ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার, ২১ অক্টোবর, ২০২৬ : সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জ্বালানি সংকট মোকাবিলা, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা।

আজ কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত একটি বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে সীমিত আকারে কার্যকরী থাকা বায়োগ্যাস কার্যক্রমকে দেশের বিভিন্ন স্থানে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে, সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি বুকলেট তৈরি করা হবে। মাঠ পর্যায়ে বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হবে।

অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করতে দু’জন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজ প্রকৃত চালিকাশক্তি। তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও জানান, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুব উন্নয়ন কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকীকরণ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো সময়োপযোগী খাতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

বায়োগ্যাস উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি সেবা দেশের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার করেছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার করেছে বিদ্রোহীরা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে, শহরের একটি সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা, যা সউদী নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের গোষ্ঠী এডেনের বদর সামরিক শিবিরে সউদী নেতৃত্বাধীন জোটের ‘সামরিক অভিযান পরিচালনাকক্ষ’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হামলার লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছেন ইয়াহিয়া সারি।

এদিকে, আলজাজিরার সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকালে দক্ষিণ ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিতে নারীদের ক্যারিয়ার গঠনে বহুমুখী সুযোগ ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

আরাফাত হোসাইন বাকৃবি প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


কৃষিতে নারীদের ক্যারিয়ার গঠনে বহুমুখী সুযোগ ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
 
 

কৃষিতে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সরকারি-বেসরকারি চাকরি, গবেষণা, শিক্ষকতা ও উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গঠনে স্নাতক পর্যায় থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন বিএইউ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন কর্তৃক (বিএইউএটিএইচ) আয়োজিত এক লাইভ সেশনে। এতে প্রচলিত চাকরির বাইরেও কৃষি ও সংশ্লিষ্ট খাতে নারীদের পেশাগত সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

 
বুধবার (২১ অক্টোবর) 'উইমেন ইন অ্যাগ্রিকালচার: ক্যারিয়ার অপরচুনিটিজ অ্যান্ড বিয়ন্ড, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ক্যারিয়ার পাথওয়েজ’ শীর্ষক সেশনের অভিজ্ঞতা ও সার্থকতা সম্পর্কে আয়োজকেরা জানান, কৃষিতে নারীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ, প্রস্তুতি ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দিতে আয়োজনটি সহায়ক হয়েছে। সরকারি-বেসরকারি চাকরি, উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
 
সেশনে একাডেমিক উৎকর্ষ, চাকরির প্রস্তুতি, উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাসহ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্নাতক পর্যায় থেকেই বিসিএস ও কৃষি ক্যাডারসহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কাজের সুযোগ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান এবং গবেষণাপত্র প্রকাশের মতো বিষয় আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি স্মার্ট কৃষি, এগ্রি-টেক, কৃষিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম এবং প্রচলিত চাকরির বাইরে বিকল্প পেশা গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
 
আয়োজকদের প্রস্তুত করা প্রশ্নমালায় কর্মক্ষেত্রে নারীদের প্রতিবন্ধকতা, পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার পরিকল্পনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
 
বিএইউএটিএইচের প্রশাসনিক দায়িত্বে থাকা মালিহা রহমান বলেন, “প্রশ্নগুলো প্রাসঙ্গিক ছিল। ক্যারিয়ার ও পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমারও অনেক কিছু অজানা ছিল, আপুর কাছ থেকে অনেক কিছু জেনেছি। ওভারঅল ইনফরমেটিভ ছিল। নারীরা মোটিভেটেড হবে। ভালো-খারাপ সবকিছু লাইভ সেশনে বলা হয়েছে। চাকরি, পড়াশোনা, ক্যারিয়ার ও শিক্ষকতা নিয়ে নারীরা এখন থেকেই ফোকাস করতে পারবে। মোটকথা, সাজেশনমূলক একটা সেশন ছিল, যেটা একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীকে সব দিক দিয়ে সাহায্য করবে।”
 
সেশনের সঞ্চালক ফাহমিদা সুলতানা বর্ষা বলেন, “ প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। আমি ঠিকভাবে সবকিছু সামলাতে পারছিলাম না, কিছু সমস্যা হচ্ছিল। তাই আমি মনে করি, ব্যর্থতা নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে উন্নতি করার একটি সুযোগ। অভিজ্ঞতার কথা বলতে গেলে, এটি আমার প্রথমবার ছিল। সত্যি বলতে, যেভাবে আশা করেছিলাম, সেভাবে ভালো হয়নি। তবে এই অভিজ্ঞতা আমাকে বুঝতে সাহায্য করেছে, কোথায় কোথায় আমার উন্নতি করা প্রয়োজন। ইনশা আল্লাহ, এটিকে শেখার অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে আরও ভালো করার চেষ্টা করব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হল ভাড়া নেওয়া যায় কিন্তু পলাতকদের রক্তমাখা অতীত মুছে ফেলা যায় না’: রাষ্ট্রদূত আনসারীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


‘হল ভাড়া নেওয়া যায় কিন্তু পলাতকদের রক্তমাখা অতীত মুছে ফেলা যায় না’: রাষ্ট্রদূত আনসারীর বক্তব্য

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

আজ বুধবার (২১ অক্টোবর) তিনি নিজের ফেসবুকে একটি পোস্টে প্রশ্ন তুলেছেন, "একটি কনফারেন্স করেই কি মুছে ফেলা যায় রক্তমাখা অতীত?" তিনি আরও উল্লেখ করেন, "পলাতকদের রক্তমাখা অতীত মুছে ফেলা যাবে না।"

পাঠকদের জন্য নিচে মুশফিকুল ফজল আনসারীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

আজ ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের এক সিনিয়র আমেরিকান সাংবাদিক জানালেন, গতকাল প্রেস ক্লাবের ১৩ তলায় ভাড়া করা একটি কক্ষে অনুষ্ঠান চলতে দেখে তিনি ঢুকে পড়েছিলেন, আমার কোনো অনুষ্ঠান ভেবে। পরে তিনি দেখতে পান, সেটি বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অনলাইন অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু পরিষদ’-এর আয়োজনে তার পুত্র জয়ের একটি অনুষ্ঠান।

এই অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কিছু উৎসাহীকে বগল বাজাতে দেখে তিনি ভাবেন, যে প্রেস ক্লাবে তারা কোনো অনুষ্ঠান করলেই ‘ষড়যন্ত্র’ তকমা দিয়ে দলীয় কর্মীবাহিনী আর দূতাবাসের কর্মকর্তাদের লেলিয়ে দেওয়া হতো, সেই প্রেস ক্লাবের ভাড়া করা কক্ষই এখন তাদের আশ্রয়!

প্রেস ক্লাবে কক্ষ ভাড়া করে অনুষ্ঠান করা যায়, তবে তাতে প্রেস ক্লাবের সমর্থন বা ওয়াশিংটনের স্বীকৃতি ভাড়া পাওয়া যায় না। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের বেশির ভাগ অনুষ্ঠান সদস্যদের জন্য নির্ধারিত কমপ্লিমেন্টারি কক্ষে—ম্যাকক্লেন্ডার বা কসগ্রোভ লাউঞ্জে অনুষ্ঠিত হত। প্রাইভেট ইভেন্ট হলে তারা জানতে পারত না। কিন্তু পাবলিক হলেই দল বেঁধে হাজির হতো। দূতাবাসের অতিউৎসাহী কর্মকর্তারা এসে ছবি তুলতেন। কারা এসেছেন, কারা কথা বলেছেন, এসব নথিবদ্ধ করাও যেন তাদের কূটনৈতিক দায়িত্বের অংশ ছিল! তাদের কেউ কেউ এখনো বহাল তবিয়তে।

একবার উইলসন সেন্টারে আয়োজিত প্রফেসর আলী রীয়াজের একটি বইয়ের আলোচনা অনুষ্ঠানে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের তৎকালীন উপমিশনপ্রধান মাহবুব সালেহর নেতৃত্বে যুবলীগের একদল লোক জোর করে ঢুকে পড়ে। মাহবুব আলী রীয়াজকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তৃতা দিতে শুরু করেন এবং টেবিল চাপড়ান। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের ডাকতে হয়। যাওয়ার সময় বাইরে রাখা কয়েকটি বইও চুরি করে নিয়ে যায় সঙ্গে আসা ওয়াশিংটন যুবলীগের নেতারা।

এখন কোনো চেঁচামেচি বা দূতাবাসের চোখরাঙানি ছাড়াই সেই গুম-খুনের হোতারা সাফাই গাইতে শুরু করেছেন। আর সবাই এখন ‘নিরপেক্ষ’! কার কখন বিবেক জাগে, আর কখন নিরপেক্ষতার প্রয়োজন পড়ে, সেই হিসাবও কম চমকপ্রদ নয়।

পলাতকদের অবশ্য মাত্র শুরু। ওয়াশিংটনে টাকা ছিটালে মুড়িমুড়কির মতো লবিস্ট ফার্ম পাওয়া যায়। লুটপাটের টাকা থাকলে খরচ করতেও অসুবিধা হওয়ার কথা নয়। তবে যোগাযোগ (Connection) আর বিশ্বাসযোগ্যতা (Credibility) টাকা দিয়ে কেনা যায় না। সেগুলো অর্জন করতে হয়। এই বেল্টওয়েতে তা তারা তিলে তিলে গড়ে তুলেছে। তাদের অভিজ্ঞতা ও যোগাযোগ এখন কাজে লাগানোর সুযোগ অবারিত না হলেও, অর্জনের ক্ষয় নেই। সরকারের চারপাশে এখন অবশ্য দুধের মাছির সংখ্যাও নেহাত কম নয়।

ওয়াশিংটন প্রেস ক্লাবে ভুঁইফোড় অনুষ্ঠান আয়োজনকারীদের বিগত দিনের অপশাসন, হত্যা, গুম-খুনের মুখোশ উন্মোচনে অন্তত টানা ১৫ বছর কসরত করতে হয়েছে। শতাধিক প্রাইভেট-পাবলিক ইভেন্ট, পরিস্থিতি বিশ্লেষণমূলক অধিবেশন, ওয়েবিনার, গোলটেবিল আর প্যানেল আলোচনা অনুষ্ঠানের আয়োজন ছাড়াও দিনের পর দিন দরজায় কড়া নাড়তে হয়েছে, সঠিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে আস্থা অর্জন করতে হয়েছে। আজকের এই অবস্থান কোনো ভাড়া করা কক্ষের এক বিকেলের ফসল নয়।

বারুদের গন্ধ আর রক্তমাখা অতীত নিয়ে একটি কনফারেন্স করেই যারা সব পাল্টে দেওয়ার স্বপ্নে বিভোর, তাদের বলি, হল ভাড়া নেওয়া যায়, কিন্তু অতীত মুছে ফেলা যায় না।

এত সোজা না রে! আপাতত হযরত নিজামুদ্দীন আউলিয়ার ভাষায়, ‌‘হনুজ দিল্লি দূর-অস্ত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা করা যাবে না: এমপি তাহসিনা রুশদীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা করা যাবে না: এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর মন্তব্য করেছেন যে, ইমামরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের বক্তব্য ও পরামর্শ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য ইমামদের এগিয়ে আসতে হবে। মসজিদে ইসলামী আলোচনা হবে, তবে মসজিদে রাজনীতি আলোচনা করা উচিত নয়।

আজ বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি বিশ্বনাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকটি মারামারির ঘটনা ঘটেছে। তিনি বলেন, "মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়া যাবে না।" তিনি আরও বলেন, যদি মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়ার চেষ্টা করা হয়, তাহলে তাদের প্রতিহত করার চেষ্টা করতে হবে। এতে ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক অবস্থানে থাকতে হবে। এমপি ইমাম-মুয়াজ্জিনদের আহবান জানান যে, যদি কেউ জোরপূর্বক মসজিদের মাইকে মারামারির ঘোষণা দিতে চায়, তাহলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ প্রসঙ্গে এমপি জানান, দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ও বার্ধক্যজনিত অক্ষমতার কারণে আর্থিক সংকটে পড়া ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সহযোগিতার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, "এ ধরনের উদ্যোগ ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এমপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে পাইলট কর্মসূচি হিসেবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, বিশ^নাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউল হক আনছারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%