মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৫ এম
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আজ মঙ্গলবার শুরু হতে পারে।
যদি সবকিছু ঠিক থাকে, তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টা পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
এছাড়া, বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা চলতে থাকবে। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই স্থানে কার্যত স্থির রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার কারণে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জোহানেসবার্গ টেস্ট: ৩য় দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা, টি স্পোর্টস
জাতীয় ক্রিকেট লিগ
ময়মনসিংহ–রাজশাহী
সকাল ৯.৩০ মি., বিসিবি ইউটিউব
ঢাকা–চট্টগ্রাম
সকাল ৯.৩০ মি., বিসিবি ইউটিউব
রংপুর–খুলনা
সকাল ৯.৩০ মি., বিসিবি ইউটিউব
রাওয়ালপিন্ডি টেস্ট: ১ম দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সকাল ১০.৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
শারজা টেস্ট: ৫ম দিন
আফগানিস্তান–জিম্বাবুয়ে
সকাল ১২টা, ট্যাপম্যাড
সাফ ফুটবল: ফাইনাল
ভারত–পাকিস্তান
রাত ৮টা, বিটিভি ও টি স্পোর্টস
উয়েফা নেশনস লিগ
ডেনমার্ক–নরওয়ে
রাত ১.৪৫ মি., সনি স্পোর্টস ১
ওয়েলস–পর্তুগাল
রাত ১.৪৫ মি., সনি স্পোর্টস ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার জন্য আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিবিসি জানাচ্ছে, একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আইনজীবী সালমান সাফদারের প্রকাশিত একটি চিঠির মাধ্যমে ইমরান খান এসব তথ্য জানান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘৭৪ বছর বয়সে এভাবে টানা কারাবন্দি জীবন আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’ তবে ইসলামাবাদের কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতি সপ্তাহে চিকিৎসকরা ইমরান খানকে পরীক্ষা করেন এবং তাদের মতে, তার শারীরিক অবস্থা সন্তোষজনক।
ইমরান খানের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রির মতো বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ইমরান খানের দাবি, রাজনৈতিক কারণে এসব মামলা দায়ের করা হয়েছে।
গত এক বছরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। তার পরিবার অভিযোগ করেছে, কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় তিনি ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন। চিঠিতে ইমরান খান জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। তার হৃদ্যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তিনি দাবি করেছেন, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায় এবং পরে গোপনে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার না করালে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা করছেন তিনি।
চিঠিতে ইমরান খান আরও উল্লেখ করেছেন, অসংখ্য মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও বিচারব্যবস্থা তাকে ন্যায়বিচার দিচ্ছে না। তিনি লিখেছেন, ‘আমি কখনো আইনি লড়াই থেকে সরে আসিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’
ইমরান খানের অভিযোগ, তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা একটি কক্ষে রাখা হয় এবং এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। বই পড়া বা টেলিভিশন দেখার সুযোগও পান না তিনি। এতে তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন। চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’
তবে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী ইমরানের এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কারাগারে ইমরান খানকে খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং তিনি নিজের পছন্দের খাবারও পাচ্ছেন। সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, ‘বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন তিনি।’
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান। ইমরান খান একসময় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের মে মাসে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। লাহোরে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। তারা বাড়ির ঝাড়বাতি ভাঙচুর করেন এবং সেখান থেকে আসবাবপত্র, ছবি এমনকি ময়ূরও নিয়ে যান। এসব সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো বিদ্যমান।
গত অক্টোবরের শুরুতে তার হাজার হাজার সমর্থক কয়েক দিন ধরে পদযাত্রা করেন। তাদের প্রধান দাবি ছিল, ইমরান খানকে মুক্তি দিতে হবে। পরে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের কর্তৃপক্ষ। ইমরানের দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক কয়েকজন অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, ইমরান খানকে যেন যথাযথ চিকিৎসা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে গত শনিবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এদিন, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে, ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ