০২:৫৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকেই উপজেলার সর্বত্র জনজীবন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। যানবাহন অন্যান্য দিনের মতোই চলাচল করছে, অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, আলীয়াবাদ বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া নবীনগর-কোম্পানীগঞ্জ এবং নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। নৌপথেও কোনো বিঘ্ন ঘটেনি; নবীনগর লঞ্চঘাট থেকে ভৈরব এবং সলিমগঞ্জ লঞ্চঘাট থেকে নরসিংদীর উদ্দেশে লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা যথাসময়ে ছেড়ে গেছে।
এদিকে, নবীনগর উপজেলা সদরে প্রতিদিনের মতো স্বাভাবিক যানজট লক্ষ্য করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং হাট-বাজার ও দোকানপাট যথারীতি খোলা রয়েছে। কর্মজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। উপজেলার কোথাও লকডাউনের পক্ষে কিংবা বিপক্ষে কোনো ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি।
আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান শুরু
নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী এ বিষয়ে জানান, নবীনগরে অন্যান্য দিনের মতো আজও মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দোকানপাট ও অফিস-আদালত খোলা আছে। এলাকায় লকডাউনের কোনো ছিটেফোঁটাও নেই এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন