০১:২৭ পি.এম
মুমিন শুধুমাত্র নিজের ভালো কাজের মাধ্যমে সন্তুষ্ট থাকেন না; বরং তিনি অন্যদেরও ভালো কাজের প্রতি উৎসাহিত করেন। তিনি চান, তার চারপাশের মানুষও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হোক। কারণ ইসলামের নেক কাজের প্রতিযোগিতায় নিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদেরও সেই পথে এগিয়ে যেতে সহায়তা করা প্রয়োজন।
একজন মানুষকে সৎপথের সন্ধান দেওয়া কিংবা একটি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা সত্যিই একটি মহান সওয়াবের কাজ। মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান করে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব লাভ করবে। এতে অনুসরণকারীদের সওয়াবের কোনো কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর সেই পথের অনুসারীদের সমপরিমাণ পাপের বোঝা বর্তাবে। এতে অনুসরণকারীদের পাপও একটুও কমবে না।” (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৬০৯)
আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) নিজেও কথা ও কাজের মাধ্যমে মানুষকে উত্তম চরিত্র ও মহৎ কর্মের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাআলা উচ্চ ও মহৎ গুণাবলি পছন্দ করেন এবং নিকৃষ্ট ও হীন কাজ অপছন্দ করেন।” (তাবরানি, হাদিস : ২৮৯৪)
আরও পড়ুন: ইকবাল ও নিৎশের সংলাপে আধুনিক মানুষের সংকট
পবিত্র কোরআনে মহান আল্লাহ নবী-রাসুলের অনুসারীদের এ দায়িত্বের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, “বলুন, এটাই আমার পথ। আমি এবং আমার অনুসারীরা জেনে-বুঝে আল্লাহর দিকে আহ্বান করি।” (সুরা : ইউসুফ, আয়াত : ১০৮)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সাহাবায়ে কেরামের মর্যাদা তুলে ধরে বলেন, তাঁরা এ উম্মতের সর্বোত্তম মানুষ। তাঁদের অন্তর ছিল নির্মল, জ্ঞান ছিল গভীর এবং তাঁরা ছিলেন অনাড়ম্বর ও লোকদেখানো মনোভাব থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাঁদের তাঁর নবীর সাহচর্য ও দ্বীনের খেদমতের জন্য মনোনীত করেছিলেন। তাই তাঁদের চরিত্র, অভ্যাস ও জীবনপদ্ধতি অনুসরণ করা উচিত। কেননা তাঁরাই ছিলেন সরল পথের অনুসারী।
অন্যদিকে, কালবি ও ইবনে যায়েদসহ কয়েকজন মুফাসসিরের ব্যাখ্যায় এ আয়াত থেকে বোঝা যায়, যারা রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণের দাবি করে, তাদের দায়িত্ব হলো তাঁর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পবিত্র কোরআনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। (তাফসিরে বাগাভি; আল-ইসফাহানি, আল-হুজ্জাহ ফি বায়ানিল মাহাজ্জাহ, পৃষ্ঠা : ৪৯৮)
তাহলে আসুন, আমরা নিজেদের ভালো কাজের পাশাপাশি অন্যদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করি। নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে অন্যের কল্যাণের পথও সুগম করি।
আরও পড়ুন: হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন