০৩:২১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় সংস্কারের চিন্তা শুরু হয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে। তিনি যেন গোটা ওয়াশিংটনকে নিজের মতো করে সাজাতে চান। হোয়াইট হাউসের বিভিন্ন সংস্কারের পাশাপাশি তিনি কেনেডি সেন্টার, গলফ কোর্স সংস্কার, বিজয় তোরণ নির্মাণসহ নানা অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল প্রকল্পে হাত দিয়েছেন। অনেক প্রকল্প আদালতের দ্বারা আটকে দেওয়া হয়েছে।
ট্রাম্প ইস্ট পোটোম্যাক পার্ক পাবলিক গলফ কোর্সটিকে একটি চ্যাম্পিয়ানশিপ-মানের কোর্সে রূপান্তরিত করতে চান। কিন্তু আদালত তার এই পরিকল্পনা আটকে রেখেছে। এখন তিনি বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসির ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ের ফলে পোটোম্যাক নদী ও অন্যান্য জলপথের আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যার মধ্যে রয়েছে 'ইস্ট পোটোম্যাক পার্ক' পাবলিক গলফ কোর্সও।
শনিবার ট্রাম্প পার্কের প্লাবিত অংশের ছবি পোস্ট করে প্রকল্পটি শুরুর অনুমতি দেওয়ার জন্য মামলার তত্ত্বাবধানকারী ফেডারেল বিচারককে আবারও চাপ দিয়েছেন। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা বোর্ডের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার আগে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন করিয়ে নিতে চান ট্রাম্প। এজন্য স্থানীয় পরিকল্পনা কমিশন আগামী ৩১ ডিসেম্বর একটি বিশেষ বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়া কিভাবে গড়ে তুলেছে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী
একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, 'কৃত্রিম এই দ্বীপটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে পোটোম্যাক নদীর তীরের আগে থেকেই ক্ষয় হতে থাকা সমুদ্র প্রাচীর এবং এই প্রাচীর ঘেঁষে যাওয়া রাস্তাটিও ধসে পড়েছে। জোয়ারের পানিতে প্রায় সবকিছু তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।' তিনি আরও বলেন, 'ঈশ্বর নিশ্চয়ই সেই বিচারকের সাথে আমাদের সমস্যাগুলো দেখছিলেন, যিনি একটি চমৎকার গলফ কোর্স নির্মাণ বন্ধ করতে রাজনৈতিকভাবে সম্ভব সবকিছুই করেছেন। অতএব, এটি ছিল এক দৈব ঘটনা!' ছবিগুলো কখন তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। তবে শনিবার সকালে সিএনএন গলফ কোর্সটিতে সামান্য জলাবদ্ধতা দেখতে পেয়েছে, এমনকি কিছু গলফারকে ভেজা জায়গাগুলোর মধ্য দিয়েই খেলতে দেখা গেছে।
গলফ কোর্সটির উন্নয়ন কাজের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন পার্কের পাশের সমুদ্রপ্রাচীরগুলো মেরামত করার পরিকল্পনা করছে, কারণ এলাকাটি বন্যাপ্রবণ। ১৯ শতকের শেষের দিকে 'ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স' নদীর তলদেশ ও অন্যান্য এলাকা থেকে মাটি এনে 'হেইন্স পয়েন্ট' নামে পরিচিত এই দ্বীপটি নির্মাণ করেছিল। এরপর থেকেই এটি ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে। ২০২৩ সালে 'ন্যাশনাল পার্ক সার্ভিস'-এর এক জরিপে দেখা গেছে, দ্বীপটির হাঁটার পথটি গড় উচ্চ জোয়ারের চেয়ে মাত্র এক ফুট ওপরে অবস্থিত এবং ১৯৫০-এর দশকে যেখানে এটি বছরে প্রায় ছয়বার বন্যার পানিতে তলিয়ে যেত, সেখানে এখন বছরে ত্রিশবারেরও বেশি প্লাবিত হয়। সমুদ্রপ্রাচীরগুলো পুনর্নির্মাণের বিষয়ে উভয় দলের সমর্থন রয়েছে, তবে প্রকল্পটির বিরোধীরা যুক্তি দেন যে ট্রাম্প ওয়াশিংটন ডিসির আরেকটি ঐতিহাসিক স্থাপনায় নিজের নাম জুড়ে দেওয়ার জন্য এই বিষয়টি এবং নিরাপত্তার উদ্বেগকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন।
গলফ কোর্সসহ ট্রাম্পের বিভিন্ন ডিসি প্রকল্পের বিরুদ্ধে প্রশাসনের সাথে আইনি লড়াইয়ে যুক্ত আইনজীবী নর্ম আইজেন সিএনএন-কে বলেন, ট্রাম্প বন্যার বিষয়টি নিয়ে নিছক অজুহাত দাঁড় করাচ্ছেন। আইজেন বলেন, 'সমুদ্রপ্রাচীরসহ এখানে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে; এ বিষয়ে সবাই একমত। তবে তা অবশ্যই আইনগত ও সঠিক উপায়ে হতে হবে। এটি অত্যন্ত নিন্দনীয় যে ট্রাম্প তার আরেকটি বিশালাকার এবং অপ্রয়োজনীয় আত্মপ্রচারমূলক প্রকল্প নির্মাণের অজুহাত হিসেবে এই পরিস্থিতিকে ব্যবহার করেছেন।'
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়ায়, গলফ কোর্সটি পুনর্নির্মাণে প্রেসিডেন্টের বহু মিলিয়ন ডলারের এই প্রচেষ্টার ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে ১২ সদস্যের 'ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন'-এর আটজন সদস্যই ট্রাম্প প্রশাসনের সমর্থক। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা দুজন নতুন সদস্য নিয়োগের সুযোগ পাবেন, যার ফলে বোর্ডটিতে ৬-৬ সমান রাজনৈতিক ভারসাম্য তৈরি হবে।
আরও পড়ুন: ভৈরবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
পরিকল্পনাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, কমিশন আগামী ৩১ ডিসেম্বর একটি বিশেষ বৈঠক করবে, যেখানে ট্রাম্পের অন্যান্য নির্মাণ প্রকল্পের পাশাপাশি এই গলফ কোর্সটির চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ইতিমধ্যেই হোয়াইট হাউসের ইস্ট উইং বলরুম এবং ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণ পরিকল্পনা অনুমোদন করেছে।
সম্পত্তিটির বড় ধরনের সংস্কারের যৌক্তিকতা হিসেবে ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে বলে আসছে যে কোর্সটি গলফারদের জন্য অনিরাপদ তবে এখন পর্যন্ত মার্কিন জেলা বিচারক আনা সি. রেয়েস এতে আশ্বস্ত হননি। চলতি মাসের শুরুর দিকে তিনি ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রশাসনকে গলফ কোর্সটি বন্ধ করা এবং সেখানে যেকোনো ধরনের কাজ করা থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেন। রেয়েস আগামী ৮ ডিসেম্বর একটি শুনানির দিন ধার্য করেছেন, যেখানে ন্যাশনাল পার্ক সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক জেসিকা বোরনকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ট্রাম্প বিচারক রেয়েসকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে নিজের পোস্টে দাবি করেন, 'কোর্সটি এখন বিপজ্জনক এবং ব্যবহারের অযোগ্য।' ট্রাম্প বলেন, 'এমন একটি হাস্যকর এবং তুচ্ছ মামলার জন্য আপিল আদালতে যেতে হলে তা হবে অত্যন্ত লজ্জাজনক।'
কর্মকর্তাদের মতে, গত সেপ্টেম্বরে আরেকটি ঝড়ের পর পানির ক্ষতির কারণে কেনেডি সেন্টারের ছাদের একাংশ ধসে পড়লে, সেটির সংস্কার পরিকল্পনার পক্ষেও তার প্রশাসন একই ধরনের কৌশলগত যুক্তি দেখানোর চেষ্টা করেছিল। সূত্র : সিএনএন
আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন