ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে পালানোর পথে আটক রোহিঙ্গা মা-শিশু, পাঠানো হলো ক্যাম্পে


ভারতে পালানোর পথে আটক রোহিঙ্গা মা-শিশু, পাঠানো হলো ক্যাম্পে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর সীমান্ত থেকে মাজিদা (২৫) নামে ওই নারীকে তার সন্তানসহ আটক করে স্থানীয়রা।

সংবাদ পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে সোমবার দুপুরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জনতার উপস্থিতি, আলোচনায় কবির শিকদার

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় মাজিদা নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী মেয়ে আয়েশাকে স্থানীয় লোকজন আটক করেন। তারা ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মাজিদা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। তবে তার স্বামী বেলাল মারা গেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মাজিদা।

পরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুইজন নারী কনস্টেবলের সঙ্গে পুলিশি নিরাপত্তায় মাজিদা ও তার মেয়েকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য রওনা হয়।

আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদেরকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে নিজ ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়ার উন্নতি হলে পুনর্বাসনেই মূল গুরুত্ব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ এম


আবহাওয়ার উন্নতি হলে পুনর্বাসনেই মূল গুরুত্ব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কক্সবাজারে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলার মধ্যে পাঁচটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের উদ্ধারে এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কাজ প্রথম দিন থেকেই চলমান রয়েছে। তিনি বলেছেন, "আবহাওয়ার উন্নতি হলে মূল ফোকাস থাকবে পুনর্বাসনে।" তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য খামারি এবং গবাদি পশুর মালিকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকারের উদ্যোগ রয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই কক্সবাজারসহ বন্যাকবলিত অন্যান্য জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও বিস্তৃত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, দায়িত্ব পাওয়ার পর বিভাগের কমিশনারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন জেলা ও উপজেলা পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় কক্সবাজারে এই সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "গত ৭-৮ দিনে কক্সবাজারে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেখানে সাধারণত পুরো জুলাই মাসে গড়ে প্রায় ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।" অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক এই ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরের বিরূপ আবহাওয়ার সম্মিলিত প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দফতর এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তাদের তথ্য ও প্রতিবেদন সরকারের কাছে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে চলমান বন্যার পরিস্থিতি, সরকারের সহায়তার অগ্রগতি এবং তাৎক্ষণিক প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, "কোনো বন্যাদুর্গত স্থানে জরুরি সহায়তার প্রয়োজন হলে তা দ্রুত নিশ্চিত করা হবে।" একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এছাড়া, জেলার ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা ভার্চুয়ালি সভায় অংশ নেন। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৭ এম


বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যে পুলিশের তদন্তের মুখোমুখি হয়ে ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়ার মাত্র কয়েক সপ্তাহ পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডাচ ফুটবল রেফারি রব ডাইপারিনক। স্থানীয় পুলিশের দ্বারা সোমবার সকালের দিকে তার বাসভবনের সামনের সড়ক থেকে এই রেফারির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক বিবৃতির মাধ্যমে এই অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং শোকার্ত। তবে রেফারির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত ঘটে গত এপ্রিল মাসে। লন্ডনের ক্রয়েডনের একটি ঠিকানায় এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু পুলিশি তদন্তের পর পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করে দেওয়া হয়। মেট্রোপলিটন পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ডিভাইসসহ সব তথ্য-উপাত্ত পর্যালোচনায় তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযোগটি প্রাথমিক সত্যতা প্রমাণের ক্ষেত্রে যে মানদণ্ড প্রয়োজন তা পূরণ করতে পারেনি। তাই তার বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিফা তাকে এবারের বিশ্বকাপের তালিকা থেকে বাদ দিয়েছে। বিষয়টি নিয়ে ডাচ সংবাদপত্র ডি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাইপারিনক দাবি করেছিলেন যে, তাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেছিলেন, তদন্তের শুরু থেকেই তিনি পুলিশের সাথে পূর্ণ সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও কেএনভিবি-র কাছে সব তথ্য স্বচ্ছভাবে তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্তে তিনি যে অত্যন্ত হতাশ ছিলেন, তাও প্রকাশ করেছিলেন।

২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে রেফারিং করে আসা ডাইপারিনক গত ইউরো ২০২৪-এ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ৯ এপ্রিল ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্টিনার মধ্যকার ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচেও তিনি ভিএআর হিসেবে উপস্থিত ছিলেন। তার অকাল মৃত্যুর জন্য কেএনভিবি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ফুটবল অঙ্গনে তিনি একজন অত্যন্ত মূল্যবান রেফারি ও নিবেদিতপ্রাণ সহকর্মী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘাতের মধ্যেই ইরানে রাশিয়ার ‘রহস্যময়’ উড়োজাহাজ, বাড়ছে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫০ এম


সংঘাতের মধ্যেই ইরানে রাশিয়ার ‘রহস্যময়’ উড়োজাহাজ, বাড়ছে কৌতূহল

মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ঠিক এমন অশান্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (১৩ জুলাই) রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ ইরানের রাজধানী তেহরানে অবতরণ করল। হঠাৎ করে এই উড়োজাহাজটির আগমন সবার মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছে।

ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, মস্কো থেকে উড়ে আসা ‘টিইউ-২১৪পিইউ’ মডেলের এই উড়োজাহাজটি সোমবার সকালে তেহরানে নামে। সংবাদমাধ্যমে এটি পরিচিত হয়েছে রাশিয়ার ‘ডুমসডে প্লেন’ বা কেয়ামতের বিমান নামে। তবে এটি মূলত একটি শক্তিশালী এবং বিশেষ যোগাযোগ উড়োজাহাজ। এটি রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ।

উড়োজাহাজটি ঠিক কী কারণে এসেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু সাধারণত রাশিয়ার বড় কোনো নেতা সফরে গেলেই এই উড়োজাহাজটি তাদের সাথে থাকে। এর আগে, গত ১৬ জুন, রাশিয়ার প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরের সময় উড়োজাহাজটি সেখানে গিয়েছিল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক আগে এটি তেহরানে এসেছিল। তখন রাশিয়ার জ্বালানিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে ছিলেন। গত নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদেও এটি দেখা গেছে।

অতীতের এই সফরগুলো থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়ার কোনো শীর্ষ নেতা হয়তো ইরানে আসছেন। হতে পারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সফরের প্রস্তুতি নিতেই উড়োজাহাজটি আগে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ভয়ংকর হুমকি, তেলের দাম কি ২০০ ডলার ছাড়াবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


হুথিদের ভয়ংকর হুমকি, তেলের দাম কি ২০০ ডলার ছাড়াবে?

সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের কৌশলগত বাবেল মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার কঠোর হুমকি দিয়ে এসেছে।

হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সোমবার একটি হুঁশিয়ারিতে জানিয়ে দেন যে, রিয়াদের এই কর্মকাণ্ডের ফলে তেলের দাম ব্যারেল প্রতি দুইশো ডলারে পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যদি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে বাব আল-মানদেব এবং হরমুজ প্রণালি সম্মিলিতভাবে বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া সৌদি আরবের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার জন্য সানা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রয়োজনে সৌদি ভূখণ্ডের গভীরে আঘাত হানার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সানা বিমানবন্দরে সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবকে দায়ী করে জানান যে, দীর্ঘদিনের স্থবিরতার পর দেশটির বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। আনসারুল্লাহর অপর নেতা আলী আল-কাহুম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর ১১ বছরের অবরোধ ভাঙার লড়াই অব্যাহত থাকবে এবং সৌদি আরবকে এই উসকানিমূলক কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%