০৩:২৫ পি.এম
ভৈরবে আটক হওয়ার পর নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
এই ঘটনা ঘটে শনিবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি গ্রামে।
এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা ও এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটক করার পর তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থান সম্পর্কে জানতে পেরে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। সেখানে ছাত্রলীগ নেতা তারেক বিন ফয়েজকে আটক করার পর কিছুক্ষণ ফোনে কথা বলতে দেখা যায় তাকে। ফোনের কথোপকথনের এক পর্যায়ে ফয়েজকে ছেড়ে দিতে দেখা যায়।
এই ঘটনায় আটক হওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প গলফ কোর্স সংস্কারে বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, "আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম, তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তার নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন