০১:০৭ পি.এম
কুশিয়ারা নদীর ভাঙনের ফলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙনের কারণে সড়কগুলো বিলীন হয়ে গেছে। মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নতুন করে মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীভাঙন থেকে গ্রামটির রক্ষায় জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে কুশিয়ারা নদীর তীরবর্তী প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থ এলাকায় মাটি ধসে পড়েছে। এর ফলে নদীতীরবর্তী সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
গদাধর গ্রামে নদীভাঙনের ঝুঁকি একমাত্র একটি স্থানে সীমাবদ্ধ নয়। স্থানীয়দের তথ্যমতে, আসুক আহমদের বাড়ির সামনে, ডা. আব্দুল হালীমের বাড়ির সামনে, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার সামনে, ডা. আব্দুল আজিজের বাড়ির সামনে এবং আলাই মিয়ার বাড়ির সামনেও ভাঙন স্পট রয়েছে। গত কয়েক বছরে এসব স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।
আরও পড়ুন: আগাম পানি শুকিয়ে হাওরের কৃষকদের বীজতলা তৈরিতে সমস্যা
সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম মন্তব্য করেন, ‘পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।’ তিনি আরও উল্লেখ করেন, পুরো গ্রামে গত কয়েক বছরে বড় বড় কয়েকটি ভাঙন স্পট তৈরি হয়েছে।
নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়ক বিলীন হয়ে যাওয়ায় মানুষের চলাচলে বিকল্প পথের সংকট তৈরি হয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অবশিষ্ট সড়ক, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ জানান, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করুন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ করা হোক। পাশাপাশি মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আপৎকালীন বিকল্প সড়কের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন