প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নভেম্বর মাসের নীল আকাশের নিচে দেশের উত্তর প্রান্ত থেকে দেখা যায় হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছরই অসংখ্য দর্শনার্থী পঞ্চগড়ের উত্তরে এসে এই অপরূপ দৃশ্য উপভোগ করেন। অনেকে আবার ভারতের দার্জিলিংয়ে পাড়ি জমান। এবার সেই মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
গত শনিবার সকালে সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। রৌদ্রোজ্জ্বল আবহে তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি পাহাড়ের ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। দূরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার তুষারঢাকা চূড়া।
কখনো সানগ্লাস পরে পাহাড়ের দিকে তাকিয়ে, কখনো মাথা উঁচু করে নীল আকাশের দিকে চেয়ে রয়েছেন অভিনেত্রী। আবার হাতে কফির কাপ নিয়েও ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। ছবিতে তার পরনে ছিল সাদা-কালো ডোরাকাটা পোশাক।
তবে জয়া কোথায় এই সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন, তা স্পষ্ট করে জানাননি। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, ভারতের দার্জিলিং থেকেই তোলা হয়েছে এসব ছবি।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন..।’ তিনি অঞ্জন দত্তের গান ‘কাঞ্চন—একটু ভালো করে বাঁচবো বলে’ যুক্ত করেছেন।
জয়ার এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। প্রকৃতির মাঝে অভিনেত্রীর এমন প্রাণবন্ত উপস্থিতি সবার নজর কেড়েছে। পোস্টটিতে ইতোমধ্যে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
অবসরের পাশাপাশি কাজেও ব্যস্ত জয়া
ঘুরে বেড়ানোর পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সাম্প্রতিক সময়ে ওপার বাংলার টালিগঞ্জে তার ব্যস্ততা বেড়েছে।
শোনা যাচ্ছে, এবার একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। নির্মাতা অর্জুন দত্তের পরিচালনায় সিনেমাটির নাম ‘আরএসভিপি মার্ডার’। রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি এতে গুরুত্ব পাবে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে জমে থাকা নানা অপ্রকাশিত সত্য।
এর আগে জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে। নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন