মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১১ এম
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর লক্ষ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।" তিনি আরও বলেন, "প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।" অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
চিকিৎসক নিয়োগের প্রসঙ্গে তিনি জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
নার্স সংকট নিরসনের জন্য ৮২৮টি সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসংক্রান্ত প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
তিনি আরও বলেন, নতুন হাসপাতালের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরামর্শ প্রদান করেছে।
বিশেষভাবে, ব্যবসায়িক তথ্য ও নথিপত্রের আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর কেন্দ্রীয় ব্যাংক গুরুত্ব আরোপ করেছে। আজ প্রকাশিত এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ২২ নম্বর সার্কুলারপত্রে রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় রপ্তানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নথিপত্রের তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করা আবশ্যক।
এতে আরও বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ আসলে, তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে এসব সতর্কতামূলক ব্যবস্থা যথাযথ যোগাযোগ মাধ্যমে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ চলবে। এই কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কিছু এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজটি করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলোতে তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশের স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন অঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। যদিও বাংলাদেশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই, তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ শক্তি সঞ্চয় করছে। গত সোমবার মধ্যরাতে এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জোহানেসবার্গে পুল শটে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি উদযাপন করেন লিটন দাস। তবে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পরিবর্তে পকেট থেকে বের করা চিরকুট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চিরকুটে লেখা কী ছিল, তা এখন সকলেরই জানা।
লিটন যখন তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করার পর চিরকুটটি উঁচিয়ে ধরেন, তখন তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’ মেয়ের জন্মদিনে বাবার পক্ষ থেকে এটি ছিল সেরা উপহার।
এমন উদযাপনের পেছনে লিটনের চিন্তা-ভাবনা কী ছিল, সেই গল্প শোনার আগ্রহ অনেকেরই ছিল। দ্বিতীয় দিনের খেলার শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তিনি জানান, তার মেয়ের সব সময় চাওয়া থাকে—তিনি যেন সেঞ্চুরি করেন।
বিশেষ দিনে সেই চাওয়া পূরণ করেছেন লিটন। ৩২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আজকে ওর তিন বছর হলো। যখনই আমি নিজের রুমে থাকি, ও সব সময় বলে, ‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই।’ এই সেঞ্চুরি ওর জন্য। অবশ্যই আমি ওকে মিস করি অনেক। ওর জন্মদিন তো স্পেশাল।’
সেঞ্চুরি করতে না পারলে চিরকুটটি পকেটে থাকত জানিয়ে লিটন বলেন, ‘আশা তো ছিলই! ভবিষ্যতের কথা ভাবলে তো সবাই ইতিবাচকভাবেই চিন্তা করে। গত রাতেই আমি ভেবে রেখেছিলাম যে এটা করব এবং শেষ পর্যন্ত করেছি। (সেঞ্চুরি) না হলে এখনো আমার পকেটেই থাকত তা!’
এমন ভাবনা আগের রাতে ভাবলেও, চিরকুটের লেখা সেঞ্চুরির দিন সকালে লেখেন বলে জানান লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘যখন ৯২ রানে অপরাজিত থেকে রুমে গেলাম, তখন চিন্তা করছিলাম কিভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সকালে আমার মনে হয়েছে যে এ রকম কিছু করা যায় কি না। মেয়ের সঙ্গে কথা হয়নি। অনেক ছোট, এত কিছু বুঝবে না। তবে এটা আমার ভেতরে ছিল এবং আমি নিজের ভেতরেই এটা রেখেছিলাম যে যদি আমি স্পেশালি কিছু করতে পারি, তাকে উৎসর্গ করব। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য আমি কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়। চেষ্টা করেছি এবং সবকিছু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ