০১:২৪ পি.এম
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদ মৌসুম শুরু হওয়ার আগেই হাওর-বিলের পানির পরিমাণ দ্রুত কমতে শুরু করেছে। কোথাও কোথাও বীজতলা তৈরির পূর্বেই ধান রোপণের জমিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ফলে জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এর ফলে হাওরপাড়ের কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার পাশাপাশি বিলের মাছ ধরার জন্য বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। দ্রুত পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে চলতি মৌসুমে বোরো উৎপাদন মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তারা।
কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বছর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার আগেভাগেই হাওরের পানি কমতে শুরু করেছে। অনেক স্থানে বীজতলা শুকিয়ে যাচ্ছে। কিছু কৃষক জলাধার থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি এনে বীজতলা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি সময়মতো চারা উৎপাদন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
টগার হাওরের কৃষক মতিউর রহমান জানান, হাওরে এখনও বীজতলা তৈরির কাজ শেষ হয়নি। এর মধ্যে ধান রোপণের জমি শুকিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জমিতে আইল বেঁধে আগেভাগেই সেচ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, "গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারেননি। এর মধ্যে জমি চাষের শুরুতেই খরচ বেড়ে যাওয়ায় এবার আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।"
আরও পড়ুন: কাপ্তাইয়ে ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ
মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি ও বোয়ালা হাওরের কৃষক আব্দুল মান্নান বলেন, "৬৩ বছর বয়সেও হাওরের পানি এত দ্রুত শুকিয়ে যেতে দেখিনি। আগে পানি সেচে জমি শুকিয়ে বীজতলা তৈরি করতাম। এবার বীজতলা তৈরির মতো পানিও আশপাশে নেই। অন্যদিকে ধান রোপণের জমিতেও ফাটল ধরেছে।" তিনি বলেন, হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদের খরচ বাড়বে। পাশাপাশি ফসল উৎপাদনেও বাড়তি দুর্ভোগ পোহাতে হবে।
কৃষক ও ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার বলেন, সময়মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমছে। এতে কৃষকেরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারেন। বিশেষ করে যেসব হাওরে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নেই, সেসব এলাকায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, অনাবৃষ্টির কারণে এক ধরনের কালো রঙের পোকার সংক্রমণ বেড়েছে। বীজতলা তৈরি করলেও পোকার আক্রমণে ভালো চারা পাওয়ার বিষয়ে শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষি বিভাগের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, "একসময় আমাদের হাওরগুলো ছিল গামলার মতো। পলি জমে সেগুলো এখন প্লেটের আকৃতি ধারণ করেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় হাওরগুলো নাব্য হারাচ্ছে। ফলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে এবং কৃষকেরা সংকটে পড়ছেন।" কৃষকের স্বার্থে হাওরগুলো খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানান তিনি।
মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষে কৃষকেরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। পাশাপাশি হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের প্রস্তাব সমন্বয় সভায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কোন কোন হাওরে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং কোথায় বাঁধ দিয়ে পানি আটকে রাখা প্রয়োজন, সে বিষয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন