০৭:১৪ এম
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও চিভাসে ‘এ’ গ্রুপের এই লড়াইয়ের মাধ্যমে উভয় দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
দুই দশকের বিরতির পর আবারো বিশ্বকাপের মঞ্চে ফিরেছে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে, হং মিয়ং-বোর অধীনে দুর্দান্ত ছন্দে বাছাইপর্ব সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়া। যদিও টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশীদের তালিকায় অন্তর্ভুক্ত নেই কোনো দলই, তবুও স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার সাথে তৈরী হওয়া তুলনামূলক সহজ গ্রুপে শেষ ষোলোয় ওঠার স্বপ্ন দেখছে দুই পক্ষ।
এর আগে তিনটি প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে সাউথ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র উভয়ই একটি করে জয় পেয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
দক্ষিণ কোরিয়ার স্কোয়াডে বিশ্বকাপের আগে বড় কোনো নতুন ইনজুরির সমস্যা নেই। তবে চোট পাওয়া ডিফেন্ডার চো ইউ-মিনের জায়গায় অনভিষিক্ত চো উই-জেকে দলে নেয়া হয়েছে। কিন্তু কোরিয়ার সব দৃষ্টি স্বাভাবিকভাবেই অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড হিউং-মিন সনের দিকে। ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের জন্য এটি সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সনের কাছে এবারের আসর বিশেষ গুরুত্ব বহন করছে।
২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রার অন্যতম নায়ক ছিলেন বর্তমান কোচ হং মিয়ং-বো। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। মিডফিল্ডে একাধিক চোটের কারণে তিনি কৌশলগতভাবে তিন ডিফেন্ডারের ফরমেশনে পরিবর্তন করে পরিকল্পনা নিয়েছেন। জার্মানিতে জন্ম নেওয়া জেন কাস্ট্রপের বহুমুখী ভূমিকা এই কৌশলে গুরুত্বপূর্ণ হতে পারে।
এদিকে, ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে চেক প্রজাতন্ত্র। তারা বাছাইপর্বে আয়ারল্যান্ড ও ডেনমার্ককে টাইব্রেকারে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। একসময় পাভেল নেদভেদ, টমাস রসিস্কি ও কারেল পোবোরস্কির মতো তারকায় সমৃদ্ধ ছিল চেক মিডফিল্ড। এবার সেখানে সবচেয়ে বড় নাম ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার টমাস সউচেক।
কোচ মিরোস্লাভ কউবেকের দল হয়তো তারকাভিত্তিক নয়, তবে তারা খেলার ধরনে অত্যন্ত পরিষ্কার ও কার্যকর। উইং-ব্যাকদের মাধ্যমে একের পর এক ক্রস তুলে দেয়া এবং সেগুলোকে কাজে লাগানো তাদের প্রধান কৌশল।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
চেকদের জন্য সবচেয়ে বড় চমক হতে পারেন তরুণ মিডফিল্ডার পাভেল সুলচ। লিঁওর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফুটবলার লিগ ওয়ানে ২১টি গোল অবদানের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার রয়েছে বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বড় মঞ্চে চমক দেখানোর ইতিহাস। জার্মানি ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারানোর স্মৃতি এখনও স্পষ্ট। কিন্তু চেক প্রজাতন্ত্রের শারীরিক ফুটবল, পরিষ্কার খেলা এবং সেট-পিসের দক্ষতা ম্যাচটিকে সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন