পী মাইক লাভের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মার্কিন সংগীতশিল্পী মাইক লাভের মৃত্যু

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : মার্কিন সংগীতশিল্পী মাইক লাভ, যিনি ‘বিচ বয়েজ’ ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ছিলেন, মারা গেছেন। তার বয়স ছিল ৮৫ বছর। তিনি ব্যারিটোন কণ্ঠস্বর এবং মঞ্চে তার ব্যতিক্রমী উপস্থিতির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

মাইক লাভের জনসংযোগ কর্মকর্তা মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যু কোথায় এবং কী কারণে হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


নবীনগরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকেই উপজেলার সর্বত্র জনজীবন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। যানবাহন অন্যান্য দিনের মতোই চলাচল করছে, অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, আলীয়াবাদ বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া নবীনগর-কোম্পানীগঞ্জ এবং নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। নৌপথেও কোনো বিঘ্ন ঘটেনি; নবীনগর লঞ্চঘাট থেকে ভৈরব এবং সলিমগঞ্জ লঞ্চঘাট থেকে নরসিংদীর উদ্দেশে লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা যথাসময়ে ছেড়ে গেছে।

এদিকে, নবীনগর উপজেলা সদরে প্রতিদিনের মতো স্বাভাবিক যানজট লক্ষ্য করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং হাট-বাজার ও দোকানপাট যথারীতি খোলা রয়েছে। কর্মজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। উপজেলার কোথাও লকডাউনের পক্ষে কিংবা বিপক্ষে কোনো ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী এ বিষয়ে জানান, নবীনগরে অন্যান্য দিনের মতো আজও মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দোকানপাট ও অফিস-আদালত খোলা আছে। এলাকায় লকডাউনের কোনো ছিটেফোঁটাও নেই এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ারীতে হোটেল ম্যানেজার নাঈমুর হত্যায় প্রধান আসামী ইরানকে ধরতে পারেনি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


ওয়ারীতে হোটেল ম্যানেজার নাঈমুর হত্যায় প্রধান আসামী ইরানকে ধরতে পারেনি পুলিশ

এনায়েত কাজীর সাথে ঝামেলা সংক্রান্ত খবর পেয়ে ছেলে ইরান কাজী ঘটনাস্থলে ছুরি ও রামদা নিয়ে যায়, যা পোশাকের নিচে লুকিয়ে রাখা ছিল। রাজধানীর ওয়ারী থানার আবাসিক হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের দোতলার অভ্যর্থনা কক্ষে তখন এনায়েত কাজী ও হোটেল কর্মচারীদের মধ্যে তর্কবিতর্ক চলছিল। এর মধ্যে ইরান কাজী বের করে আনে লুকিয়ে রাখা রামদা ও ছুরি। বাবা ও ছেলে মিলে হামলা চালায় হোটেল কর্মচারীদের ওপর। হোটেল ব্যবস্থাপক রহমান এগিয়ে আসলে তাঁর ওপরও হামলা হয়। এই হামলায় নিহত হন নাঈমুর রহমান। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর প্রধান আসামি ইরান কাজী পালিয়ে যায়। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ইরান কাজী গ্রেপ্তার না হওয়ায় জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে গ্রেপ্তারকৃত রীতা বেগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ব্যবসায়ী হলেও রাত ২টার সময় ঘটনাস্থলে তাঁর উপস্থিতি রহস্যজনক বলে অনেকে দাবি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, জয়কালী মন্দির সংলগ্ন রাতের মুরগির বাজারে পুলিশের গাড়ি প্রায়ই দেখা যায়। তবে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে বেশি তৎপর থাকে মুরগির গাড়ি ও ভ্যান থেকে টাকা নেওয়ার কাজে। বৃহস্পতিবার গভীর রাতে হোটেলের ভেতরে মুরগি ঢোকা কেন্দ্র করে সংঘটিত ঘটনাটি দীর্ঘ সময় ধরে চলে। অথচ একজন হামলাকারী একজনকে খুন এবং তিনজনকে কুপিয়ে অনায়াসে পালিয়ে গেছে।

ওয়ারী থানার সংশ্লিষ্ট একজন পরিদর্শক ইনকিলাবকে জানান, বৃহস্পতিবার রাতে হোটেলে হতাহতের ঘটনায় শুক্রবার রাতে নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা থানায় মামলা করেন। এরপর রীতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়, যিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার মোট ৫ আসামির মধ্যে এনায়েত কাজী আহতাবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। ওই পরিদর্শক বলেন, এনায়েত কাজী মুরগি ব্যবসায়ী। অপরদিকে রীতা বেগমও মুরগির দোকানের মালিক।

বৃহস্পতিবার রাতে পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে মুরগি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের নিচতলার কলাপসিবল গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হোটেলের নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে এনায়েতকে দেন। কিন্তু মুরগিটি আগের খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখা হয়। নিরাপত্তাকর্মী মুরগিটি খাঁচায় রাখতে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত নিরাপত্তাকর্মীকে মারধর করেন।

পরে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে ইরান কাজী ঘটনাস্থলে আসেন। পরে বাবা-ছেলে মিলে রামদা দিয়ে হোটেলকর্মীদের আঘাত করতে থাকেন। এতে রাজ্জাক, নাঈমুর ও হাসান আহত হন। ধস্তাধস্তির সময় এনায়েতও আহত হন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এবং মামলার আসামি হিসেবে রীতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই নজরুল ইসলাম দাবি করেছেন, ঘটনার পেছনে অন্য কারণও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তাধীন বিষয়ে তিনি বেশি কিছু বলতে রাজি হননি। ঘটনাস্থলে কারা ছিলেন এবং কীভাবে হামলার ঘটনা ঘটে, সব কিছু সিসি ফুটেজে প্রমাণ রয়েছে। এরপরও আসামিদের কেন ধরা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি।

এদিকে স্থানীয়রা জানান, রাজধানীর মোহাম্মদপুরের পর এখন সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে ওয়ারী এলাকায়। অহরহ ছিনতাই হচ্ছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চলছে নীরব চাঁদাবাজি। অভিসার হলের বিপরীত পাশের প্রত্যেক গলিতে, অভিসার সিনেমা হলের পেছনের গলিতে, নারিন্দায় হরহামেশা ছিনতাই হচ্ছে। রাতে পুলিশের টহল তেমন একটা চোখে পড়ে না। মাঝে মাঝে কোথাও পার্কিং করা পুলিশের গাড়ি দেখা যায়। গাড়ির পাশ থেকে মশার কয়েলের গন্ধ এবং ভেতরে পুলিশ সদস্যদের বিশ্রামের দৃশ্য দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%