ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিযোগিতায় এমআইএসটি ১১তম স্থান পেল


যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিযোগিতায় এমআইএসটি ১১তম স্থান পেল

যুক্তরাষ্ট্রে রোবটিকস প্রতিযোগিতায় ১১তম স্থান অর্জন করেছে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম মঙ্গল বারোতা’।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবটিকস প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ‘টিম মঙ্গল বারোতা’ ১১তম স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

আইএসপিআর জানায়, প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ২৭ থেকে ৩১ মে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে বাংলাদেশি দলটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি বিশ্বব্যাপী একটি শীর্ষ ও চ্যালেঞ্জিং রোবটিকস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভবিষ্যতে মঙ্গল গ্রহে ব্যবহারের উপযোগী রোভার নকশা, নির্মাণ এবং পরিচালনার সক্ষমতা প্রদর্শন করতে হয়।

এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’ বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত কঠোর বাছাইপর্ব সফলভাবে অতিক্রম করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। পরে ইউটাহর মঙ্গলগ্রহ-সদৃশ দুর্গম মরুভূমি পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে প্রতিযোগিতা করে।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপে রোভারের স্বয়ংক্রিয় চলাচল, বৈজ্ঞানিক অনুসন্ধান, সরঞ্জাম পরিচালনা, জটিল ভূখণ্ড অতিক্রম এবং মহাকাশ মিশন সংশ্লিষ্ট নানা দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে ১১তম স্থান অর্জন করে ‘টিম মঙ্গল বারোতা’।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন শুধুমাত্র এমআইএসটির নয়, বরং বাংলাদেশের জন্যও একটি বড় গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক পর্যায়ে দেশের রোবোটিক্স, সফটওয়্যার উন্নয়ন এবং মহাকাশ প্রকৌশল খাতে ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনার প্রতিফলন। তাদের মতে, বিশ্বমানের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের এই ধরনের سাফল্য ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল, মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে একটি মহল: চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ভুল, মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে একটি মহল: চসিক মেয়র

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, বরং ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করেছিলেন।

প্রধানমন্ত্রীর এই পরামর্শের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে সাড়ে ১২টার দিকে মেয়র ডা. শাহাদাত হোসেন তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি এটিকে ভুল তথ্য ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।

চসিক মেয়র বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এর ফলে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যাত্রাটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে চট্টগ্রাম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলেও তিনি জানান।

মূলত মার্কিন কোম্পানি ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’ (Valent BioSciences) যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি ল্যাব পরিদর্শনে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। যেখানে সিটি মেয়র ডা. শাহাদাত ও সিটি করপোরেশনের পাঁচ প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। যাওয়ার জন্য গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন তারা। পরে ২৩ মে অনুমতি না দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারসংক্ষেপটি ফেরত পাঠানো হয়। এরপর সেটি বিভিন্ন মিডিয়ায় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে মেয়র তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন। এতে তিনি এটিকে ভুল তথ্য ও ষড়যন্ত্র উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে মেয়র যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো:

ভুল তথ্য আর ষড়যন্ত্রের বেড়াজালে মশক নিধনের বৈপ্লবিক সম্ভাবনা কি ভেস্তে যাবে?

সালটি ২০১৬। আমেরিকার মিয়ামি-ডেড কাউন্টিতে যখন মারাত্মক 'জিকা ভাইরাস' ছড়িয়ে পড়ে, তখন কোনো প্রচলিত রাসায়নিক স্প্রে দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখন বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো জিকা ভাইরাসের সংক্রমণ চক্র সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছিল মার্কিন কোম্পানি ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’ (Valent BioSciences)-এর একটি বিশেষ জৈবিক প্রযুক্তি।

ঠিক একই রকম এক জাদুকরী বিপ্লব ঘটতে যাচ্ছিল আমাদের চট্টগ্রামেও! গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত (দীর্ঘ ৮ মাস) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় এই বিশ্ববিখ্যাত কোম্পানির মশার লার্ভা নিধনের কেমিকেল ব্যবহার করা হয়েছে। এর কার্যকারিতা ছিল ম্যাজিকের মতো—পানিতে ছিটানোর ২৪ ঘণ্টার মধ্যে এটি মশার লার্ভার পাকস্থলী ধ্বংস করে দেয়। সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ জৈবিক (Biological) হওয়ায় মানুষ, মাছ বা অন্য কোনো জলজ প্রাণীর বিন্দুমাত্র ক্ষতি করে না।

এই অভাবনীয় সফলতার পর, প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকার কেমিকেল আমদানির নির্ভরতা কমাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এক দূরদর্শী উদ্যোগ নিয়েছিলেন। তিনি বাংলাদেশে ভ্যালেন্ট বায়োসায়েন্সেস-এর সঙ্গে যৌথ অংশীদারত্বের (Joint Venture) ভিত্তিতে একটি কারখানা স্থাপনের প্রস্তাব দেন।

এতে সাড়া দিয়ে বাংলাদেশের কারখানা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মার্কিন প্রতিষ্ঠানটি চসিক মেয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডার অঞ্চলে তাদের মূল কারখানা ও ল্যাব পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফরের যাবতীয় অর্থায়ন করার কথা ছিল স্বয়ং ভ্যালেন্ট বায়োসায়েন্সেস-এর। অর্থাৎ, সরকারের বা চসিকের কোনো টাকাও খরচ হতো না!

কিন্তু সব প্রস্তুতি যখন চূড়ান্ত হয়ে এসেছিল, তখনই একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এর ফলে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যাত্রাটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এই কারখানাটি হলে আমরা কী পেতাম?

১. শুধু চট্টগ্রাম নয়, ঢাকা ও সারাদেশের মশার লার্ভা নিধনের কেমিকেল বাংলাদেশে উৎপাদিত হতো।

২. প্রতি বছর বিদেশ থেকে কেমিকেল আমদানির কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো।

৩. ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত প্রাণঘাতী রোগ থেকে দেশের মানুষ স্থায়ী মুক্তি পেত।

ভুল তথ্য আর নোংরা রাজনীতির কারণে দেশের টাকা যেমন বিদেশে চলে যাবে, তেমনি একটি বিশাল সম্ভাবনার কবর হবে। জনস্বার্থ রক্ষায় এবং দেশকে ডেঙ্গু-মুক্ত করতে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া জরুরি।

তিনি আরও লিখেছেন, ডা. শাহাদাতের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে বীর চট্টলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৭ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৭ ডিগ্রি সেলসিয়াস

চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেল তিনটায় বগুড়া আবহাওয়া অফিসে এই তাপমাত্রাটি রেকর্ড করা হয়। এর আগে, গত রোববার, জেলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বাসসকে জানান, মঙ্গলবার বেলা তিনটায় বগুড়ায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এটিই জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এবং গত দুই দিন ধরে জেলায় গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুরিকাঘাতে আহত পিকআপ চালক, গুলশানে হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ছুরিকাঘাতে আহত পিকআপ চালক, গুলশানে হামলাকারী আটক

রাজধানীর গুলশানে পূর্বশত্রুতার জের ধরে সোহেল (৩৯) নামের এক পিকআপ চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১২টায় গুলশান-১ নম্বরের পাকা মার্কেটের পেছনে এ ঘটনাটি সংগঠিত হয়।

এই ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাসুম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা আহতের চাচা অফেস আলী সিকদার জানান, পূর্বশত্রুতার কারণে দুপুরে গুলশান-১ পাকা মার্কেটের পেছনে সোহেলকে আচমকা পিঠে ছুরিকাঘাত করেন মাসুম। এ সময় সোহেলের ডাকচিৎকারে পাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তখন ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ধাওয়া করে মাসুমকে আটক করেন। পরে রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালের কাছে নিয়ে আসা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত

ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বৃহত্তম যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া গতি পেয়ে শুরু করেছে। ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই কূটনৈতিক এবং সামরিক তৎপরতার অংশ হিসেবে চার দিনের সরকারি সফরে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

সংশ্লিষ্ট মহলের মতে, তার এই সফর কেবল প্রথাগত সৌজন্যমূলক নয়, বরং এই মেগা চুক্তির বাস্তবায়নকে দ্রুততর করার উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত ইতোমধ্যে এই যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রস্তাব ফ্রান্সের কাছে পাঠিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রান্স মূল্য নির্ধারণ, উৎপাদন সক্ষমতা এবং রসদ সহায়তার বিশদ বিবরণসহ ফিরতি জবাব দেবে বলে আশা করা হচ্ছে। এরপরই শুরু হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা, যা আগামী এক বছরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে।

ফ্রান্স সফরে বিমানবাহিনী প্রধান রাফালের নির্মাতা প্রতিষ্ঠান ‘ডাসো অ্যাভিয়েশন’ এবং মেটিওর ও স্কাল্পের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ‘এমবিডিএ’-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। এই আলোচনায় বিমান কেনা ছাড়াও ভারতে এর উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতীয় অস্ত্র ব্যবস্থার সমন্বয়ের বিষয়গুলোও প্রাধান্য পাবে। একইসঙ্গে জুনের মাঝামাঝি সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ফ্রান্স সফরের সম্ভাবনা রয়েছে। যেহেতু পুরো চুক্তিটি দুই দেশের সরকারের মধ্যে সরাসরি বা ‘গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট’ মডেলে এগোচ্ছে, তাই শীর্ষ নেতৃত্বের এই সফর চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে বড় ভূমিকা রাখতে পারে।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের ঘাটতি মেটাতে এই চুক্তিটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিমানবাহিনীর অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের বিপরীতে এখন মাত্র ২৯টি স্কোয়াড্রন সচল রয়েছে, বিশেষ করে পুরোনো মিগ-২১ যুদ্ধবিমানগুলো অবসরে যাওয়ার কারণে এই শূন্যতা আরও বেড়েছে। এই ঘাটতি পূরণে ১১৪টি মাল্টিরোল ফাইটার জেট কেনার পরিকল্পনা করা হয়েছে, যেখানে রাফালকেই সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী মনে করা হচ্ছে। কারণ, ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যেই সফলভাবে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে, যা আম্বালা ও হাসিমারা বিমানঘাঁটিতে মোতায়েন রয়েছে। পূর্বপরিচিত প্রযুক্তি ও প্রশিক্ষিত পাইলট থাকায় নতুন বিমানগুলো বাহিনীতে অন্তর্ভুক্ত করা তুলনামূলকভাবে সহজ হবে।

এই প্রস্তাবিত চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ নীতির প্রতিফলন। ১১৪টি বিমানের মধ্যে মাত্র ২০টি সরাসরি ফ্রান্স থেকে তৈরি হয়ে আসবে, আর বাকি ৯৪টি যুদ্ধবিমান ভারতেই তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর জন্য ডাসো অ্যাভিয়েশন কোনো ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বে যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পে অন্তত ৫০ শতাংশ স্থানীয়করণের লক্ষ্য নির্ধারণ করেছে, যার অর্থ বিমানের অনেক যন্ত্রাংশ ও অস্ত্র তৈরি হবে ভারতেই।

যদি এই চুক্তি সফল হয়, তবে নৌবাহিনীর জন্য চুক্তি হওয়া ২৬টি রাফাল-এম এবং আগের ৩৬টি বিমানসহ ভারতের মোট রাফাল বহরের সংখ্যা দাঁড়াবে ১৭৬টিতে। এর ফলে চীন ও পাকিস্তান—উভয় সীমান্তে ভারতের আকাশসীমার প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা এক ধাক্কায় বহুগুণ শক্তিশালী হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%