ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান


১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের অভিনয়জীবন ১৩ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা ও অর্জন থাকলেও, তাঁর মনে একটি আক্ষেপ রয়ে গেছে। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের পুরো সময় জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের কাছ থেকে কাজের প্রশংসা কিংবা অনুপ্রেরণামূলক কোনো মন্তব্য পাননি।

সম্প্রতি তিনি চার মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরে এসেছেন। সাগর জাহানের পরিচালনায় ‘অতল ভালোবাসা’ নাটক দিয়ে তিনি কাজে ফিরেছেন। বিরতির সময়টা তিনি একেবারে অলসভাবে কাটাননি। নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি তিনি চারটি চিত্রনাট্যও লিখেছেন। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে তাঁর কথোপকথন হয়েছে।

জোভান জানান, প্রতিবছর ঈদুল আজহার পর তিনি কাজ থেকে কিছুদিনের বিরতি নেওয়ার চেষ্টা করেন। সাধারণত দেড় থেকে দুই মাসের এই বিরতি এবার নানা কারণে চার মাসের বেশি সময় ধরে চলেছে। এ সময় তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তবে কাজের ব্যস্ততা থেকে দূরে থাকাকে তিনি নিজের জন্য প্রয়োজনীয় মনে করেন। এতে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার সুযোগ মেলে।

আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণবার্ষিকীতে অপু ও ফেলুদার স্মৃতি আজও জীবন্ত

বিরতির সময় তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং মেক্সিকো, তুরস্ক ও শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন। অবসরে তিনি বেশ কিছু সিনেমা ও সিরিজ দেখেছেন। এর মধ্যে ‘স্কুইড গেম’, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মনস্টার’ এবং ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ তাঁর ভালো লেগেছে। আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটিও তিনি দেখেছেন।

অভিনয়ের পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লেখার প্রতি তাঁর আগ্রহ রয়েছে। অবসরকে কাজে লাগিয়ে তিনি একসঙ্গে চারটি চিত্রনাট্য লিখেছেন। ভবিষ্যতে গতানুগতিক গল্পের বাইরে নতুনত্ব আছে, এমন কাজেই বেশি মনোযোগ দিতে চান। এ কারণে তিনি পছন্দ না হওয়া বেশ কিছু কাজ ফিরিয়েও দিয়েছেন।

তবে সাক্ষাৎকারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতি না পাওয়ার বিষয়টি। জোভানের ভাষ্য, জুনিয়র শিল্পীদের ভালো কাজের প্রশংসা করতে তিনি নিজে আগ্রহী। কারও অভিনয় ভালো লাগলে তিনি ব্যক্তিগতভাবে তাঁকে জানাতে চেষ্টা করেন। কিন্তু নিজের ১৩ বছরের ক্যারিয়ারে তিনি জ্যেষ্ঠদের কাছ থেকে এমন উৎসাহ পাননি।

জোভান বলেন, সিনিয়রদের কাছ থেকে কখনো ‘তোমার কাজ ভালো হয়েছে’ এমন কথা তিনি শোনেননি। তাঁর প্রত্যাশা ছিল, কাজ ভালো না হলে জ্যেষ্ঠরা ভুল ধরিয়ে দেবেন এবং ভালো হলে প্রশংসা করবেন। কিন্তু সেই অনুপ্রেরণাটুকুও তিনি পাননি।

আরও পড়ুন: সালমান-মাধুরীর সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা

গোপন ভোট, রঙিন ব্যালট পেপার, প্রাথমিক ভোটাভুটি এবং পর্দার আড়ালে সমঝোতার প্রচেষ্টা। এর সঙ্গে রয়েছে বিশ্বের পাঁচ ক্ষমতাধর দেশের ভেটো দেওয়ার ক্ষমতা। এসব প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে নির্বাচন প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যা নির্ধারণ করবে বিশ্বসংস্থাটির সর্বোচ্চ প্রশাসনিক পদে কে বসবেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। এর আগে নতুন মহাসচিব নির্বাচনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দফায় দফায় প্রাথমিক ভোটাভুটি পরিচালনা করছে।

মহাসচিব হওয়ার জন্য বর্তমানে আটজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ অন্তর্ভুক্ত আছেন।

নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হবে কোনো প্রার্থীকে। পাশাপাশি পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটো পাওয়া চলবে না। এরপর নিরাপত্তা পরিষদের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হলে নতুন মহাসচিবের নিয়োগ চূড়ান্ত হবে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয়, এবারের প্রতিযোগিতায় কারা রয়েছেন এবং ভোটাভুটিতে কী পরিস্থিতি তৈরি হয়েছে—এসব বিষয় তুলে ধরেছে আলজাজিরা।

মহাসচিব নির্বাচন করেন কারা

মহাসচিব নির্বাচনের সিদ্ধান্ত কার্যত জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই নেয়। এই পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। প্রতিটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে।

এ ছাড়া পরিষদে ১০টি অস্থায়ী সদস্যদেশ রয়েছে। বর্তমানে এসব দেশ হলো বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া। অস্থায়ী সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন এবং নির্দিষ্ট সময় পরপর সদস্যপদ পরিবর্তন হয়।

জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীকে মহাসচিব হিসেবে মনোনীত করে সাধারণ পরিষদে সুপারিশ পাঠায়। এরপর সাধারণ পরিষদের সব সদস্যদেশের ভোটে সেই সুপারিশ অনুমোদিত হয়।

এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সুপারিশ করা কোনো প্রার্থীকে সাধারণ পরিষদ প্রত্যাখ্যান করেনি। অর্থাৎ তাত্ত্বিকভাবে সব সদস্যদেশের মতামত দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে যায়নি সাধারণ পরিষদ।

এ কারণে মহাসচিব নির্বাচনে পাঁচ স্থায়ী সদস্যের প্রভাব সবচেয়ে বেশি। প্রার্থীর জন্য অস্থায়ী সদস্যদের সমর্থন নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী সদস্যদের কারও ভেটো না পাওয়াও বাধ্যতামূলক।

১৯৫০ সালে একবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। নিরাপত্তা পরিষদে মতবিরোধের কারণে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদ পরিষদের সুপারিশ ছাড়াই তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদ প্রথমে অনানুষ্ঠানিক ও গোপন ভোটাভুটির আয়োজন করে। এই ভোটাভুটিকে বলা হয় ‘স্ট্র পোল’ বা প্রাথমিক ভোট। এতে সদস্যদেশগুলো প্রতিটি প্রার্থীর বিষয়ে তিন ধরনের মতামত জানায়—সমর্থন, বিরোধিতা অথবা কোনো মতামত নেই।

ভোট গোপন রাখার কথা থাকলেও প্রায়ই কোন প্রার্থী কতটি সমর্থন, বিরোধিতা কিংবা নিরপেক্ষ ভোট পেয়েছেন, সেই তথ্য ফাঁস হয়ে যায়।

পরবর্তী ধাপের ভোটাভুটিতে রঙিন কাগজের ব্যালট ব্যবহার করা হয়। এর মাধ্যমে পাঁচ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্যের ভোট আলাদা করে চিহ্নিত করা যায়। ফলে কোন প্রার্থীর প্রতি কোন সদস্যদেশের অবস্থান কী, তা আরো স্পষ্ট হয়।

প্রাথমিক ভোটে কোনো প্রার্থী অন্তত নয়টি সমর্থনসূচক ভোট পেলে এবং পাঁচ স্থায়ী সদস্যের কারো বিরোধিতা বা ভেটো না থাকলে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের জন্য ভোটাভুটি হয়। এরপর নিরাপত্তা পরিষদ ওই প্রার্থীর নাম সাধারণ পরিষদে পাঠায়। সাধারণ পরিষদে তা অনুমোদিত হওয়ার কথা।

যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন কিননমন্ট বলেন, ঐতিহ্যগতভাবে মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ছিল ‘বদ্ধ ও গোপনীয়’। তবে নাগরিক সমাজের সংগঠন এবং সদস্যদেশগুলোর প্রচারণার কারণে প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা উন্মুক্ত হয়েছে।

আলজাজিরাকে তিনি বলেন, ‘তবে নিরাপত্তা পরিষদ এখনো তাদের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখে। অনেক দেশের কাছে এই রাজনৈতিক সংস্কৃতি পুরোনো ও অচল বলে মনে হয়।’

কিননমন্টের মতে, ভোটের গোপনীয়তা বজায় রাখার পেছনে একটি যুক্তি হলো, কোনো দেশ একজন প্রার্থীকে ভোট দিলেও শেষ পর্যন্ত অন্য কেউ মহাসচিব নির্বাচিত হতে পারেন। সে ক্ষেত্রে নির্বাচিত প্রার্থী তার বিরুদ্ধে ভোট দেওয়া দেশটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন।

আলজাজিরার জাতিসংঘবিষয়ক প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, নির্বাচনপ্রক্রিয়াটি যেভাবে তৈরি করা হয়েছে, গোপনীয়তার বিষয়টি মূলত তারই অংশ।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, এমনকি চলতি বছরেও নিরাপত্তা পরিষদে নির্বাচনপ্রক্রিয়া আরো স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু পাঁচ স্থায়ী সদস্য বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চায়।

এবারের আট প্রার্থী কারা

প্রাথমিক প্রতিযোগিতায় কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে আটজন মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। অন্যদিকে গ্রিনস্প্যান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান।

গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির উদ্যোগ বা ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়েছিল। এর বড় একটি অংশ গিয়েছিল উন্নয়নশীল দেশগুলোতে।

অন্যদিকে ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রোসি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে জাতিসংঘের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার বিভিন্ন প্রতিবেদন ও সমালোচনা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে ইরান তার সমালোচনা করেছে। তেহরানের অভিযোগ, গ্রোসির কিছু প্রতিবেদনকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েছে।

অন্য ছয় প্রার্থী হলেন— জাতিসংঘের সাবেক সাধারণ পরিষদ সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গারসেস (ইকুয়েডর), সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লানা জাকি নুসেইবেহ, তুরস্কের ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার প্রধান ফেরিদুন হাদি সিনিরলিওগলু, গায়ানার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, ইকুয়েডরের রাজনীতিক ইভোনে এ-বাকি, উগান্ডার রাজনীতিক ওলারা ওতুনু।

এখন পর্যন্ত ভোটাভুটিতে এগিয়ে গ্রিনস্প্যান।

২০২৬ সালে এ পর্যন্ত আট দফা প্রাথমিক ভোটাভুটি হয়েছে। তবে কোনো প্রার্থীই এখন পর্যন্ত এমন অবস্থানে পৌঁছাতে পারেননি, যার বিরুদ্ধে কোনো সদস্যদেশ বিরোধিতার ভোট দেয়নি।

গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে স্বচ্ছ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দাবিতে কাজ করছে ‘ওয়ান ফর এইট বিলিয়ন’ নামের একটি প্রচারাভিযান। বিশ্বের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই উদ্যোগকে সমর্থন করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অষ্টম দফার ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন গ্রিনস্প্যান।

গত সপ্তাহের ভোটে তিনি ১২টি সমর্থনসূচক ভোট, তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রোসি পেয়েছেন ৯টি সমর্থন, ৪টি বিরোধিতা এবং ২টি নিরপেক্ষ ভোট। এরপর রয়েছেন বার্কেট। তার পক্ষে পড়েছে ৮টি সমর্থন, ৫টি বিরোধিতা ও ২টি নিরপেক্ষ ভোট।

তবে পাঁচ স্থায়ী সদস্য কীভাবে ভোট দিয়েছেন কিংবা তাদের কেউ ভেটো প্রয়োগ করেছেন কি না, তা স্পষ্ট নয়। মহাসচিব হিসেবে মনোনয়ন পেতে হলে পাঁচ স্থায়ী সদস্যের কারো কাছ থেকে বিরোধিতার ভোট পাওয়া যাবে না।

জেন কিননমন্টের মতে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ বাড়ছে। তাদের ভেটোর কারণে অনেক সময় নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়ে।

তিনি বলেন, ‘মহাসচিব নিয়োগের বিষয়টি কোনো একটি সংঘাতের মতো নয়। তবে শেষ পর্যন্ত এই ব্যক্তিরই জাতিসংঘ সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষক এবং বিশ্বের মানুষের মুখপাত্র হওয়ার কথা। কারণ, এই সনদ তাদের নামেই রচিত হয়েছে।’

কিননমন্টের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমনকি বিশ্বের অধিকাংশ দেশ কোনো প্রার্থীকে সমর্থন করলেও একটি দেশ কীভাবে তাকে আটকে দেওয়ার ক্ষমতা পেতে পারে?

নির্বাচনপ্রক্রিয়ায় সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো বলেন, এ ব্যবস্থা সংস্কারের আলোচনা থাকলেও এর জন্য পাঁচ স্থায়ী সদস্যকে নিজেদের কিছু ক্ষমতা ছাড়তে হবে।

তিনি বলেন, ‘তাদের কেউই ক্ষমতা ছাড়তে চায় না। কারণ, জাতিসংঘের সদস্যদেশ ১৯৩টি হলেও পরবর্তী মহাসচিব কে হবেন, তা নির্বাচনের ক্ষেত্রে মূল ক্ষমতা এই পাঁচ স্থায়ী সদস্যের হাতেই।’

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কী হবে

নির্ধারিত সময়ের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী ঘটবে, তা স্পষ্ট নয়। জাতিসংঘ সনদে বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে উত্তরসূরি নির্বাচিত না হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা নেই।

এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। তারা চাইলে নতুন মহাসচিবকে স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়ার সুপারিশ করতে পারে। আবার সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থীকে বেছে নিতে পারে। ১৯৯৬ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে কফি আনানকে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সমঝোতা হয়েছিল।

নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতিসংঘের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা সাময়িকভাবে সংস্থাটির কার্যক্রম পরিচালনার দায়িত্বও পেতে পারেন।

এ বিষয়ে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রশ্ন করা হয়েছিল, নতুন মহাসচিব নির্বাচিত না হলে তিনি দায়িত্বে থাকবেন কি না। আলজাজিরার প্রতিনিধি এলিজোন্দো জানান, গুতেরেস এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।

এলিজোন্দোর ভাষ্য অনুযায়ী, গুতেরেস বলেছেন, আগামী ১ জানুয়ারি তিনি পর্তুগালে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আশা করছেন এবং সেটিই প্রত্যাশা করছেন। কিন্তু নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা কেউ জানেন না। কারণ, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।

জেন কিননমন্টের মতে, নির্বাচনপ্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও গণতান্ত্রিক করার একটি উপায় হতে পারে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দুই বা তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করা। এরপর সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর ভোটে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করা মহানবীর শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করা মহানবীর শিক্ষা

মুমিন শুধুমাত্র নিজের ভালো কাজের মাধ্যমে সন্তুষ্ট থাকেন না; বরং তিনি অন্যদেরও ভালো কাজের প্রতি উৎসাহিত করেন। তিনি চান, তার চারপাশের মানুষও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হোক। কারণ ইসলামের নেক কাজের প্রতিযোগিতায় নিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদেরও সেই পথে এগিয়ে যেতে সহায়তা করা প্রয়োজন।

একজন মানুষকে সৎপথের সন্ধান দেওয়া কিংবা একটি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা সত্যিই একটি মহান সওয়াবের কাজ। মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান করে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব লাভ করবে। এতে অনুসরণকারীদের সওয়াবের কোনো কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর সেই পথের অনুসারীদের সমপরিমাণ পাপের বোঝা বর্তাবে। এতে অনুসরণকারীদের পাপও একটুও কমবে না।” (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৬০৯)

আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) নিজেও কথা ও কাজের মাধ্যমে মানুষকে উত্তম চরিত্র ও মহৎ কর্মের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাআলা উচ্চ ও মহৎ গুণাবলি পছন্দ করেন এবং নিকৃষ্ট ও হীন কাজ অপছন্দ করেন।” (তাবরানি, হাদিস : ২৮৯৪)

পবিত্র কোরআনে মহান আল্লাহ নবী-রাসুলের অনুসারীদের এ দায়িত্বের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, “বলুন, এটাই আমার পথ। আমি এবং আমার অনুসারীরা জেনে-বুঝে আল্লাহর দিকে আহ্বান করি।” (সুরা : ইউসুফ, আয়াত : ১০৮)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সাহাবায়ে কেরামের মর্যাদা তুলে ধরে বলেন, তাঁরা এ উম্মতের সর্বোত্তম মানুষ। তাঁদের অন্তর ছিল নির্মল, জ্ঞান ছিল গভীর এবং তাঁরা ছিলেন অনাড়ম্বর ও লোকদেখানো মনোভাব থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাঁদের তাঁর নবীর সাহচর্য ও দ্বীনের খেদমতের জন্য মনোনীত করেছিলেন। তাই তাঁদের চরিত্র, অভ্যাস ও জীবনপদ্ধতি অনুসরণ করা উচিত। কেননা তাঁরাই ছিলেন সরল পথের অনুসারী।

অন্যদিকে, কালবি ও ইবনে যায়েদসহ কয়েকজন মুফাসসিরের ব্যাখ্যায় এ আয়াত থেকে বোঝা যায়, যারা রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণের দাবি করে, তাদের দায়িত্ব হলো তাঁর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পবিত্র কোরআনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। (তাফসিরে বাগাভি; আল-ইসফাহানি, আল-হুজ্জাহ ফি বায়ানিল মাহাজ্জাহ, পৃষ্ঠা : ৪৯৮)

তাহলে আসুন, আমরা নিজেদের ভালো কাজের পাশাপাশি অন্যদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করি। নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে অন্যের কল্যাণের পথও সুগম করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, আজ বিকেলে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, আজ বিকেলে জরুরি বৈঠক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের চলমান আন্দোলন কর্মসূচি নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিল করা হয়নি, তবে আপাতত এর জন্য কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জোটটি।

গতকাল শনিবার, নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এদিকে, আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় হামিদুর রহমান আযাদ বলেন, সিলেটের লংমার্চ স্থগিত হয়েছে, নাকি নতুন কর্মসূচি আসছে—এ নিয়ে প্রশ্ন উঠছে। ৬ আগস্ট আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে চারটি বিভাগীয় শহরমুখী লংমার্চের কথা জানানো হয়েছিল। এগুলো হলো ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া এবং ঢাকা থেকে সিলেট।

তিনি জানান, সিলেট অভিমুখী সড়কপথের অবস্থা বেশ খারাপ হওয়ায় লংমার্চের উপযোগী পরিবহনের ব্যবস্থা করা কঠিন ছিল। এ কারণে ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চটি ট্রেনে করার পরিকল্পনা করা হয়। এসব ছিল প্রাথমিক ঘোষণা এবং সে অনুযায়ী তারিখও ঘোষণা করা হয়েছিল।

আযাদ বলেন, পরে প্রস্তুতি নিতে গিয়ে কর্মসূচিগুলো সংশোধন করা হয় এবং তারিখও পুনর্বিন্যাস করা হয়। সর্বশেষ ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই সিলেটের পূর্বঘোষিত ২১ নভেম্বরের লংমার্চ হবে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। তিনি জানান, এরপর আর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়নি। খুলনা ও কুষ্টিয়ার লংমার্চ শেষে শীর্ষপর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ পর্যন্ত বাস্তবায়িত কর্মসূচির মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করা হবে।

ওই বৈঠক এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, খুব শিগগির নেতারা বৈঠকে বসবেন। এর মধ্যে আগের কর্মসূচি বহাল থাকবে। নতুন কর্মসূচি আবার ঢেলে সাজানো হবে এবং আন্দোলনের কৌশলের বিষয়টি সেখানে গুরুত্ব পাবে। সব বিষয় শীর্ষ বৈঠকেই নির্ধারিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না—এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১

নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’, যা ১৯৭৭ সালে যাত্রা শুরু করেছিল, বর্তমানে একটি নতুন মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। এটি পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে, যা মানুষের তৈরি প্রথম মহাকাশযান হিসেবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আগামী ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে এই মাইলফলক অর্জিত হতে পারে। এর মানে হলো, ভয়েজার ১ থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে তখন প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে।

এটি উল্লেখযোগ্য যে, আলো প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৮৬ হাজার মাইল বেগে চলে। এই গতিতে ২৪ ঘণ্টায় আলো যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে এক আলোক-দিন বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, ভয়েজার ১ বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই বিশাল দূরত্বে পৌঁছাতে মহাকাশযানটির প্রায় ৪৯ বছর সময় লেগেছে।

দূরত্বের বিশালতা বোঝাতে নাসা জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় ৪ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে। কিন্তু ভয়েজার ১ থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে পুরো ২৪ ঘণ্টা লাগবে।

বর্তমানে ভয়েজার ১ ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার গতিতে চলমান। এত দূরে থেকেও মহাকাশযানটি পৃথিবীতে তথ্য পাঠাতে সক্ষম হচ্ছে।

১৯৭৭ সালে ‘ভয়েজার ২’ নামের আরেকটি মহাকাশযানও উৎক্ষেপণ করা হয়েছিল। ভিন্ন পথে যাত্রা করে এটি ইউরেনাস ও নেপচুন গ্রহ পরিদর্শন সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে, ভয়েজার ২ ২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছাবে।

২০১২ সালে ভয়েজার ১ সৌরজগতের হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। বর্তমানে এটি গ্লিস ৪৪৫ নামের একটি নক্ষত্রের দিকে অগ্রসর হচ্ছে। নক্ষত্রটির নিকটবর্তী পৌঁছাতে মহাকাশযানটির আরো প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%