মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১০ এম
নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক, স্নাতকোত্তর নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও মানসম্মত করতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অন্যতম অগ্রাধিকার নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কর্মপরিবেশ, কর্মসন্তুষ্টি ও জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থায় নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবার পাশাপাশি নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ ও শিশুমৃত্যু কমাতে তাঁদের অবদান অপরিহার্য।
তিনি আরও বলেন, এ শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিতে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি, ব্যবহারিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসাসেবায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগও সম্প্রসারণ করা প্রয়োজন।
নার্স ও মিডওয়াইফদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ, ন্যায্য সুযোগ-সুবিধা, দক্ষতাভিত্তিক পদোন্নতি এবং নেতৃত্বের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, কর্মসন্তুষ্টির সঙ্গে রোগীর সেবার মান সরাসরি সম্পর্কিত।
আন্তর্জাতিক কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও জাপানসহ বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা রয়েছে। যথাযথ শিক্ষা, বিদেশি ভাষায় দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ নিশ্চিত করা গেলে এ খাত বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স অর্জনের বড় উৎস হতে পারে। এ জন্য আন্তর্জাতিক শিক্ষাক্রম, দক্ষতার স্বীকৃতি, পেশাগত নিবন্ধন ও বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে হবে।
মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণ সরকারের অগ্রাধিকার। এ জন্য উপজেলা পর্যায়ে মানসম্মত সেবা, দক্ষ মিডওয়াইফের পদায়ন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন, ইংরেজিসহ বিদেশি ভাষা শেখা, গবেষণায় আগ্রহী হওয়া এবং রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নার্স ও মিডওয়াইফরা শুধু স্বাস্থ্যসেবার সহায়ক জনশক্তি হিসেবে নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য নেতৃত্বদানকারী পেশাজীবী হিসেবে স্বীকৃতি পাবেন। তাঁরা দেশের মানুষের সেবা করবেন, একই সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত ভবিষ্যৎ, কর্মসংস্থান, পদোন্নতি, কর্মপরিবেশ ও আন্তর্জাতিক শ্রমবাজার নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রধান অতিথি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রত্যাশা ও মতামত শোনেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর লক্ষ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।" তিনি আরও বলেন, "প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।" অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
চিকিৎসক নিয়োগের প্রসঙ্গে তিনি জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
নার্স সংকট নিরসনের জন্য ৮২৮টি সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসংক্রান্ত প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
তিনি আরও বলেন, নতুন হাসপাতালের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ প্রদান করেছে।
বিশেষভাবে, ব্যবসায়িক তথ্য ও নথিপত্রের আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর কেন্দ্রীয় ব্যাংক গুরুত্ব আরোপ করেছে। আজ প্রকাশিত এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ২২ নম্বর সার্কুলারপত্রে রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় রপ্তানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নথিপত্রের তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করা আবশ্যক।
এতে আরও বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ আসলে, তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে এসব সতর্কতামূলক ব্যবস্থা যথাযথ যোগাযোগ মাধ্যমে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ চলবে। এই কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কিছু এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজটি করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলোতে তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশের স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন অঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। যদিও বাংলাদেশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই, তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ শক্তি সঞ্চয় করছে। গত সোমবার মধ্যরাতে এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ