০৩:০৮ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রোড়পত্রে তথ্যগত ভুলের অভিযোগের পর শনিবার রাতে জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি। এর আগে, শিক্ষক ফোরামের নেতাদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা, যারা ক্রোড়পত্র প্রত্যাখ্যান করেন।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির পক্ষ থেকে একটি ক্রোড়পত্র প্রকাশ ও বিতরণ করা হয়। পরে, ক্রোড়পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাদের অভিযোগ, ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দটি ব্যবহার করা হয়নি, ২০০৬ সালের লগি-বৈঠার আন্দোলনের তাণ্ডবকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে, ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের বহিষ্কার এবং শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করেন।
আরও পড়ুন: গাজীপুরে এনজিওর ঋণ পরিশোধে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা; গ্রেফতার ৫
এদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. সাবিরুজ্জামান সুজা ক্রোড়পত্রে তথ্যগত ভুল থাকার কথা স্বীকার করে তা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি এক বিবৃতিতে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক ফোরামের নেতাদের অবরুদ্ধ করে অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবির পর রাত ৯টার পর জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে, ক্রোড়পত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তিন শিক্ষককে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনটির সহসভাপতি ড. মো. রেজাউল করিম-২।
ফোরামের সদস্য ও ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক ও ফিশারিজ অনুষদের ডিন ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক ও রসায়ন বিভাগের শিক্ষক ড. আব্দুল মান্নান হলেন ওই তিন শিক্ষক।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম স্থায়ীভাবে বাতিল হওয়ার সিদ্ধান্তের পর ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দেন শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
আরও পড়ুন: ২৪ বছর পর কামরাঙ্গীরচর থেকে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "যারা লেখার সঙ্গে জড়িত, তাদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সংগঠন থেকে আজীবন বহিষ্কার করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন—এমন শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। তত দিন পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।"
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, "আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন