১১:০২ পি.এম
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, ঘনবসতি দ্রুত গতিতে বাড়ছে। তাই এখনই সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। রোববার (১২ জুলাই) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে তাদের হলরুমে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিলো ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এবং ছেলে হোক, মেয়ে হোক, দু'টি সন্তানই যথেষ্ট। জেলা প্রশাসক আরও বলেন, স্বাধীনতার সময় অনুযায়ী আজ অবধি জনসংখ্যা দ্বিগুণ হয়নি এদেশে। এটি একটি ইতিবাচক দিক। আর এজন্য পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা ভালো কাজ করছে। সংসার পরিচালনায় প্রতিদিনের মাথাপিছু খরচের দিকে খেয়াল রাখতে পরিবার পরিকল্পনায় সচেতন হওয়া জরুরি।
সভায় জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, সন্তান মানুষ করতে অনেক কষ্ট হয়। দেখা যায়, একজন রিক্সায়ালা শ্রমিক দিনে ৪/৫শ’ টাকা আয় করেন। তবে তার সংসারে ৪/৫টি সন্তান রয়েছে। এতেই এক সময় তার সংসারে অভাব অনটন দেখা দেয় এবং পরবর্তী সময়ে বেকারত্ব বৃদ্ধি পায়। তাই বাস্তবিক চিন্তা করে সবাইকে নিজ উদ্যোগে পরিবার পরিকল্পনায় সচেতন হতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেছেন, পরিবার পরিকল্পনায় সমাজের ধনাঢ্যরা এগিয়ে থাকলেও নিম্ন আয়ের মানুষ এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ নিয়ে আরও জোরালোভাবে কাজ করতে হবে এবং পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা নিতে হবে। সচেতনতা সমাজে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রাখে।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সদর পরিবার পরিকল্পনা অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর সদরের ইউএনও এসএমএন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সভা শেষে স্বাস্থ্যকর্মীদের নানা ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন